সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারতীয় ক্রিকেট দুনিয়া ও সংগীত মহলকে হতবাক করে দিয়েছে রবিবারের সিদ্ধান্ত। বহু প্রতীক্ষার পরেও বিয়ে হল না স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ও সুরকার পলাশ মুচ্ছলের (Palash Muchhal)। ঠিক বিয়ের আগের দিন পর্যন্ত যেখানে তাঁদের ইনস্টাগ্রাম ভরে ছিল হাসি, ছবি, নাচে-গানে, সেখানেই আচমকা এভাবে সব ভেঙে যাওয়া নেট দুনিয়াকে স্তম্ভিত করেছে। রবিবার দুপুরে স্মৃতিই প্রথম ঘোষণা করেন, বিয়েটা আর হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই পলাশও জানিয়ে দেন, তিনি সম্পর্ক থেকে সরে আসছেন এবং জীবনে নতুন করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়। বিয়ে ভেঙে যাওয়ার পর পরস্পরের প্রতি আরও কঠোর পদক্ষেপ নিয়েছেন স্মৃতি ও পলাশ। দু’জনেই ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন। যে সম্পর্কের ছবি, ভিডিও এতদিন ধরে তুলে ধরছিলেন তাঁরা, সেখানেও এবার টান পড়েছে। যদিও স্মৃতির ইনস্টাগ্রাম থেকে বিয়ের সঙ্গে যুক্ত ভিডিওগুলি সরিয়ে ফেলা হয়েছে, তবু তাঁদের বহু পুরনো সুখের স্মৃতির ছবি এখনও রয়ে গিয়েছে। পলাশের ইনস্টাগ্রামে অবশ্য এখনও রয়েছে সেই আংটি পরানোর ভিডিও, যা কয়েক সপ্তাহ আগে তাঁদের প্রেমের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল।
স্মৃতি ও পলাশের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল গত মাস থেকেই। ২৩ নভেম্বর বিয়ের দিন ঠিক করা ছিল। তার আগেই গায়ে হলুদ, মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠানও সেরে ফেলেছিলেন তাঁরা। সঙ্গীতের নাচের ভিডিও ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। চারদিকে তখন সাজো সাজো রব, অতিথি আসার প্রস্তুতি, বাড়িতে উৎসবের আবহ, সব মিলিয়ে যেন সিনেমার দৃশ্য।কিন্তু বিয়ের দিনে দুপুরে আসে আচমকা খবর, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন স্মৃতির বাবা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, পলাশেরও শারীরিক সমস্যা দেখা দিয়েছে। দু’জনেরই অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে পরিবার ও ভক্ত মহলে। পরে চিকিৎসকদের বক্তব্য থেকে জানা যায়, মানসিক চাপ ও অতিরিক্ত উদ্বেগের কারণেই তাঁরা দু’জনেই অসুস্থ হয়ে পড়েছিলেন।
এদিকে এসময়েই ছড়িয়ে পড়ে আরও বড় গুজব, নাকি স্মৃতির সঙ্গে সম্পর্কে থেকে পলাশ প্রতারণা করছিলেন! এই দাবি সামনে আসতেই চাঞ্চল্য শুরু হয় নেটপাড়ায়। অনেকেই অনুমান করতে থাকেন, এই কারণেই হয়ত শেষ মুহূর্তে বিয়ে ভেঙে গিয়েছে। যদিও পলাশ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এ সব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তাঁর কথায়, “আমার সম্পর্কে যাঁরা মিথ্যে খবর ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।” এমনকী তিনি আরও বলেন, তাঁর ও স্মৃতির বিষয়ে যা ঘটেছে তা একান্তই ব্যক্তিগত, কোনও বাহিরের গুজব দিয়ে এ সম্পর্ককে বিচার করা উচিত নয়।অন্যদিকে, স্মৃতি তাঁর ঘোষণায় কোনও অভিযোগ না এনে শুধু লিখেছেন, “এই বিয়ে আর হচ্ছে না। আমি এবং পলাশ দু’জনেই আমাদের মতো করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” এই পরিপক্ব প্রতিক্রিয়া দেখে অনেকেই মনে করছেন, পরিস্থিতি হয়তো তাঁদের দু’জনের উপর এতটাই চাপ সৃষ্টি করেছিল যে সম্পর্কটি ধরে রাখা তাঁদের পক্ষে কঠিন হয়ে উঠেছিল।
নেটিজেনদের মতে, ইনস্টাগ্রামে ‘আনফলো’ করার সিদ্ধান্তই বোঝাচ্ছে, ঘটনা শুধু বাবার অসুস্থতা বা মানসিক চাপের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে ব্যক্তিগত টানাপোড়েনও থাকতে পারে। যদিও স্মৃতি বা পলাশ কেউই এ বিষয়ে কোনও স্পষ্ট মন্তব্য করেননি। এই মুহূর্তে তাঁদের ভক্তদের সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি তাঁদের সম্পর্ক সম্পূর্ণ শেষ? নাকি কিছুটা দূরত্ব নেওয়ার পর ফের নতুন করে শুরু হবে তাঁদের গল্প? সময়ই তার উত্তর দেবে। তবে যেভাবে বিয়ের প্রস্তুতি, উৎসবমুখর অনুষ্ঠান, আনন্দঘন মুহূর্তের পর এমন আকস্মিক মোড় এসেছে, তাতে তাঁদের ভক্তদের মন ভেঙেছে বলেই দাবি নেটিজেনদের। বিয়ে ভেঙে গেলেও স্মৃতি মন্ধানা একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে এবং পলাশ মুচ্ছল একজন সুরকার হিসাবে তাঁদের নিজ নিজ জীবন ও ক্যারিয়ারের পথে এগিয়ে যাচ্ছেন। সম্পর্কের অবসান তাঁদের নতুন করে আত্মবিশ্লেষণ এবং ব্যক্তিগত জীবনকে গুছিয়ে নেওয়ার সুযোগ দেবে, অনেকেই এমনই মত প্রকাশ করেছেন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Smriti Mandhana wedding, Palash Muchhal allegations | স্মৃতি-পলাশের বিয়ে কি ডিসেম্বরেই? ভাই শ্রবণ জানালেন কোন তথ্য




