Samaresh Majumdar passed Away : থেমে গেল সাহিত্যিক সমরেশ মজুমদারের কলম, স্রষ্টা রেখে গেলেন সৃষ্টিদের

SHARE:

থেমে গেল সমরেশ মজুমদারের কলম, স্রষ্টা রেখে গেলেন সৃষ্টিদের

সানি সরকার, সাশ্রয় নিউজ ★ কলকাতা : থেমে গেল সমরেশ মজুমদারের কলম, স্রষ্টা রেখে গেলেন সৃষ্টিদের। দীর্ঘ রোগভোগের পরে প্রাণ ত্যাগ করলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। আজ সোমবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। হাসপাতাল সূত্রে জানানো হয়, তিনি স্ট্রোক ও বালবার পালসিতে আক্রান্ত হন। বন্ধ হয়ে যায় শ্বাসক্রিয়া। ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যায়   হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

দীর্ঘদিন সাহিত্যিক সমরেশ মজুমদার শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন। চিকিৎসা চলছিল অ্যাবসট্রাক্ট স্লিপ অ্যাপনিয়া, সিওপিডি, মায়াসথেনিয়া গ্ল্যাভিস ও বার্ধক্যজনিত সমস্যার।

তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার, আনন্দ পুরস্কার সহ বহু পুরস্কার ও সম্মানে সম্মানিত হন। তাঁর জন্ম হয় উত্তরবঙ্গের ডুয়ার্সের চা-বাগান এরিয়া গয়েরকাটায়। ছোটবেলা কাটে গয়েরকাটাতেই। চা-বাগান অঞ্চলের মানুষের সুখ-দুঃখ-যন্ত্রণা ও শৈশবের বহু চিত্র সমরেশ মজুমদারের অজস্র লেখায় ফিরে ফিরে এসেছে। লেখক জীবনের প্রায় সম্পূর্ণ সময় সমরেশ কলকাতার বাসিন্দা হয়েই কাটান। তাঁর কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার, সাতকাহন, উজান, তেরো পার্বণ, আট কুঠুরি নয় দরজা, অর্জুন সমগ্র প্রভৃতি অজস্র উপন্যাস ভারতীয় তথা বিশ্ব সাহিত্যের সম্পদ হয়ে থাকবে। তেমনি পাঠকের মনে চির ভাস্বর থাকবে ওঁর কালজয়ী চরিত্র অনিমেষ, মাধবীলতা …! এই কালজয়ী কথাসাহিত্যিকের অজস্র চরিত্র পাঠকদের সঙ্গে কথা বলবে।

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় তথা বিশ্ব সাহিত্যের পাঠক। শোক প্রকাশ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সাহিত্য, রাজনীতি, বিনোদন জগতের অনেকেই।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন