শর্মিষ্ঠা সাহা মৈত্র ★ সাশ্রয় নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় মুখ অভিনেত্রী শেফালী জরিওয়ালা (Shefali Jariwala)-এর আকস্মিক প্রয়াণ এখনও ভোলেনি চলচ্চিত্রজগৎ। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৭ জুন নিভে যায় তাঁর জীবনপ্রদীপ। এই অকালবিয়োগে শোকস্তব্ধ হয়ে পড়েন তাঁর স্বামী পরাগ ত্যাগী (Parag Tyagi)।

স্ত্রীর মৃত্যু মেনে নেওয়া যে তাঁর পক্ষে কতটা কঠিন ছিল, তা আরও একবার স্পষ্ট হল তাঁর সাম্প্রতিক সিদ্ধান্তে। বিবাহবার্ষিকীর দিনে তিনি স্ত্রীর মুখমণ্ডল নিজের শরীরে উল্কি করিয়ে স্থায়ী স্মৃতি হিসেবে বাঁচিয়ে রাখলেন, যাতে প্রতিটি মুহূর্তে তিনি অনুভব করতে পারেন প্রিয় মানুষটিকে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে পরাগের বুকের ওপর খোদাই হচ্ছে শেফালীর হাসিমাখা প্রতিকৃতি। পরাগ নিজেই ভিডিওটি ভাগ করে নিয়ে আবেগঘন বার্তায় লিখেছেন, “বন্ধুরা, অবশেষে অপেক্ষার অবসান হল। আমাদের ১৫তম বিবাহবার্ষিকীতে পরীকে (শেফালীকে) এটাই আমার উপহার। ও সবসময় আমার হৃদয়ে ছিল, থাকবে, আর এখন থেকে আমার শরীরের প্রতিটি কোষেও ওকে পাওয়া যাবে। এবার সেটা আপনাদের সকলেরও দেখতে সুবিধা হবে।”

শেফালীর প্রতি পরাগের এই অনন্য ভালবাসার প্রকাশ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “এমন স্বামী পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার।” আরেকজন মন্তব্য করেছেন, “এই তো আসল ভালবাসা। উল্কি করাতে সাহস লাগে। এই প্রেম সারাজীবন অমলিন থাকবে।”

উল্লেখ্য যে, শেফালীর মৃত্যুকে ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন উত্থাপিত হয়েছিল। চিকিৎসকদের দাবি অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান এই অভিনেত্রী। যদিও নানা সূত্রে জানা যায়, বয়স ধরে রাখার ওষুধ তিনি চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিয়মিত খেতেন। অনেকের মতে, সেই ওষুধই শারীরিক জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এসব আলোচনা এড়িয়ে গিয়ে পরাগ সবসময়ই স্ত্রী’র ইতিবাচক দিকগুলো তুলে ধরেছেন, এবং বলেছেন যে তাঁর কাছে শেফালী শুধু একজন অভিনেত্রী নন, তিনি জীবনসঙ্গী হিসেবে সর্বদা অমূল্য।

অন্যদিকে, শেফালী জরিওয়ালা ছিলেন গ্ল্যামার দুনিয়ার একটি উজ্জ্বল নাম। ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে রাতারাতি তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর নাচ, ব্যক্তিত্ব আর পরিশ্রমী মনোভাব আজও অনেকের অনুপ্রেরণা। জীবনের শেষ দিন পর্যন্ত কাজের প্রতি অগাধ ভালোবাসা ছিল তাঁর। অন্যদিকে, পরাগ ত্যাগী টেলিভিশনের পরিচিত মুখ। তাঁদের প্রেম আর সম্পর্ক নিয়ে বলিউডে বরাবরই চলেছে আলোচনা। শেফালীর প্রয়াণে এক ধাক্কায় ভেঙে পড়েন পরাগ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে সামলে তিনি নতুনভাবে স্মরণীয় করে রাখলেন স্ত্রীর উপস্থিতি। উল্কির মাধ্যমে পরাগ যেন ঘোষণা করলেন, মৃত্যু ভালবাসাকে মুছে ফেলতে পারে না। পরাগের এই হৃদয়ছোঁয়া সিদ্ধান্ত দেখে অনেকেই লিখেছেন, এই দম্পতির সম্পর্ক প্রমাণ করে দেয়, আসল প্রেম কখনও হারিয়ে যায় না। দেহ হয়ত নিঃশেষ হয়, কিন্তু হৃদয়ে গেঁথে থাকা ভালবাসা চিরন্তন।
ছবি: সংগৃহীত।
আরও পড়ুন : Shefali Jariwala | রাস্তায় দেখা থেকেই শুরু হয়েছিল জার্নি কাঁদছে গোটা বলিউড, বিনয় সাপরুর স্মৃতিচারণ




