বিনীত শর্মা, সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারতীয় নারী ক্রিকেটের মুখ, তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। আর সেই স্মৃতির বিয়ে ঘিরে গত ক’য়েকদিন ধরেই সাজো সাজো রব চারদিকে। সোশ্যাল মিডিয়ায় স্মৃতি এবং সংগীত পরিচালনায় পরিচিত পলাশ মুচ্ছল (Palash Muchhal)-এর হলদি থেকে সংগীত-সবই ভাইরাল। হাসি-খুশি, নাচ-গান, পরিবারের উচ্ছ্বাস, বন্ধুদের জমায়েত… সব মিলিয়ে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। কিন্তু সেই আনন্দ-উচ্ছ্বাস এক মুহূর্তেই থমকে গেল। কারণ বিয়ের ঠিক আগের দিনই হার্ট অ্যাটাক হল স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার (Srinivas Mandhana)। এবং সেই কারণেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল স্মৃতি-পলাশের বিয়ে।
সাধারণত তারকা বিয়েতে আলোচনার কেন্দ্রে থাকেন বর, নববধূ বা অতিথিদের সাজ-পোশাক। কিন্তু এবার ক্যামেরার ফোকাস সরল এক অনাকাঙ্ক্ষিত ঘটনায়। ঠিক বিয়ের কয়েক ঘণ্টা আগে, সাজগোজের মুহূর্তে নয়, স্মৃতিকেই ছুটতে হল হাসপাতালে। উচ্ছ্বাসের মাঝে এই ঘটনা চরম দুশ্চিন্তার মেঘ এনে দিয়েছে মান্ধানা পরিবারে। স্মৃতির বিয়ের আয়োজন চলছিল মহাসমারোহে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, টিমমেট সকলেই ছিলেন উচ্ছ্বসিত। শ্রীনিবাস মান্ধানা, যিনি স্মৃতির কেরিয়ার শুরু থেকে প্রতিটি পদক্ষেপে পাশে দাঁড়িয়েছেন, তিনিও ছিলেন সেই আনন্দের অন্যতম অংশ। কিন্তু রবিবার সকালে হঠাৎই বিপত্তি। ব্রেকফাস্টের টেবিলেই অসুস্থ বোধ করেন তিনি। প্রথমে কেউই আন্দাজ করতে পারেননি পরিস্থিতি এতটা গুরুতর হতে পারে। এ বিষয়ে স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র (Tuhin Mishra) সংবাদমাধ্যমকে জানান,
“আজ সকালে ব্রেকফাস্ট করতে করতে স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে আমরা ভাবছিলাম এটা সামান্য অসুবিধা। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি খারাপের দিকে যায়। তাই কোনও ঝুঁকি না নিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।”
উল্লেখ্য যে, বর্তমানে শ্রীনিবাস মান্ধানা সানগিলের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। মেডিক্যাল টিম তাঁকে ক্রমাগত পর্যবেক্ষণে রেখেছে। চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী, আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্মৃতির ম্যানেজার আরও জানান, “চিকিৎসকেরা জানিয়েছেন এখনই তাঁকে বাড়ি নিয়ে আসা যাবে না। আর আপনারা সবাই জানেন, স্মৃতি তাঁর বাবার সঙ্গে কতটা নিবিড়ভাবে যুক্ত। তাই ও সিদ্ধান্ত নিয়েছে, বাবা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কোনও বিয়ের অনুষ্ঠান হবে না। আজ ওর বিয়ের দিন। কিন্তু এখন ও শুধুই চিন্তায় আছে। আমরা সকলে চাই উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। অনুরোধ, দয়া করে পরিবারকে একটু সময় দিন, গোপনীয়তা রক্ষা করুন।”
শ্রীনিবাস মান্ধানা শুধু স্মৃতির বাবা নন, স্মৃতির ক্রিকেট কেরিয়ারের অন্যতম স্তম্ভ। ছোটবেলা থেকেই মেয়ের প্রতিভাকে লালন করেছেন তিনিই। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে স্মৃতির সাফল্যের পেছনে তাঁর ভূমিকা অপরিসীম। ফলে তাঁর অসুস্থতা স্বভাবতই স্মৃতিকে ভেঙে দিয়েছে। বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত ছিল আবেগঘন, কিন্তু দায়িত্বশীল।
সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ফ্যান, সহকর্মী, প্রাক্তন ক্রিকেটার, সেলিব্রিটি, অনেকেই শ্রীনিবাস মান্ধানার দ্রুত আরোগ্য কামনা করেছেন। নেটিজেনদের অনেকেই লিখছেন, “বিয়ে তো আবার হবে, আগে বাবা সুস্থ হোন।” কেউ লিখেছেন, “শক্ত থাকো স্মৃতি, আমরা সবাই তোমার সঙ্গে আছি।”
পলাশ মুচ্ছলও পরিবারের পাশে রয়েছেন ঘনিষ্ঠভাবে। তাঁর পরিবার জানিয়েছে, মান্ধানা পরিবারের এই পরিস্থিতিতে তাঁরা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছেন এবং বিয়ের নতুন তারিখ পরে ঠিক করা হবে। উল্লেখ্য যে, হলদি ও সংগীতের চমৎকার মুহূর্তগুলো দেখে ভক্তরা যেমন উৎসবমুখর হয়ে পড়েছিলেন, তেমনি এই আকস্মিক ঘটনায় তাঁদের মধ্যেও দুঃশ্চিন্তার ছাপ। তবে সকলের আশাই একটাই—শ্রীনিবাস মান্ধানা দ্রুত সুস্থ হয়ে উঠুন, আর আবার আনন্দে ভরে উঠুক দুই পরিবারের জীবন। এখন প্রশ্ন- কবে হবে স্মৃতি-পলাশের বিয়ে?
উত্তর একটাই, শ্রীনিবাস মান্ধানা সম্পূর্ণ সুস্থ হলে তবেই নেওয়া হবে সিদ্ধান্ত। আর স্মৃতির মতো একজন পরিবারের প্রতি দায়বদ্ধ মেয়ের কাছে এই সিদ্ধান্তই সবচেয়ে স্বাভাবিক। অন্যদিকে, অনাকাঙ্ক্ষিত ঘটনায় পিছিয়ে গেল স্বপ্নের মুহূর্ত। তবু অগণিত মানুষের শুভেচ্ছায় ভর করে মান্ধানা পরিবারের আশা, অন্ধকার কাটলে আলো ফিরবেই।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Smriti Mandhana Childhood Story | স্মৃতি মন্ধানা ছোটবেলার গল্প, সেই বয়সেই ঠিক করেছিলেন, ক্রিকেটই হবে জীবনের পথ




