শুভ্রাংশু চন্দ ★ হায়দরাবাদ : ভারতের ব্যাডমিন্টন জগতের অন্যতম সেরা জুটি, ‘পাওয়ার কাপল’ বলে খ্যাত সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও পারুপল্লী কশ্যপ (Parupalli Kashyap)-এর দীর্ঘ সম্পর্ক অবশেষে ভেঙেই গেল। রবিবার রাতে ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন অলিম্পিক পদকজয়ী সাইনা। সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে তিনি লিখেছেন, “মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক চিন্তা ভাবনার পর আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের জন্য ও একে অপরের জন্য আমরা শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিচ্ছি।” সাইনা (Saina Nehwal) আরও বলেন, “আমাদের মধ্যে যে সমস্ত স্মৃতি রয়ে গেছে তার জন্য কৃতজ্ঞ। আশা করি সামনের দিনগুলোতে ভাল থাকতে পারব। এর বেশি কিছু চাই না। আমাদের গোপনীয়তা রক্ষার জন্য ও বোঝার জন্য সকলকে ধন্যবাদ।”
২০১৮ সালের ১৪ ডিসেম্বর চার হাত এক হয়েছিল সাইনা এবং কশ্যপের। তবে তাঁদের সম্পর্কের শুরু আরও অনেক আগে। ১৯৯৭ সালে প্রথম দেখা হয়েছিল দু’জনের, একটি কোচিং ক্যাম্পে। ২০০২ সাল থেকে নিয়মিত দেখা করতে করতে ২০০৫ সালে পুলেল্লা গোপীচাঁদ (Pullela Gopichand)-এর অ্যাকাডেমিতে একসঙ্গে তাঁরা অনুশীলন শুরু করেন। সেখানেই গড়ে উঠেছিল সখ্যতা, যা ধীরে ধীরে রূপ নেয় গভীর প্রেমে। অনুশীলনের ফাঁকে ফাঁকেই তৈরি হয় এক অনন্য বন্ধন। একটি সাক্ষাৎকারে সাইনা বলেছিলেন, “প্রশিক্ষণের সময়ও কশ্যপের চেয়ে ভাল হতে চাইতাম। ও ছিল আমার সবচেয়ে বড় প্রতিযোগী এবং সবচেয়ে বড় অনুপ্রেরণাও।” অন্যদিকে, ২০১০ সালে সাইনা যখন এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতছিলেন, কশ্যপ (Parupalli Kashyap) তখন লড়াই করছিলেন চোটের সঙ্গে। ২০১৫ সালে পায়ের পেশিতে গুরুতর চোট পান কশ্যপ। সেই সময় তাঁর সবচেয়ে বড় সমর্থন হয়ে দাঁড়ান সাইনা। পরের বছর রিও অলিম্পিকে খেলতে না পারলেও, প্রেমিকার শক্ত হাত ধরেই মানসিকভাবে ঘুরে দাঁড়ান কশ্যপ। ২০১২ সালে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েন সাইনা, আর সেই একই বছর ভারতের প্রথম পুরুষ কোয়ার্টার ফাইনালিস্ট হয়ে নজর কাড়েন কশ্যপ। তাঁদের সম্পর্কের দৃঢ়তা আরও বাড়িয়ে দিয়েছিল এই জয়।
লুকিয়ে চলা প্রেম ধীরে ধীরে প্রকাশ্যে আসে। যদিও প্রথমদিকে দু’জনেই সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। এই জুটি ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। তবে হায়দরাবাদের (Hyderabad) রিসেপশন পার্টিতে ক্রীড়া এবং সিনেমা জগতের বহু তারকাই এসেছিলেন। বিয়ের পর থেকে প্রায়শই সমাজমাধ্যমে একে অপরের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবি তাঁরা পোস্ট করতেন। কখনও বিদেশ সফর, কখনও বা পাহাড়ের কোলে ছুটি কাটানোর ছবি মুগ্ধ করত অনুরাগীদের। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলেছে। ব্যাডমিন্টন কোর্টে যেমন তাঁদের মধ্যে প্রতিযোগিতা ছিল, তেমনই ব্যক্তিগত জীবনেও ছিল নানা টানাপোড়েন। অনুশীলন, চোট, আন্তর্জাতিক টুর্নামেন্ট, ব্যস্ততার মাঝে ধীরে ধীরে তৈরি হয় দূরত্ব। আর সেই দূরত্বই অবশেষে ডেকে আনল বিচ্ছেদ।
ভারতীয় ব্যাডমিন্টনের দুই বড় তারকা, দু’জনেই নিজের নিজের ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছেছেন। সাইনা (Saina Nehwal) হয়েছেন বিশ্বের এক নম্বর শাটলার। অন্যদিকে, কশ্যপ (Parupalli Kashyap) কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। এক দশকের বেশি সময় ধরে ব্যাডমিন্টন কোর্টে ও জীবনের কোর্টে একে অপরের ছায়াসঙ্গী ছিলেন তাঁরা। কিন্তু সেই সম্পর্কই এ বার চূড়ান্ত পরিণতির পথে পৌঁছাল। সাইনা-কশ্যপের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই মনখারাপের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রীড়ামহলে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনে শান্তি এবং মানসিক সুস্থতাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন তাঁদের। অনুরাগীরাও চাইছেন প্রিয় তারকাদের জীবনে ফিরে আসুক নতুন আলোর রেখা।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Travelog : Nahargarh Fort, Rajasthan | রাজপ্রাসাদের ছায়ায় নাহারগড়, জমকালো ঐতিহ্যের ব্যঞ্জনা



