প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : প্রায় দুই দশক পর আবার ভারতের মাটিতে লাইভ পারফর্ম করতে আসছেন বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরা (Shakira)। লাতিন পপ ও গ্লোবাল মিউজ়িক জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেবে পরিচিত এই গায়িকার আসন্ন ‘ইন্ডিয়া ট্যুর (India Tour)’ ঘিরে ইতিমধ্যেই তুমুল উন্মাদনা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। প্রথমে মাত্র দু’টি কনসার্টের ঘোষণা করা হলেও বিপুল চাহিদার কারণে শোয়ের সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে এখন ভারতে তাঁর মোট তিনটি লাইভ কনসার্ট অনুষ্ঠিত হতে চলেছে। সংগঠকদের তরফে জানানো হয়েছে, আগামী ১০ এপ্রিল এবং ১১ এপ্রিল মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্স (Mahalaxmi Racecourse) -এ টানা দুই দিন পারফর্ম করবেন শাকিরা। এর পরে ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium) হবে তৃতীয় কনসার্ট। আন্তর্জাতিক মিউজ়িক জগতের এই তারকার ভারত সফর নিয়ে সংগীতপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে উঠেছে।
ওয়াকিবহাল মহলের মতে, ১৯ বছর পরে ভারতে শাকিরার পূর্ণাঙ্গ কনসার্ট হওয়ায় এটি নিঃসন্দেহে বড় সাংস্কৃতিক ঘটনা হতে চলেছে। ২০০৭ সালে শেষবার ভারতের মাটিতে লাইভ পারফরম্যান্স করেছিলেন তিনি। তারপর দীর্ঘ সময় ভারতীয় দর্শকরা অপেক্ষা করেছেন তাঁর প্রত্যাবর্তনের জন্য। যদিও সাম্প্রতিক সময়ে ভারতীয় একটি বড় অনুষ্ঠানে গান গেয়েছিলেন শাকিরা। শিল্পপতি অনন্ত অম্বানীর (Anant Ambani) প্রাক-বিবাহ অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্স ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তবে সেই অনুষ্ঠান ভারতে অনুষ্ঠিত হয়নি, ফলে ভারতীয় সাধারণ দর্শকদের জন্য তাঁর লাইভ শো দেখার সুযোগ তৈরি হয়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সংগঠকদের দাবি, প্রথমে ১০ এপ্রিল মুম্বই এবং ১৫ এপ্রিল দিল্লিতে কনসার্টের পরিকল্পনা ছিল। কিন্তু টিকিটের বিপুল চাহিদা এবং ভক্তদের অনুরোধের কারণে অতিরিক্ত একটি শো যোগ করা হয়েছে। নতুন শোটি হবে ১১ এপ্রিল, একই স্থানে অর্থাৎ মহালক্ষ্মী রেসকোর্সেই।
আরও পড়ুন : Miss World 2023 Bangladesh : কে এই ‘মিস ওয়ার্ল্ড ২০২৩ বাংলাদেশ’?
ফলে মুম্বাই শহরই হয়ে উঠছে এই সফরের প্রধান কেন্দ্র। দুই দিন পরপর একই মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে ‘হিপস ডোন’t লাই’ গানের এই জনপ্রিয় শিল্পীকে। সংগীতপ্রেমীরা মনে করছেন, মুম্বইয়ের এই কনসার্ট দুটি সম্ভবত বছরের অন্যতম বড় লাইভ মিউজ়িক ইভেন্ট হতে চলেছে। কিন্তু তবে কনসার্ট ঘোষণার পর থেকেই টিকিটের দাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। অতীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা ভারতে কনসার্ট করতে এলে টিকিটের দাম নিয়ে বিতর্ক দেখা গেছে। উদাহরণ হিসেবে অনেকেই উল্লেখ করছেন পপ তারকা দুয়া লিপা (Dua Lipa) এবং লাতিন গায়ক এনরিকে ইগলেসিয়াস (Enrique Iglesias) -এর কনসার্টের কথা। সেই সময়ও টিকিটের দাম অনেকের নাগালের বাইরে চলে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল।
শাকিরার কনসার্টের ক্ষেত্রেও টিকিটের দাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংগঠকদের তরফে জানানো হয়েছে, ১১ এপ্রিলের অতিরিক্ত শোয়ের জন্য সর্বনিম্ন টিকিট মূল্য প্রায় ৬০০০ টাকা। যদিও প্রিমিয়াম আসনের ক্ষেত্রে দাম আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংগীতপ্রেমীদের একাংশ মনে করছেন, আন্তর্জাতিক মানের কনসার্ট আয়োজনের জন্য বিশাল ব্যয় হয়। তাই টিকিটের দাম কিছুটা বেশি হওয়াই স্বাভাবিক। আবার অনেক ভক্তের মতে, ‘প্রিয় শিল্পীর লাইভ পারফরম্যান্স দেখতে পারাই বড় কথা।’ এদিকে শাকিরা নিজেও তাঁর ভারত সফর নিয়ে বিশেষ আবেগ প্রকাশ করেছেন। শিল্পীর কথায়, ‘ভারতে পারফর্ম করার অভিজ্ঞতা সব সময়ই বিশেষ। এখানে দর্শকদের ভালোবাসা অসাধারণ।’
তিনি আরও বলেন, ‘এই সফরের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। আমি চাই এই কনসার্ট থেকে সংগৃহীত অর্থের একটি অংশ শিশুদের পুষ্টি নিশ্চিত করার কাজে ব্যয় করা হোক।’ শাকিরার এই মন্তব্যে বোঝা যায়, এই সফরের সঙ্গে একটি সামাজিক বার্তাও জড়িয়ে রয়েছে। শিশুদের খাদ্য ও পুষ্টি সংক্রান্ত উদ্যোগে সহায়তা করতেই তিনি এই কনসার্ট আয়োজন করছেন বলে জানিয়েছেন। বিশ্বজুড়ে সামাজিক কাজের জন্যও পরিচিত এই শিল্পী। তাঁর প্রতিষ্ঠিত পিস দেসকালজোস ফাউন্ডেশন (Pies Descalzos Foundation) দীর্ঘদিন ধরে শিশুদের শিক্ষা ও পুষ্টি নিয়ে কাজ করছে। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় ভারত সফরেও মানবিক উদ্যোগকে গুরুত্ব দিতে চান তিনি। সংগীত জগতে শাকিরার জনপ্রিয়তা বহুদিনের। ‘হিপস ডোন’t লাই’, ‘ওয়াকা ওয়াকা’, ‘হোয়েনেভার হোয়্যারএভার’ -এর মতো একাধিক বিশ্বখ্যাত গান তাঁকে আন্তর্জাতিক তারকার মর্যাদা দিয়েছে। তাঁর নাচ ও মঞ্চ পরিবেশনার শক্তি বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করে। ভারতে তাঁর প্রত্যাবর্তন তাই শুধু একটি কনসার্ট নয়, বরং আন্তর্জাতিক সংগীত সংস্কৃতির এক বড় উৎসব বলেই মনে করছেন অনেকেই। এখন প্রশ্ন একটাই, মুম্বাই ও দিল্লির কনসার্টে কত দ্রুত টিকিট বিক্রি শেষ হয় এবং ভারতীয় দর্শকরা কেমনভাবে স্বাগত জানান ‘লাটিন মিউজ়িকের রানি’ শাকিরাকে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sonakshi Sinha Maldives Vacation | স্বপ্নের গন্তব্য মালদ্বীপে রোম্যান্টিক ছুটির মেজাজে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল




