Rinku Singh century in Vijay Hazare Trophy 2025-26 | ৬০ বলেই শতরান রিঙ্কুর, মাঠ ছেড়ে হাসপাতালে কেকেআরের আর এক ব্যাটার- ব্যাটিং বিপর্যয়ে হার বাংলার

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, জয়পুর : বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬ (Vijay Hazare Trophy 2025-26) ঘিরে রবিবার ঘরোয়া ক্রিকেটে একাধিক নাটকীয় ঘটনা নজর কাড়ল। এক দিকে দুরন্ত ফর্মে থাকা রিঙ্কু সিং (Rinku Singh) মাত্র ৬০ বলে ঝকঝকে শতরান করে প্রমাণ করলেন তিনি কেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে ভারতীয় দলের অন্যতম ভরসা। অন্য দিকে, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) আর এক প্রতিভাবান ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) চোট পেয়ে মাঠ ছেড়ে হাসপাতালে চলে যেতে বাধ্য হলেন। এদিনই আবার ব্যাটিং ব্যর্থতায় ভুগে বরোদার (Baroda) কাছে লজ্জার হার মানতে হল বাংলা দলকে (Bengal)।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অধিনায়ক হিসেবে খেলতে নেমে রিঙ্কু সিং আগেই বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি দারুণ ছন্দে রয়েছেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হায়দরাবাদের (Hyderabad) বিরুদ্ধে ৪৮ বলে ৬৭ রান করে আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন কেকেআরের এই ব্যাটার। ছয়টি চার ও দু’টি ছক্কার সাহায্যে ১৩৯.৫৮ স্ট্রাইক রেটে করা সেই ইনিংস ছিল আগাম ইঙ্গিত। তবে সেই ম্যাচে তিনি বেশি সময় ব্যাট করার সুযোগ পাননি। চণ্ডীগড়ের (Chandigarh) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সেই সুযোগ পেয়েই পুরোপুরি কাজে লাগালেন রিঙ্কু।

আরও পড়ুন : India vs Sri Lanka Women T20, Shafali Verma Record | শেফালির ব্যাটে দাপট, দীপ্তি-রেণুকার আগুনে বোলিং, তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ় জিতে নিল ভারত

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেন রিঙ্কু সিংহ। বল বুঝে মারার পাশাপাশি শক্তির ব্যবহার ছিল চোখে পড়ার মতো। মাত্র ৬০ বলে ১০৬ রান করে তিনি অপরাজিত থাকেন। এই ইনিংসে ছিল ১১টি চার ও চারটি বিশাল ছক্কা। স্ট্রাইক রেট দাঁড়ায় ১৭৬.৬৭, যা এক দিনের ক্রিকেটে কার্যত টি-টোয়েন্টির স্বাদ এনে দেয়। তাঁর এই বিধ্বংসী শতরানের ভর করেই উত্তরপ্রদেশ ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ৩৬৭ রান, যা প্রতিপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

ভারতীয় দলে দীর্ঘদিন নিয়মিত সুযোগ না পেলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং। ফিনিশার হিসেবে তাঁকে ভাবা হচ্ছে। বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাস দেখে ক্রিকেট মহলের একাংশ মনে করছে, পরিস্থিতি বুঝে প্রথম একাদশেও সুযোগ পেতে পারেন তিনি। বিশ্বকাপের আগে ঘরোয়া ক্রিকেটে এই ধরনের ইনিংস রিঙ্কুর প্রস্তুতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিনের আর এক ঘটনায় উদ্বেগ ছড়ায় কেকেআর শিবিরে। মুম্বাইয়ের (Mumbai) হয়ে খেলতে নেমে উত্তরাখণ্ডের (Uttarakhand) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান অঙ্গকৃশ রঘুবংশী। ব্যাট হাতে তিনি মাত্র ১১ রান করেছিলেন। পরে ফিল্ডিংয়ের সময় একটি কঠিন ক্যাচ ধরতে গিয়ে ডাইভ দেন তিনি। সেই সময় কাঁধে আঘাত লাগে। তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকায় তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। সঙ্গে সঙ্গে জয়পুরের (Jaipur) একটি হাসপাতালে সিটি স্ক্যানের জন্য পাঠানো হয়। চোটের প্রকৃতি নিয়ে এখনও মুম্বই দলের তরফে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, তবে আইপিএলের (IPL) আগে এই ঘটনা কেকেআরের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াল।

