সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা: ভারতীয় ক্রিকেট ইতিহাসে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মানেই সাহসী চ্যাপ্টার। যে অধ্যায়ে ছিল আগ্রাসন, আত্মবিশ্বাস আর বিদেশের মাটিতে চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা। অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে নতুন পরিচয় দিয়েছিলেন তিনি। সেই সৌরভই এবার কোচের ভূমিকায়। আর প্রথম সুযোগেই বুঝিয়ে দিলেন, নেতৃত্ব তাঁর রক্তে, দায়িত্ব যে ভূমিকাতেই আসুক না কেন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ-টোয়েন্টিতে (SA20) প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দলকে তিনি ফাইনালে পৌঁছে দিয়েছেন। এটাই কোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম বড় মঞ্চের পরীক্ষা। ক্রিকেট মহলের একাংশ আগে থেকেই মনে করছিলেন, অধিনায়ক হিসেবে দল গড়তে জানতেন, তিনি কোচ হিসেবেও সফল হবেন। সেই ধারণা যে অমূলক ছিল না, তারই প্রমাণ মিলেছে প্রিটোরিয়ার পারফরম্যান্সে।

টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ও ধারাবাহিক দল সানরাইজার্স ইস্টার্ন কেপকে (Sunrisers Eastern Cape) হারিয়ে ফাইনালে ওঠা নিঃসন্দেহে বড় কৃতিত্ব।
আরও পড়ুন : USA Cricket Suspension, ICC Ban USA |নির্বাসিত আমেরিকা ক্রিকেট: সৌরভ নেত্রভালকরদের ভবিষ্যৎ অন্ধকার?
প্রিটোরিয়া ক্যাপিটালস এখনও পর্যন্ত এসএ-টোয়েন্টির ইতিহাসে ট্রফি জিততে পারেনি। তাই এই ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, ইতিহাস বদলের সুযোগ। আর সেই সুযোগের দোরগোড়ায় দাঁড়িয়ে কোচ সৌরভের নেতৃত্বে দল যেন নতুন আত্মবিশ্বাসে ভরপুর। খেলোয়াড়দের মধ্যে যে বিশ্বাস ও স্বাধীনতা তৈরি হয়েছে, তা দলের পারফরম্যান্সেই স্পষ্ট।প্রিটোরিয়ার কোচিং টিমে সৌরভের সহকারী হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার শন পোলক (Shaun Pollock)। একসময় মাঠে তাঁরা ছিলেন তুমুল প্রতিদ্বন্দ্বী। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ মানেই সৌরভ-পোলকের দ্বৈরথ। সেই দুই তারকাই একসঙ্গে কোচিং ইউনিটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পোলক সৌরভের কোচিং দর্শন ও ব্যক্তিত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন।পোলকের কথায়, ‘আমরা একসঙ্গে আবেগ ভাগ করে নিই। এমন একজন মানুষের সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই আনন্দের, যিনি খেলাটাকে হৃদয় দিয়ে বোঝেন। আমরা দু’জনেই পঞ্চাশের উপরে। তাই আমাদের মূল লক্ষ্য হল খেলোয়াড়দের সাহায্য করা, তাঁদের উপর ভরসা রাখা এবং আত্মবিশ্বাস জোগানো।’ এই বক্তব্যেই স্পষ্ট, সৌরভ কোচ হিসেবে চাপ নয়, বরং আস্থা দেওয়ার পথটাই বেছে নিয়েছেন।
সহকারী কোচ আরও জানান, প্রিটোরিয়ার কোচিং ইউনিট ইচ্ছাকৃত ভাবেই খেলোয়াড়দের অনেক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে। পোলকের ভাষায়, ‘কখনও কখনও আমরা সব কিছু প্লেয়ারদের উপর ছেড়ে দিই। দেখি ওরা কী করে।

এতে ওদের মধ্যে দায়িত্ববোধ বাড়ে। আমাদের কোচিং ইউনিট খুব শক্তিশালী। সবাই নিজের কাজটা জানে। সব ম্যাচই আমরা উপভোগ করেছি।’ এই ‘উপভোগ’-এর দর্শনই সৌরভের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্ব মানেই আবেগ, কিন্তু সেই আবেগের সঙ্গে থাকে স্পষ্ট পরিকল্পনা। অধিনায়ক থাকাকালীন যেমন তিনি তরুণদের উপর ভরসা রেখেছিলেন, যুবরাজ সিং (Yuvraj Singh), বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) বা হরভজন সিং (Harbhajan Singh) -এর মতো ক্রিকেটারদের সাহস জুগিয়েছিলেন তেমনি কোচ হিসেবেও তিনি সেই একই দর্শন অনুসরণ করছেন। প্রিটোরিয়ার তরুণ ক্রিকেটাররাও মাঠে নিজেদের মেলে ধরতে পারছেন অবাধে।
পোলক আরও সাফ জানান, অতীত নিয়ে তাঁরা পড়ে থাকতে চান না । তাঁর কথায়, ‘সবচেয়ে ভাল দিক হল, আমরা ফাইনালে পৌঁছেছি। এখন আমাদের সামনে সুযোগ। সেটাই কাজে লাগাতে চাই।’ এই মানসিকতাই সৌরভের কোচিং স্টাইলের সঙ্গে মানানসই, চোখ আগামী লক্ষ্যেই, পিছনে নয়। ক্রিকেট মহলের মনে করছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচ হিসেবে সাফল্য ভবিষ্যতে আরও বড় দরজা খুলে দিতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতি হিসেবে প্রশাসনিক দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা তো তাঁর রয়েছেই। এবার মাঠের বাইরে থেকেও যে তিনি দলকে অনুপ্রাণিত করতে পারেন, তা প্রিটোরিয়ার সাফল্যেই প্রমাণিত। আবার সমর্থকদের কাছেও এই অধ্যায় বিশেষ আবেগের। কারণ, দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সৌরভকে আবার মাঠের সঙ্গে যুক্ত ভূমিকায় দেখতে চাইছিলেন। কোচ হিসেবে তাঁর এই সাফল্য সেই প্রত্যাশাকেই আরও জোরালো করেছে। প্রিটোরিয়া ক্যাপিটালস যদি শেষ পর্যন্ত ট্রফি জেতে, তবে সেটি শুধু একটি দলের জয় হবে না, কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন ইনিংসেরও স্মরণীয় সূচনা হবে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, কোচ হিসেবে সৌরভ শুধু কৌশলবিদ নন, তিনি একজন প্রেরণাদাতা। শন পোলকের বক্তব্যে যে ছবি ফুটে উঠেছে, তা জানান দেয় ‘মহারাজ’ এখনও জানেন কীভাবে দলকে একসূত্রে বেঁধে রাখতে হয়। আর সেই নেতৃত্বেই আজ প্রিটোরিয়া ক্যাপিটালস ইতিহাস গড়ার একদম সামনে দাঁড়িয়ে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Baghpat Khap Panchayat ban, under 18 smartphone restriction | বাগপতে খাপ পঞ্চায়েতের ফরমান ঘিরে বিতর্ক: নাবালকদের স্মার্টফোন, শর্টস নিষিদ্ধে সমাজে তীব্র মতভেদ




