পরিধি চক্রবর্তী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বলিউডের রূপোলি পর্দায় শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) জুটি দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। ‘ওম শান্তি ওম’ ছবির ‘আঁখো মে তেরি আজব সি…’ গান এখনও ভক্তদের মনে গেঁথে আছে। এই জুটির যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই, ২০০৫-০৬ সালের দিকে, যখন প্রথমবার কিং খানের সঙ্গে দেখা হয় নবাগত দীপিকার। সেই দিনের অভিজ্ঞতা এখনও দীপিকার স্মৃতিতে অমলিন।

দীপিকা নিজেই জানিয়েছেন, প্রথমবার শাহরুখ খানের সঙ্গে দেখা করার সময় তিনি প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। কী পোশাক পরবেন, কেমন চুল রাখবেন, এই সব নিয়েই তাঁর মনে চলছিল হাজারো চিন্তা। কারণ যশ চোপড়ার (Yash Chopra) সিনেমায় বড় হয়ে ওঠা এক তরুণী যখন তার স্বপ্নের নায়কের সঙ্গে দেখা করার সুযোগ পান, তখন সেই মুহূর্তের গুরুত্ব যে কতটা গভীর, তা সহজেই অনুমেয়।
https://youtu.be/0Z4vKwlIMFQ?si=28yZB4Qt_xfUak_d

ন্যাশনাল জিওগ্রাফিককে (National Geographic) দেওয়া সাক্ষাৎকারে দীপিকা জানান, প্রথমে যখন পরিচালক ফারাহ খানের (Farah Khan) ফোন পান, তিনি ভেবেছিলেন কেউ মজা করছেন। পরে বিষয়টি সত্যি বুঝে তাঁর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। তখন থেকেই শুরু হয় প্রস্তুতি।

দীপিকা বলেন, ‘আমি তখন ঠিক করি চুল খোলা রাখব আর স্ট্রেট করব। পাশাপাশি মনে মনে স্থির করে ফেলি সাদা সালোয়ার কামিজই পরব। সেই অনুযায়ী আমি দোকান থেকে একটি সাদা চিকনকারি সালোয়ার কিনেছিলাম। কারণ মনে হয়েছিল, ওইদিন আমার উপস্থিতি যেন একেবারে নিখুঁত হয়।’

শুধু পোশাক নয়, সাক্ষাতের পরিবেশও দীপিকার মনে গেঁথে আছে। তিনি স্মৃতি রোমন্থন করে বলেন, ‘শাহরুখের বাড়িতে সবকিছু সাদা ছিল। সাদা সোফায় আমি একপ্রান্তে সোজা হয়ে বসেছিলাম। আর খানিক পরে ও-বেরিয়ে এলেন। আমার এখনও মনে আছে, ও অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আমার সঙ্গে কথা বলেছিলেন। সেই মুহূর্তটা আমি কখনও ভুলব না।’

কিন্তু প্রশ্ন ওঠে, এত রং থাকতে কেন দীপিকা প্রথম সাক্ষাতের জন্য সাদা রংয়ের সালোয়ারই বেছে নিয়েছিলেন?

এই বিষয়ে মনোবিদ ডক্টর সন্তোষ বাঙ্গার বলেন, ‘যে কোনও ব্যক্তি যখন এমন কাউকে প্রথমবার দেখেন, যার প্রতি তাঁর বিশেষ অনুভূতি রয়েছে, তখন উত্তেজনা, নার্ভাসনেস, অনিশ্চয়তা সব একসঙ্গে কাজ করে। এমন পরিস্থিতিতে মানুষ সাধারণত শান্তির প্রতীক কোনও কিছুকে আঁকড়ে ধরতে চান। সাদা রংকে অনেকে সেই মানসিক শান্তির প্রতীক হিসেবে বেছে নেন। দীপিকার ক্ষেত্রেও সেটা হয়েছে। এতে আত্মবিশ্বাস তৈরি হয় ও মুহূর্তটা সহজ হয়ে ওঠে।’

এরপর ইতিহাস তৈরি করে ‘ওম শান্তি ওম’। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই সিনেমা শুধু বক্স অফিসে সুপারহিট হয়। এবং বলিউডে এক নতুন জুটির সূচনাও হয়। প্রথম ছবিতেই শাহরুখ-দীপিকা জুটি দর্শকের মন জয় করে নেয়। এরপর একাধিক সিনেমায় তাঁদের রসায়ন ভক্তদের সামনে নতুন মাত্রা যোগ করেছে।

দীপিকার স্বীকারোক্তি প্রমাণ করে, তাঁর মতো বড় মাপের অভিনেত্রীও প্রথম সাক্ষাতের সময় কতটা নার্ভাস হতে পারেন। সাদা চিকনকারি সালোয়ারে সেই প্রথম সাক্ষাৎই তৈরি করেছিল এক স্মরণীয় অধ্যায়, যার রেশ আজও বহমান। হয়তো সেই মুহূর্তই পরোক্ষভাবে জন্ম দিয়েছিল বলিউডের অন্যতম সেরা অনস্ক্রিন জুটির।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন :Romeo movie 2025, Shahid Kapoor new movie, Tamannaah Bhatia comeback film | রোমিও : শাহিদ-তৃপ্তির সঙ্গে এবার তামান্না ভাটিয়া! বিশাল ভরদ্বাজের থ্রিলারে ত্রিকোণ টানাপোড়েন