 

এ দিনের আর এক উল্লেখযোগ্য পারফরম্যান্স এসেছে বিদর্ভের (Vidarbha) ধ্রুব শোরে (Dhruv Shorey)-এর ব্যাট থেকে। হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ৭৭ বলে ১০৯ রান করেন। ইনিংসে ছিল ৯টি চার ও ৬টি ছক্কা। তাঁর ব্যাটে ভর করেই বিদর্ভ ৫ উইকেটে ৩৬৫ রান তোলে। লিস্ট এ ক্রিকেটে এটি ধ্রুব শোরের অষ্টম শতরান। আরও চমকপ্রদ বিষয় হল, শেষ পাঁচটি ম্যাচে টানা পাঁচটি শতরান করেছেন তিনি। এই নজিরে তিনি ছুঁয়ে ফেলেছেন নারায়ণ জগদীশনকে (Narayan Jagadeesan), তিনি ২০২২-২৩ বিজয় হজারে ট্রফিতে একই কৃতিত্ব দেখিয়েছিলেন। অন্য দিকে, বাংলার জন্য দিনটি ছিল হতাশার। প্রথম ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে ৩৮৩ রান তাড়া করে জয়ের পর আত্মবিশ্বাসী থাকলেও দ্বিতীয় ম্যাচে বরোদার বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় ভেঙে পড়ে বাংলা। রাজকোটের (Rajkot) মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে মাত্র ২০৫ রানেই অল আউট হয়ে যায় তারা। অভিষেক পোড়েল (Abhishek Porel) ৩৮, অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar) ৪৭ এবং কর্ণ লাল (Karan Lal) ৪০ রান করলেও বড় ইনিংসের অভাব স্পষ্ট ছিল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) মাত্র ৫ রানে আউট হওয়ায় চাপ আরও বাড়ে। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় কোনও জুটিই গড়ে ওঠেনি।

বরোদার হয়ে রাজ লিম্বানি (Raj Limbani) দুরন্ত বোলিং করে ৫ উইকেট নেন। তাঁকে দারুণভাবে সহায়তা করেন অধিনায়ক ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya), তিনি ৩ উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে বরোদা ৩৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। শাশ্বত রাওয়াত (Shashwat Rawat) ৬১, প্রিয়াংশু মোলিয়া (Priyanshu Moliya) ৫২ এবং ক্রুণাল পাণ্ড্য নিজে ৫৭ রান করে জয়ের ভিত গড়ে দেন। ব্যাটে-বলে ম্যাচের নায়ক ছিলেন বরোদা অধিনায়ক ক্রুণাল। বাংলার হয়ে মহম্মদ শামি (Mohammed Shami) ৯ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট নিলেও তা যথেষ্ট হয়নি। উল্লেখ্য যে, বিজয় হাজারে ট্রফির এই দিনটি রিঙ্কু সিংহের উত্থান, অঙ্গকৃশ রঘুবংশীর চোট, ধ্রুব শোরের ধারাবাহিকতা এবং বাংলার ব্যাটিং ব্যর্থতার জন্য স্মরণীয় হয়ে থাকল।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rinku Singh Century Asia Cup 2025 | ৪৮ বলে সেঞ্চুরি! এশিয়া কাপের আগে দুর্দান্ত ফর্মে রিঙ্কু সিং, প্রথম একাদশে জায়গা মিলবে কেকেআর ব্যাটারের?

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন