বসুধা চৌধুরী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) আবারও চমকে দিলেন অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর এক নতুন লুক, ধূসর চুল, পাক ধরা দাড়ি-গোঁফ, রোদচশমা চোখে, আর পিঠে ব্যাগ। বিদেশের রাস্তায় ক্যামেরাবন্দি এই ছবিই এখন ভাইরাল, যা দেখে বোঝা যাচ্ছে তাঁর আসন্ন ছবি ‘কিং’ (King)-এর জন্যই এই নতুন রূপ। বাদশার ষাটোর্ধ্ব বয়সেও এমন অনবদ্য অ্যাটিটিউড দেখে উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা।

ছবিটি প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ায় একপ্রকার ঝড় বইছে। অনেকেই বলছেন, ‘‘এই লুক একেবারেই অন্যরকম, বয়সকে চ্যালেঞ্জ জানাচ্ছেন শাহরুখ।’’ কেউ আবার লিখছেন, ‘‘বুড়ো হাড়েই খেলা হবে, বাদশা এখনও টক্কর দিতে জানেন।’’ সত্যিই, শাহরুখ খানের প্রতিটি ছবির মতোই এবারও ভক্তদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। ‘জওয়ান’ (Jawan)-এর সফলতার পর দর্শকরা মুখিয়ে ছিলেন কিং খানের নতুন চমকের অপেক্ষায়। সেই উন্মাদনা আরও উস্কে দিয়েছে ‘কিং’-এর শুটিং সেট থেকে ফাঁস হওয়া লুক। যদিও নির্মাতাদের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি, তবুও ভক্তরা বুঝে গেছেন, এই ছবিতে কিছু ভিন্ন স্বাদ পেতে চলেছেন তাঁরা।
বড় বাজেটের এই ছবিতে থাকছে চমকপ্রদ কাস্ট। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শাহরুখ খানের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অভিষেক বচ্চন (Abhishek Bachchan), রানি মুখোপাধ্যায় (Rani Mukerji), আরশাদ ওয়ারসি (Arshad Warsi) এবং অনিল কাপুর (Anil Kapoor)-এর মতো জনপ্রিয় তারকাদের। এর আগে বাদশা নিজের পেশিতে ট্যাটু আঁকা লুক প্রকাশ করে নেটমাধ্যমে শোরগোল ফেলেছিলেন। তবে শুটিং চলাকালীন কিছুটা বিপত্তিও ঘটেছে। গত মাসে এক অ্যাকশন সিকোয়েন্সের সময় গুরুতর চোট পান শাহরুখ। হাতে ব্যান্ডেজ নিয়েই ছেলে আরিয়ান খানের (Aryan Khan) প্রথম ওয়েব সিরিজের প্রচারে উপস্থিত হয়েছিলেন তিনি। চিকিৎসকরা তাঁকে অন্তত এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে ‘কিং’-এর শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। খবর অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের মাঝামাঝি ফের ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন বাদশা। তবে টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেওয়া হয়নি।

এই ছবিতে শাহরুখ খানকে কী চরিত্রে দেখা যাবে, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। শোনা যাচ্ছে, ছবিটি একটি স্পাই থ্রিলার। এখানে গোয়েন্দার ভূমিকায় থাকবেন সুহানা খান (Suhana Khan), আর তাঁর ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। অর্থাৎ বাবা-মেয়েকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রথমবারের মতো। গোপন মিশন, অ্যাকশন আর আবেগে ভরপুর হবে সিনেমাটি, এমনটাই আশা করছে দর্শকমহল। শোনা যাচ্ছে, সুহানার মায়ের চরিত্রে থাকছেন রানি মুখোপাধ্যায়। অন্যদিকে দীপিকা পাড়ুকোনও করতে পারেন বিশেষ উপস্থিতি। এহেন তারকাখচিত কাস্টিংয়ের কারণে ছবিটি যে বক্স অফিসে ঝড় তুলবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।২০২৬ সালে মুক্তি পাবে এই মেগাবাজেট ছবি। এর আগেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উন্মাদনা দেখে মনে হচ্ছে, ‘কিং’ হবে শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় কাজ। একদিকে বাবা-মেয়ের জুটি, অন্যদিকে বলিউডের নামী তারকাদের একত্রিত উপস্থিতি, সব মিলিয়ে সিনেমাটি যে রূপালী পর্দায় এক ভিন্ন মাত্রা যোগ করবে, তা প্রায় নিশ্চিত।

শাহরুখ খানের ভক্তরা ইতিমধ্যেই নেট দুনিয়ায় জল্পনা শুরু করে দিয়েছেন, ‘‘এই ছবির প্রতিটি ঝলক দেখলেই মনে হয় অপেক্ষা করা সত্যিই সার্থক হবে।’’ আবার কারও মতে, ‘‘বলিউডে বয়স কেবল একটা সংখ্যা, সেটাই প্রমাণ করছেন কিং খান।’’
যত দিন যাচ্ছে, ‘কিং’-এর জন্য দর্শকদের উত্তেজনা যেন ততই দ্বিগুণ হয়ে উঠছে। বলিউডপ্রেমীদের আশা, বাদশার এই ছবিই নতুন মাপকাঠি তৈরি করবে।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Shah Rukh Khan Deepika Padukone first meeting | শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ, দীপিকার সাদা সালোয়ারের আড়ালের অজানা রহস্য




