সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : দিল্লির একটি জন্মদিনের অনুষ্ঠানে ভয়াবহ হেনস্থা ও শারীরিক নির্যাতনের শিকার হলেন সিকিম (Sikkim)-এর এক তরুণী। অভিযোগ, পার্টির মধ্যে একদল যুবক তাঁকে কিল-ঘুষি মেরে শুধু মারধরই থেমে থাকেনি, তাঁর যৌনাঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। নির্যাতিতার দাবি, ওই দিন তিনি দিল্লির একটি রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে উপস্থিত একদল যুবকের সঙ্গে কথাকাটাকাটির জেরে তাঁকে টার্গেট করা হয়। পার্টির পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। তাঁর কথায়, “যা ভুল, তার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। আমার কি চুপ করে থাকা উচিত ছিল? ওরা আমাকে প্রচণ্ড মারধর করেছে। এমনকী, একজন আমার যৌনাঙ্গে হাত দিয়েছে। আমি বিচার চাই। বিচার না পেলে যেখানে হেনস্থা হয়েছে, সেই রেস্তোরাঁর সামনেই গায়ে আগুন দেব।” ওই ঘটনার পরই তরুণী দিল্লির সফদরজং (Safdarjung) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় বসেই তিনি একটি ভিডিও রেকর্ড করেন, যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। (যদিও ভিডিওটির সত্যতা সাশ্রয় নিউজ যাচাই করেনি)। তবে সেখানে দেখা যায়, তরুণী চোখে-মুখে আতঙ্কের ছাপ নিয়ে পুলিশি তদন্তের দাবি জানাচ্ছেন।
তাঁর অভিযোগ, প্রথমে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। এই নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন বহুজন। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের মানুষরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া দেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista)। তিনি বলেন, “ভিডিওটি দেখে কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেন। পরে দিল্লি পুলিশের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারি, আপাতত উভয় পক্ষ পারস্পরিকভাবে মিটমাট করে নিয়েছে। পুলিশ তরুণীকে নিরাপদে বাড়িতেও পৌঁছে দিয়েছে। আমাদের বোনকে সাহায্য করার জন্য দিল্লি পুলিশকে ধন্যবাদ।”
এই ঘটনার পর নারী সুরক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। মানবাধিকার কর্মীরা মনে করছেন, এমন অভিযোগের দ্রুত ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত, যাতে ভুক্তভোগী ন্যায়বিচার পান ও অপরাধীরা শাস্তি পায়। উল্লেখ্য যে, বর্তমানে পুলিশ বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ঘটনার গুরুত্ব ও জনমতের চাপের কারণে তদন্ত প্রক্রিয়া দ্রুত এগোবে বলেই মনে করা হচ্ছে। সিকিমের তরুণীর এই বক্তব্য যে, ন্যায় না পেলে তিনি আত্মাহুতির পথ বেছে নেবেন, তা নিঃসন্দেহে উদ্বেগজনক!
ছবি: সংগৃহীত
আরও পড়ুন :




