সংবেদন শীল, সাশ্রয় নিউজ ডেস্ক ★ সাশ্রয় নিউজ ডেস্ক : ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করতে চলেছেন উত্তরবঙ্গের মেয়ে ঋচা ঘোষ (Richa Ghosh)। বিশ্বকাপ জয়ী এই তরুণ তারকার নামেই তৈরি হতে চলেছে দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম, “ঋচা ক্রিকেট স্টেডিয়াম (Richa Cricket Stadium)”। এমন সম্মান এখনও পর্যন্ত পাননি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) বা মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মতো কিংবদন্তী ক্রিকেটাররাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন এই ঐতিহাসিক সিদ্ধান্ত।ঋচার সাফল্যের গল্প যেন সিনেমার মতো। শিলিগুড়ির (Siliguri) এক সাধারণ পরিবারের মেয়ে থেকে বিশ্বকাপজয়ী নায়িকা হয়ে ওঠার এই যাত্রা এখন গোটা দেশের মেয়েদের অনুপ্রেরণা। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে ১০২/৬ অবস্থায় ঋচার ৯৪ রানের ইনিংস শুধু ভারতকে জেতায়নি, নারী ক্রিকেটের ভাবনাকেও বদলে দিয়েছে। তার শেষ ওভারের ছক্কা-চারে ভারতকে এনে দিয়েছিল বিশ্বজয়, আর সেই পারফরম্যান্সেই তিনি জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের সারিতে। এখন সেই জয়ের স্মারক হিসেবেই তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “দার্জিলিংয়ে প্রায় ২৭ একর জমি রয়েছে সরকারের কাছে। আমরা সেখানে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়তে চাই, যার নাম হবে ‘ঋচা ক্রিকেট স্টেডিয়াম’। ভবিষ্যৎ প্রজন্ম যেন এই মেয়ের সাফল্য মনে রাখে, অনুপ্রাণিত হয়।” রাজ্যের এই ঘোষণা মুহূর্তেই আলোড়ন তুলেছে ক্রিকেটমহলে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB) -এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “ঋচার পারফরম্যান্স দেখার মতো ছিল। ওর মধ্যে ঠাণ্ডা মাথার ক্রিকেট বুদ্ধি আছে, ও একদিন ভারতীয় দলের অধিনায়কও হতে পারে।”
এই সংবর্ধনা অনুষ্ঠানে ঋচাকে দেওয়া হয় সোনার প্রলেপ দেওয়া ব্যাট ও বল, যা স্বাক্ষরিত ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) হাতে। সাম্প্রতিক অতীতের কিংবদন্তীদের সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধন।
এখানেই শেষ নয়, রাজ্য সরকার ঋচাকে দিয়েছে ‘বঙ্গভূষণ’ (Banga Bhushan) সম্মান, সঙ্গে সোনার চেন এবং পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (DSP) পদে নিয়োগ। একজন তরুণী ক্রিকেটার হিসেবে এ এক অভূতপূর্ব সম্মান, যা আগে খুব কম ক্রীড়াবিদই পেয়েছেন। ঋচা বলেন, “আমি শুধু নিজের জন্য খেলিনি, দেশের প্রতিটি মেয়ের জন্য খেলেছি যারা একদিন মাঠে নামার স্বপ্ন দেখে। দার্জিলিংয়ের পাহাড়ে আমার নামে স্টেডিয়াম হবে, এটা ভাবতেও পারিনি। এই সম্মান আমার বাবা-মা এবং কোচদের।”
ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই স্টেডিয়াম ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে। দেশের বিভিন্ন স্টেডিয়ামের গ্যালারি বা স্ট্যান্ড ঝুলন গোস্বামী ও মিতালি রাজের (Mithali Raj) নামে থাকলেও, কোনও পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম এখনো পর্যন্ত কোনও মহিলা ক্রিকেটারের নামে হয়নি। “ঋচা ক্রিকেট স্টেডিয়াম” তাই শুধু একটি নারী ক্রিকেটের আত্মবিশ্বাস, সমান মর্যাদা এবং ভবিষ্যতের শক্তি। উত্তরবঙ্গের মেয়েদের কাছে এটি হয়ে উঠবে প্রেরণার কেন্দ্র, যেখানে প্রতিটি বলে প্রতিধ্বনিত হবে এক তরুণীর লড়াইয়ের কাহিনি।দার্জিলিংয়ের পাহাড়ি হাওয়ায় এখনই প্রতিধ্বনিত হচ্ছে ঋচার নাম। রাজ্যের ক্রীড়া দফতর ইতিমধ্যে স্থাপত্য পরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে। আগামী বছর শিলান্যাস হওয়ার সম্ভাবনা প্রবল। জানা গেছে, স্টেডিয়ামে থাকবে আধুনিক ট্রেনিং সেন্টার, ইনডোর প্র্যাকটিস এরিনা এবং একটি ক্রিকেট আকাডেমিও, যেখানে মেয়েদের জন্য থাকবে বিশেষ সুযোগ-সুবিধা। ক্রিকেটমহলে এখন একটাই কথা “ঋচা ঘোষ শুধু ম্যাচ জেতেননি, জিতে নিয়েছেন দেশের হৃদয়ও।”
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Anushka Sharma Chakda Express release date | কবে মুক্তির আলো দেখতে চলেছে অনুষ্কার ‘চাকদা এক্সপ্রেস’! আলোচনায় ফিরলেন কোহলি পত্নী



