Sachin Tendulkar’s Emotional Words Ahead of Arjun Tendulkar Wedding | অর্জুন তেন্ডুলকরের বিয়ের আগে সচিনের আবেগঘন মন্তব্য, ‘ওরা প্রেমে পাগল’

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা: ক্রিকেটের মাঠে তিনি অসংখ্য রেকর্ডের সাক্ষী। কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেট নয়, পরিবার। ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) তাঁর পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) -এর বিয়ের আগে আবেগঘন মন্তব্য করে চর্চায় উঠে এলেন। আগামী ৫ মার্চ অর্জুনের সঙ্গে ব্যবসায়ী সানিয়া চান্দ্রোক (Sania Chandok) -এর বিবাহ সম্পন্ন হতে চলেছে। তার আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) -এর প্রকাশ করা একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। সেই ভিডিওটিতে দেখা যায়, অর্জুন ও সানিয়া একসঙ্গে হাসিখুশি মুহূর্ত কাটাচ্ছেন। সেই দৃশ্যের মাঝেই সচিনের কণ্ঠ ভেসে আসে। তিনি বলেন, ‘যখন ছেলে কোনও মেয়েকে বাড়িতে পরিচয় করাতে নিয়ে আসে, তখন বুঝতে হয় সে বড় হয়ে গিয়েছে। ওরা একে অপরের প্রেমে পাগল।’ বাবার মুখে এই স্বীকারোক্তি মুহূর্তেই ভাইরাল হয়। ক্রিকেটপ্রেমী থেকে সাধারণ অনুরাগী, সবাই এই আবেগঘন মুহূর্তকে সাধুবাদ জানিয়েছেন।

অর্জুনকে উদ্দেশ্য করে সচিন আরও বলেন, ‘তোমার জন্য আমি ভীষণ গর্বিত। তুমি এমন একজনকে পেয়েছ, যে তোমাকে ঠিক ততটাই ভালোবাসে, যতটা তুমি তাকে ভালোবাসো।’ ক্রিকেটমহলে এই বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ সচিন বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। তাই ছেলের সম্পর্ক নিয়ে এভাবে প্রকাশ্যে মন্তব্য করা অনেকের কাছেই চমকপ্রদ।উল্লেখ্য, অর্জুন ও সানিয়ার বাগদান সম্পন্ন হয় ২০২৫ সালের আগস্ট মাসে। ঘনিষ্ঠ মহলের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁদের বন্ধুত্ব ও সম্পর্ক ছিল। সানিয়া মুম্বইয়ের এক প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সদস্যা এবং নিজেও সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। তেন্ডুলকর পরিবারের সঙ্গে তাঁর পরিচয় নতুন নয়। ধীরে ধীরে সেই সম্পর্ক পরিণতির দিকে এগিয়েছে।

আরও পড়ুন : Arjun Tendulkar and Saniya Chandhok Dubai trip | বিয়ের আগেই সানিয়াকে নিয়ে ‘মধুচন্দ্রিমা’! সচিন-পুত্র অর্জুনের ঘনিষ্ঠ মুহূর্তে জল্পনা তুঙ্গে

আগামী ৫ মার্চের বিবাহ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। আমন্ত্রিত অতিথির তালিকায় দেশের শীর্ষ ব্যক্তিত্বদের নাম শোনা যাচ্ছে। সম্ভাব্য অতিথিদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ক্রিকেট ও ক্রীড়া জগতের বহু পরিচিত মুখও উপস্থিত থাকতে পারেন বলে উল্লেখ। ফলে এই বিয়ে শুধু পারিবারিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকছে না, তা হয়ে উঠছে উচ্চপ্রোফাইল সামাজিক আয়োজন। অন্যদিকে, ক্রিকেটার হিসেবে অর্জুন তেন্ডুলকর ইতিমধ্যেই নিজের স্বতন্ত্র পরিচয় গড়ার পথে হাঁটছেন। বাঁহাতি পেসার ও লোয়ার অর্ডারের ব্যাটার হিসেবে তিনি ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। ২০২২ সালে রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে তিনি অনন্য কীর্তি স্থাপন করেন—যা অনেকেই সচিনের অভিষেকের স্মৃতি উসকে দিয়েছিল বলে মনে করেন। আইপিএলেও তাঁর যাত্রা আলোচিত। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শুরু হলেও সম্প্রতি তিনি লখনউ সুপার জায়ান্টস-এ (Lucknow Super Giants) যোগ দিয়েছেন। নতুন মরসুমে নতুন জার্সিতে তাঁকে দেখার অপেক্ষায় ক্রিকেটমহল।

অর্জুন ও সানিয়ার বিয়ের আগে প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে একাধিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, দুই পরিবারই এই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত। অনুরাগীদের একাংশ লিখেছেন, ‘ছেলের জীবনের এই বিশেষ দিনে সচিনের আবেগ দেখে ভালো লাগছে।’ অর্জুনের ক্রিকেট কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের এই নতুন সূচনা একসঙ্গে আলোচনায় এসেছে। সচিনের কথায় ধরা পড়েছে এক জনক হৃদয়ের গর্ব ও ভালোবাসা। মাঠে শতরানের উল্লাস যেমন কোটি মানুষ দেখেছেন, তেমনই এবার তাঁকে দেখা গেল পিতৃত্বের আবেগে ভেসে যেতে।

ক্রিকেটবিশ্বে সচিন তেন্ডুলকর নামটি এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত। তাঁর ছেলের উপর প্রত্যাশার চাপ সবসময়ই বেশি। তবে অর্জুন ধীরে ধীরে নিজের পথ তৈরি করছেন। বিয়ে তাঁর জীবনে নতুন দায়িত্ব ও প্রেরণা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। অর্জুন-সানিয়ার সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন সচিন। কিন্তু এই ভিডিওতে তাঁর উক্তি ‘ওরা একে অপরের প্রেমে পাগল’ অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিল। এখন দেখার, জীবনের এই নতুন ইনিংসে অর্জুন কতটা সফল হন। ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত সুখের এই অধ্যায় তাঁকে কতটা শক্তি দেয়, তা সময়ই বলবে।

ছবি : সংগৃহীত।
আরও পড়ুন : Sachin Tendulkar Anjali Love Story | অর্জুনের বিয়ের আবহে ভাইরাল সচিন-অঞ্জলির প্রেমকাহিনি: ৫ বছরের বড় ডাক্তারি ছাত্রী কীভাবে জিতে নেন সচিনকে?

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন