প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডে নতুন মুখ মানেই প্রত্যাশার চাপ, আর সেই চাপের মাঝেই বিস্ময়কর মন্তব্য করে আলোচনার কেন্দ্রে দক্ষিণী তারকা সাই পল্লবী (Sai Pallavi)। আমির খান-এর (Aamir Khan) প্রযোজনায় তৈরি ‘এক দিন’ (Ek Din) ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের কাস্টিং নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। শুধু প্রশ্ন নয়, সরাসরি প্রযোজকের সামনেই নিজের আপত্তি জানিয়ে দেন এই অভিনেত্রী, যা নিয়ে এখন তুমুল চর্চা শুরু হয়েছে চলচ্চিত্র মহলে।দক্ষিণ ভারতীয় সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি গড়ে তোলা সাই পল্লবীর বলিউডে আগমন ঘিরে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। বিশেষ করে আমির খানের ছেলে জুনায়েদ খান (Junaid Khan)-এর সঙ্গে তাঁর জুটি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু পর্দার আড়ালের ঘটনাপ্রবাহ একেবারেই অন্য ছবি তুলে ধরছে।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, ছবির শুটিং চলাকালীনই নিজের চরিত্র নিয়ে অস্বস্তি তৈরি হয় সাইয়ের মনে। শুরুতে চিত্রনাট্য পড়ে তিনি ভেবেছিলেন, ছবিটি জনপ্রিয় হলিউড ছবি ‘বিফোর সানরাইজ’ (Before Sunrise)-এর ধাঁচে তৈরি হবে। সেই ধারণা থেকেই ছবিতে কাজ করতে সম্মতি দেন তিনি। কিন্তু শুটিং ফ্লোরে পৌঁছে এবং গল্পের উপস্থাপনা কাছ থেকে দেখেই তাঁর মনে হয়, বিষয়টি তাঁর প্রত্যাশার সঙ্গে মিলছে না। এই অনুভূতি এতটাই প্রবল হয়ে ওঠে যে, সাই পল্লবী সরাসরি আমির খানের কাছে গিয়ে বলেন, ‘আমার মনে হচ্ছে, আমি এই চরিত্রটার জন্য ঠিক নই। আমাকে এখানে খুব একটা মানাচ্ছে না।’ আরও এক ধাপ এগিয়ে তিনি নাকি প্রস্তাব দেন, ‘এই চরিত্রে যদি একটু বেশি গ্ল্যামারাস বা অন্য ধরনের নতুন মুখ নেওয়া হত, তাহলে হয়ত ছবিটা আরও ভাল লাগত।’ এই মন্তব্য নিঃসন্দেহে সাহসী, কারণ সাধারণত অভিনেতারা নিজেদের কাস্টিং নিয়ে প্রকাশ্যে এমন মত দেন না। বিশেষ করে বলিউডে প্রথম কাজের সময় এ ধরনের কথা বলা অনেকেই এড়িয়ে চলেন। কিন্তু সাই পল্লবী নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন।

সাইয়ের এই অনুভূতির পিছনে ব্যক্তিগত কাজের চাপও একটি বড় কারণ বলে জানা গেছে। একাধিক গভীর ও মানসিকভাবে চাপ তৈরি করা চরিত্রে কাজ করার পর তিনি কিছুটা হালকা প্রকৃতির চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু ‘এক দিন’-এর চরিত্রটি করতে গিয়ে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেই মনে হয়েছে তাঁর। ছবির মুক্তির পর যে প্রতিক্রিয়া এসেছে, তা অনেকাংশেই সাইয়ের সন্দেহকে সত্যি বলে প্রমাণ করেছে বলে মনে করা হচ্ছে। সমালোচকদের একাংশের মতে, ‘সাই পল্লবীর মতো শক্তিশালী অভিনেত্রীকে এই ছবিতে যথাযথভাবে ব্যবহার করা হয়নি।’ গল্প ও উপস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে বক্স অফিসেও ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। কিন্তু এই অভিজ্ঞতা সাই পল্লবীর ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে কি না, তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকেই মনে করছেন, একজন অভিনেত্রীর নিজের কাজ নিয়ে এমন খোলামেলা মনোভাব ভবিষ্যতে তাঁর পছন্দ ও সিদ্ধান্তকে আরও দৃঢ় করবে।

বলিউডে তাঁর এই শুরুটা যতই আলোচনার জন্ম দিক, সামনে রয়েছে আরও বড় সুযোগ। পরিচালক নীতিশ তিওয়ারি (Nitesh Tiwari)-র বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ (Ramayana)-এ সীতা চরিত্রে অভিনয় করতে চলেছেন সাই পল্লবী। সেখানে তাঁর বিপরীতে থাকবেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। সিনেমা মহলের একাংশের মতে, এই ছবিই সাই পল্লবীর বলিউড যাত্রার আসল পরীক্ষা হতে চলেছে। কারণ, পৌরাণিক চরিত্রে অভিনয় করার জন্য যে সংযম, অভিব্যক্তি এবং গভীরতা প্রয়োজন, তা সাইয়ের অভিনয় দক্ষতার সঙ্গে মানানসই বলেই মনে করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সাই পল্লবীর মন্তব্যকে অনেকেই দেখছেন একজন শিল্পীর আত্মসমালোচনার উদাহরণ হিসেবে। নিজের সীমাবদ্ধতা ও উপযুক্ততা নিয়ে ভাবার ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বলিউডে নিজের জায়গা তৈরি করার পথে এই অভিজ্ঞতা কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। তবে একথা নিশ্চিত, সাই পল্লবী তাঁর সোজাসাপটা মন্তব্যের মাধ্যমে আবারও প্রমাণ করলেন, তিনি শুধুমাত্র পর্দার তারকা নন, বরং নিজের কাজ নিয়ে গভীরভাবে চিন্তা করেন এমন এক শিল্পী।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Mani Ratnam Vijay Sethupathi Sai Pallavi new film | মণি রত্নম-বিজয় সেতুপতি-সাই পল্লবী: কলিউডে নতুন চমক, ফিরছে শক্তিশালী জুটি



