শুভ্রাংশু রায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আইপিএল (IPL) মানেই চমক আর অপ্রত্যাশিত মোড়। ২০২৬ সালের মরশুম শুরুর আগেই নতুন জল্পনা রীতিমতো সরগরম করেছে ক্রিকেট দুনিয়া। সূত্রের খবর, ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians – MI) সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে এবার নাকি কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders – KKR) যোগ দিতে চলেছেন। শুধু তা-ই নয়, তাকে অধিনায়ক করার পরিকল্পনাও রয়েছে কেকেআরের কর্তাদের।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার আইপিএল ট্রফি জেতা রোহিত শর্মাকে (Rohit Sharma) গত মরশুমে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে নেতৃত্ব ছেড়ে দিতে হয়েছিল। এই সিদ্ধান্ত অনেক সমর্থক মেনে নিতে পারেননি। মাঠে বারবার শোনা গিয়েছে ‘রোহিত, রোহিত’ ধ্বনি, যা দলীয় পরিবেশকে উত্তপ্ত করেছিল। বোর্ডের অভ্যন্তরীণ চাপে পড়েই তিনি পদ ছেড়েছিলেন বলে জোর জল্পনা তৈরি হয়েছিল।

বিশেষ সূত্রে খবর, নাইট শিবিরে তার আসার সম্ভাবনা প্রবল। কেকেআরের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, “রোহিতের মতো অভিজ্ঞ অধিনায়ককে পাওয়া দলের জন্য সোনায় সোহাগা হবে। তার নেতৃত্বে মুম্বাই যেমন একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে, তেমনই কলকাতাকেও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন।” এখানেই শেষ নয়। বর্তমানে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) রোহিত শর্মার ঘনিষ্ঠ বন্ধু। দু’জনের বন্ধুত্বের সম্পর্ক অনেক পুরনো, মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেট থেকেই শুরু। একাধিকবার তাদের একসঙ্গে সময় কাটানোর ছবি ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট মহলের ধারণা, নায়ারের অনুরোধেই রোহিত শর্মা (Rohit Sharma) মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কলকাতায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন।

গত মরশুমে কেকেআরের পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার পর আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) অধিনায়কত্বে দল ভীষণভাবে ব্যর্থ হয়। ১৪ ম্যাচে ৭ বার হারের পর প্লে-অফেই জায়গা করে নিতে পারেনি নাইটরা। আন্দ্রে রাসেল (Andre Russell) থেকে সুনীল নারিন (Sunil Narine) প্রায় সব তারকাই ফর্ম হারিয়েছিলেন। সেই কারণেই এবার কেকেআর কর্তারা নতুন অধিনায়কের খোঁজ শুরু করেছেন। আর সেই তালিকায় শীর্ষে রোহিত শর্মার নাম। তবে এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ফ্রাঞ্চাইজির অন্দরে চর্চা শুরু হয়েছে, রোহিতকে ছেড়ে দিলে হয়ত ভক্তদের ক্ষোভ আরও বাড়তে পারে।

অন্যদিকে, কেকেআরের সমর্থকরা রোহিতের সম্ভাব্য আগমন নিয়ে উচ্ছ্বসিত। এক সমর্থকের ভাষায়, “রোহিত শর্মা শুধু খেলোয়াড় নন, তিনি ব্র্যান্ড। যদি তিনি ইডেনে নাইট বাহিনীর জার্সি গায়ে চাপান, তাহলে মাঠে আলাদা উন্মাদনা দেখা যাবে।” তবে প্রতিযোগিতায় রয়েছে অন্য দলও। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals – RR), সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad – SRH) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals – DC) ইতিমধ্যেই মুম্বাই ইন্ডিয়ান্স কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে সূত্রের খবর। আগামী দিনের নিলামে তাই রোহিত শর্মাকে (Rohit Sharma) ঘিরে উঠতে চলেছে ব্যাপক দর-কষাকষি।

পরিসংখ্যান বলছে, আইপিএল ২০২৫ মৌসুমে রোহিত শর্মা ১৫ ম্যাচে ৪১৮ রান করেছিলেন, যার মধ্যে রয়েছে ৪টি অর্ধশতরান। যদিও আগের মরশুমগুলোর মতো ধারাবাহিকতা ছিল না, তবু তার নেতৃত্বগুণে ভরসা রাখছে দলগুলো।

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2025) জেতানো হিটম্যান কি এবার আইপিএল মঞ্চে নাইট বাহিনীকে শিরোপা এনে দিতে পারবেন, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।যা-ই হোক, রোহিত শর্মার (Rohit Sharma) দলবদলের খবর ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে ক্রিকেট মহলে। সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণার জন্য। আগামী মরশুমে ইডেনে যদি রোহিত নাইট বাহিনীকে নেতৃত্ব দেন, তবে নিঃসন্দেহে কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সেটি এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sourav Ganguly on Rohit and Kohli | এক দিনের ক্রিকেট থেকে কি সত্যিই সরে যাবেন রোহিত-কোহলি? কী জানালেন সৌরভ?



