Sonam Wangchuk Hunger Strike News India | অনশন ঘিরে তীব্র আলোড়ন: ‘আর চুপ করে থাকা সম্ভব নয়’ সোনম ওয়াংচুকের পাশে বলিউড, সরকারের প্রতি প্রশ্নে সরব সোনাক্ষী, ইমরান, ফাতিমা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি: সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) অনশন ক্রমশ জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে আসছে। বৃহস্পতিবার তাঁর অনশনের উনিশতম দিন পার হয়েছে। দীর্ঘ সময় ধরে খাদ্যগ্রহণ না করায় তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। গত কয়েক দিনে বলিউডের একাধিক পরিচিত মুখ এই ইস্যুতে নিজেদের মত প্রকাশ করতে শুরু করেছেন। কেউ তাঁর দাবির প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলছেন, কেউ আবার দ্রুত সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছেন। এই পরিস্থিতিতে অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha), অভিনেতা ইমরান খান (Imran Khan) এবং ফাতিমা সনা শেখ (Fatima Sana Shaikh) সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছেন।

আরও পড়ুন : Sonam Wangchuk hunger strike update, Mamata Banerjee call news | যন্তরমন্তরে অনশনরত সোনম ওয়াংচুককে ফোন মমতার, ১৭ দিনে বাড়ছে উদ্বেগ, রাজনৈতিক মহলে নতুন সাড়া

সোনাক্ষী একটি ভিডিও বার্তায় আবেগঘন ভাষায় জানান, ‘আজ আমার আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। একজন মানুষ টানা এতদিন ধরে অনশন করছেন, কোনও কিছুই খাননি। তিনি যাদের জন্য লড়ছেন, তারা দেশের ভবিষ্যৎ, এই কথাটা আমরা কি ভুলে যাচ্ছি?’ তাঁর কথায় উঠে আসে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা এবং একটি বৃহত্তর সামাজিক দায়বদ্ধতার প্রসঙ্গ। তিনি আরও প্রশ্ন তোলেন, ‘কেউ শুনছে না কেন ওঁর কথা? আলোচনা কোথায়? এই নীরবতা কেন?’ সোনাক্ষী নিজের অবস্থানও পরিষ্কার করেন। তাঁর বক্তব্য, তিনি দেশের উন্নতি চান ও কোনও ভাবেই দেশের স্বার্থবিরোধী নন। তবে এই পরিস্থিতিতে নীরব থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ‘আমি তাঁকে অনশন ভাঙতে বলব না। বরং জানতে চাই, কবে তাঁর কথা শোনা হবে? একজন মানুষ যদি প্রাণ হারান, তখন কি আমরা সাড়া দেব?’ তাঁর এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এদিকে, অভিনেতা ইমরান খান (Imran Khan) একটি দীর্ঘ পোস্টে শিক্ষাব্যবস্থা এবং সাম্প্রতিক বিতর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘গত কয়েক সপ্তাহে যা ঘটছে, তা ভেবে অবাক হতে হয়।’ তাঁর মতে, এই বিষয়টি রাজনৈতিক বিতর্কের গণ্ডিতে আটকে থাকা উচিত নয়। ইমরান বলেন, ‘আমরা যদি চাই ছাত্রছাত্রীরা সততার সঙ্গে পরীক্ষা দিক, তাহলে যারা এই ব্যবস্থার দায়িত্বে রয়েছেন, তাদেরও একই রকম জবাবদিহির মধ্যে থাকতে হবে।’ ইমরান আরও যোগ করেন, ‘লক্ষ লক্ষ পরিশ্রমী ছাত্রছাত্রীর প্রচেষ্টা যেন গুরুত্ব হারিয়ে ফেলছে। আবার অনেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমি তাদের দেখছি, তাদের পাশে দাঁড়াতে পারা আমার কাছে গর্বের।’ তাঁর এই মন্তব্য তরুণ প্রজন্মের মধ্যে নতুন আলোচনার সূত্রপাত করেছে।

অন্যদিকে, অভিনেত্রী ফাতিমা সনা শেখ (Fatima Sana Shaikh) সামাজিক মাধ্যমে সোনম ওয়াংচুকের কিছু ছবি ভাগ করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘আজ ১৯ দিন হয়ে গেল। আর দেরি না করে এখনই তাঁর কথা শোনা উচিত।’ তিনি প্রশ্ন তোলেন, কেন একজন মানুষকে নিজের বক্তব্য শোনানোর জন্য এই চরম পথ বেছে নিতে হচ্ছে। তাঁর কথায়, ‘দেশের জন্য এত কিছু করেছেন যিনি, তাঁকে এই অবস্থায় দেখতে কষ্ট হয়।’ ফাতিমা আরও বলেন, ‘রাজনৈতিক মত যাই হোক না কেন, একজন ছাত্রের ভবিষ্যৎ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’ তিনি আশাবাদী যে আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির সমাধান সম্ভব এবং কোনও নেতিবাচক পরিণতি ঘটার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

সুরকার বিশাল দদলানী (Vishal Dadlani) জানিয়েছেন, তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও পরিস্থিতি তাঁকে উদ্বিগ্ন করছে। তাঁর কথায়, দেশে থাকলে তিনি সরাসরি আন্দোলনের স্থানে উপস্থিত হতেন। অভিনেতা অতুল কুলকর্ণী (Atul Kulkarni)ও সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত সোনম ওয়াংচুকের বক্তব্য শোনা হয় এবং সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়। উল্লেখ্য যে, এই পুরো ঘটনাপ্রবাহে বিভিন্ন ক্ষেত্রের মানুষ একত্রিত হয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নাগরিকের কণ্ঠস্বর কতটা গুরুত্ব পাচ্ছে? দীর্ঘদিন ধরে অনশন চললেও এখনও পর্যন্ত সরকারি স্তরে কোনও বড় ঘোষণা না আসায় উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে এই ইস্যুতে আলোচনা ক্রমশ তীব্র হচ্ছে। ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ, অনেকে সোনম ওয়াংচুকের দাবিকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন। একই সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার দাবি জোরালো হচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা এখন দেখার অপেক্ষা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : PM Narendra Modi Indonesia visit, Modi Jakarta arrival | জাকার্তায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , প্রাবোওর উষ্ণ অভ্যর্থনা, তিন দেশের সফরে ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কে নতুন গতি

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন