কৌশিক রায় ★ সাশ্রয় নিউজ, কলকাতা : কলকাতায় পা দিয়েই নতুন অধ্যায়ের শুরু করলেন শেহনাজ গিল (Shehnaaz Gill) ও জিপ্পি গ্রেওয়াল (GippyGrewal)। শহরের প্রাণকেন্দ্র বিমানবন্দরে তাঁদের একঝলক দেখেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। গোলাপি টপ আর ডেনিমে জিন্সে ধরা দিয়ে ক্যামেরাবন্দী হন শেহনাজ। মুখে প্রথমে মাস্ক থাকলেও পরে তা তিনি সরিয়ে নেন। হাসিমুখে হাত নাড়িয়ে ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা দেন। গাড়িতে ওঠার আগে তাঁদের ‘থ্যাঙ্ক ইউ’ জানাতেও ভুল করেননি পাঞ্জাবি এই নায়িকা। অন্যদিকে সবুজ টি-শার্ট আর ট্রাউজারে একেবারে স্বচ্ছন্দ মেজাজে ধরা দেন জিপ্পি। পাপারাজ্জিদের সঙ্গে হাসিমুখে তিনি সৌজন্য বিনিময়ও করেন। দু’জনকে একসঙ্গে দেখে আন্দাজ করা যাচ্ছিল, নিশ্চয় কোনও বড় প্রজেক্টের জন্যই শহরে আসা। আর সেই আন্দাজই সময়ের সঙ্গে সঙ্গে সত্যি প্রমাণিত হল। বহু প্রতীক্ষার পর পর্দায় আবার ফিরছে পাঞ্জাবি ব্লকবাস্টার ‘সিং ভার্সেস কৌর’-এর সিকুয়েল। ছবির নাম ‘সিং ভার্সেস কৌর ২’। এই ছবি ঘিরেই নতুন করে জুটি বাঁধলেন শেহনাজ ও জিপ্পি। এবার তাঁদের সঙ্গে হাত মিলিয়েছে টলিউডের অন্যতম প্রধান প্রযোজনা সংস্থা এসভিএফ এন্টারটেনমেন্ট (SVF Entertainment)। এটি তাঁদের সঙ্গে প্রথম কাজ শেহনাজ ও জিপ্পির। এমন একটি ক্রস-ইন্ডাস্ট্রি উদ্যোগে মেতে উঠে দর্শকরাও রীতিমতো উৎসাহী। সম্প্রতি শুরু হয়েছে ছবির শুটিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন নবনীত সিং (Navneet Singh)। কলকাতার নানা পরিচিত ও ঐতিহাসিক লোকেশনে হবে ছবির শ্যুটিং। জানা যাচ্ছে, শহরের মধ্য কলকাতা, হুগলি নদীর ঘাট, এমনকী দক্ষিণ কলকাতার কিছু ক্যাফে ও স্টুডিওতেও ক্যামেরা ঘোরাবেন নির্মাতারা।শেহনাজ ও জিপ্পির আবার একসঙ্গে পর্দায় ফেরা নিয়েও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চড়ছে উত্তেজনার পারদ। তাঁদের অনুরাগীরা দীর্ঘদিন ধরে চেয়ে ছিলেন একসঙ্গে নতুন কোনও সিনেমা দেখার। অবশেষে তাঁদের সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে এই ছবির মাধ্যমে। ছবিতে দু’জনের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ না হলেও, একটি রোম্যান্টিক-কমেডি ঘরানার গল্পই যে দর্শক পাবেন, তা ইঙ্গিতে বোঝাচ্ছেন সংশ্লিষ্ট মহল।

প্রযোজনা সংস্থা এসভিএফ-এর এক মুখপাত্র বলেন, “পাঞ্জাবি ইন্ডাস্ট্রির দুই তারকা যখন কলকাতায় এসে আমাদের সঙ্গে কাজ করছেন, তখন এটাকে আমরা শুধু ছবি নয়, সাংস্কৃতিক বিনিময়ের একটি সুযোগ বলেই দেখছি। শেহনাজ ও জিপ্পির কেমিস্ট্রি দর্শকদের আবার টানবে, এটা নিয়ে কোনও সন্দেহ নেই।” অন্যদিকে, কলকাতা বিমানবন্দরে ছবি তুলে বিদায় নেওয়ার সময় শেহনাজ বলেন, “কলকাতা এক অন্যরকম শহর। এখানে কাজ করতে পেরে আমি দারুণ খুশি। দর্শকদের জন্য এই ছবি একটা চমক হতে চলেছে।” জিপ্পিও বলেন, “আমরা অনেকদিন পর একসঙ্গে কাজ করছি। ‘সিং ভার্সেস কৌর ২’ আমাদের কাছে শুধু একটি প্রজেক্ট নয়, একটা আবেগের নাম। কলকাতার দর্শকদের কাছেও এই ছবি পৌঁছে দেওয়ার জন্য আমরা মুখিয়ে আছি।” ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘সিং ভার্সেস কৌর’ ছিল একটি সফল রোম্যান্টিক কমেডি। সেই ছবিতে জিপ্পির সঙ্গে জুটি বেঁধেছিলেন সুরভীন চাওলা। এই সিকুয়েলে শেহনাজের অন্তর্ভুক্তি যে নতুন মাত্রা যোগ করবে, তা বলার অপেক্ষা রাখে না। ছবির শুটিং চলবে টানা ক’য়েক সপ্তাহ। সূত্রের খবর, অক্টোবরের মধ্যেই শেষ করা হবে পোস্ট-প্রোডাকশন, যাতে শীতকালেই মুক্তি পায় এই বহু প্রতীক্ষিত ছবি। এখন শুধু অপেক্ষা, শেহনাজ-জিপ্পি ম্যাজিক আবার বড়পর্দায় কতটা ঝড় তোলে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sonakshi Sinha : ‘ওঁরা নিজেরা ভালবেসে বিয়ে করেছিলেন। ওঁরা জানেন ভালবাসার অর্থ’ : সোনাক্ষী সিনহা




