সংবেদন শীল, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা: ভারতীয় ব্যাডমিন্টনে যে ক’টি নাম চিরকাল আলাদা করে লেখা থাকবে, সাইনা নেহওয়াল (Saina Nehwal) তাঁদের মধ্যে অন্যতম। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া কোর্ট, বদলে যাওয়া প্রজন্ম, বদলে যাওয়া প্রতিযোগিতার মাত্রা, সমস্ত কিছুর মাঝেই এক দশকেরও বেশি সময় ধরে সাইনা ভারতীয় ব্যাডমিন্টনের মুখ হয়ে উঠেছিলেন। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে অবশেষে প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনকে বিদায় জানালেন ‘ব্যাডমিন্টন কুইন’। বিদায়ের মুহূর্তে ফিরে এল একের পর এক স্মৃতি। আবেগে ভিজে উঠল চোখ, আর বারবার ফিরে এল সেই ২০১২ সালের লন্ডন অলিম্পিকের কথা, যে মঞ্চে দাঁড়িয়ে প্রথমবার অলিম্পিক পদক জিতে তিনি ইতিহাস লিখেছিলেন।
২০১২ সালের লন্ডন অলিম্পিক (London Olympics 2012) ভারতীয় ক্রীড়াজগতের কাছে ছিল স্বপ্নপূরণের। সেখানেই ব্রোঞ্জ পদক জিতে দেশের ব্যাডমিন্টন মানচিত্র বদলে দিয়েছিলেন সাইনা নেহওয়াল। তার আগে পর্যন্ত অলিম্পিকে ব্যাডমিন্টন থেকে পদক জেতা ছিল ভারতের কাছে প্রায় অকল্পনীয়। বিশেষ করে চিনের (China) শাটলারদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে জেতার স্বপ্ন খুব কম ভারতীয় খেলোয়াড়ই দেখতেন। সাইনা সেই মানসিক দেওয়াল ভেঙে দিয়েছিলেন। তাঁর সাফল্যের পরই ভারতীয় শাটলারদের চোখে নতুন স্বপ্ন, নতুন আত্মবিশ্বাস ধরা পড়ে। দীর্ঘ কেরিয়ারে সাইনা বারবার প্রমাণ করেছেন, হার না মানাই তাঁর সবচেয়ে বড় শক্তি। ২০১৬ সালের রিও অলিম্পিকে (Rio Olympics 2016) তিনি গুরুতর চোট পান। অনেকেই তখন ধরে নিয়েছিলেন, হয়ত এখানেই শেষ হয়ে যাবে তাঁর পথচলা। কিন্তু সাইনা নেহওয়াল মানেই প্রত্যাবর্তন। ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Championships) ব্রোঞ্জ জিতে তিনি জানান দেন, লড়াই এখনও বাকি। ২০১৮ সালও ছিল সাফল্যে ভরা, কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনা, এশিয়ান গেমসে (Asian Games) ব্রোঞ্জ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে (Asian Championships) আরও একটি ব্রোঞ্জ পদক তাঁর ঝুলিতে আসে। তথাপি, তাঁর কেরিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে বারবার ফিরে আসে ২০১২ অলিম্পিকের সেই ব্রোঞ্জ পদক।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের বিদায় ও স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি সাইনা। তিনি বলেছেন, ‘সুপার সাইনা বনাম সাইনা এই তুলনাগুলো আমি চাই না। এই নামগুলো আমার জীবনের সঙ্গে সবসময় জুড়ে থাকবে। আমি সকলের কাছ থেকে অসম্ভব ভালবাসা পেয়েছি।’ কথা বলতে বলতে চোখ ভিজে আসে তাঁর। এই কথার মধ্যেই ধরা পড়ে একজন ক্রীড়াবিদের দীর্ঘ পথচলার চাপ, প্রত্যাশার বোঝা আর দর্শকদের ভালবাসার গভীরতা। চোটই শেষ পর্যন্ত থামিয়ে দেয় তাঁর পথচলা। দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন সাইনা নেহওয়াল। চিকিৎসকদের মতে, তাঁর হাঁটুর হাড় প্রায় ক্ষয়ে গিয়েছে। সেই অবস্থায় আর উচ্চপর্যায়ের প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন খেলা সম্ভব ছিল না। সাইনার কথায়, ‘শরীর যখন সঙ্গ দেয় না, তখন সকলকেই থামতে হয়। এটাই হয়ত একজন ক্রীড়াবিদের জীবন।’ এই একটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য অনুশীলনের ঘাম, ব্যথা আর না বলা কষ্ট। স্মৃতিচারণ করতে গিয়ে নিজের শুরুর দিনগুলোর কথাও তুলে ধরেন। সাইনা বলেছেন, ‘আমার আগে কোনও ভারতীয় খেলোয়াড়কে ধারাবাহিকভাবে শীর্ষ পর্যায়ে জিততে দেখিনি। আমাদের সামনে কোনও রোল মডেলও ছিল না।’ সেই অভাব থেকেই হয়ত তিনি নিজেই হয়ে উঠেছিলেন প্রজন্মের রোল মডেল। কোচ পি. গোবর্ধন (P. Gopichand), তাঁর গুরু পুল্লেলা গোপীচাঁদ (Pullela Gopichand) এবং মায়ের অবদানের কথা সাইনা কিন্তু স্মরণ করতে ভোলেননি। তাঁদের সমর্থন আর বিশ্বাসই তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে বলে অকপটে স্বীকার করেন সাইনা।
অলিম্পিক পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শোনার অনুভূতি এখনও তাঁকে আবেগে ভাসায়। সাইনা বলেন, ‘ওই অনুভূতি কোনওদিন ভোলার নয়।’ সেই মুহূর্তই তাঁকে বারবার মনে করিয়ে দেয়, কেন এত লড়াই, কেন এত ত্যাগ। এক সাংবাদিকের প্রশ্নে, ভবিষ্যতে ভারত কি অলিম্পিকে ব্যাডমিন্টন থেকে সোনা জিততে পারে? এই প্রশ্নে তিনি আত্মবিশ্বাসী উত্তর দেন। সাইনার কথায়, ‘১০০ শতাংশ সম্ভব।’ তাঁর এই বিশ্বাসই দেখিয়ে দেয়, খেলোয়াড় হিসেবে অবসর নিলেও ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যৎ নিয়ে তিনি কতটা আশাবাদী। অন্যদিকে, বিদায়বেলায় ভক্তদের উদ্দেশ্যে সাইনা নেহওয়ালের মেসেজ ছিল হৃদয়ছোঁয়া। তিনি বলেন, ‘ওঁদের ভালবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আশাকরি অনেক মেয়ে আমাকে দেখে স্বপ্ন দেখতে শিখবে।’ কোর্টে তাঁর উপস্থিতি আর দেখা যাবে না, কিন্তু তাঁর লড়াই, তাঁর আত্মবিশ্বাস আর তাঁর সাফল্যের গল্প ভারতীয় ক্রীড়াজগতকে অনুপ্রাণিত করে যাবে দীর্ঘদিন। সাইনা নেহওয়ালের বিদায় মানে এক অধ্যায়ের শেষ, কিন্তু তাঁর রেখে যাওয়া উত্তরাধিকার নতুন অধ্যায়ের পথ দেখাবে, এই বিশ্বাস নিয়েই ভারতীয় ব্যাডমিন্টন এগিয়ে চলেছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sara Tendulkar viral video, Sachin Tendulkar family, Arjun Tendulkar Sania Chandok engagement | শচীন তেন্ডুলকরের পরিবারে মিষ্টি মুহূর্ত, সানিয়া চণ্ডকের সঙ্গে সারা তেন্ডুলকরের ভিডিও আবার ভাইরাল




