শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটকে (Alia Bhatt) ঘিরে নেটদুনিয়ার কৌতূহল যেন থামছেই না। কখনও কোনও সাক্ষাৎকারের একটি অংশ, কখনও আবার কোনও অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের আচরণ, এই সব টুকরো মুহূর্ত নিয়েই তৈরি হচ্ছে নানা ব্যাখ্যা, বিতর্ক ও মিম।

অনেক সময় সেই সব নিয়েই প্রশ্ন উঠছে তাঁদের দাম্পত্য রসায়ন নিয়ে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ‘অনলাইন নয়েজ’ নিয়েই মুখ খুললেন আলিয়া, আর সেখানেই রণবীরকে টেনে এনে বললেন এমন এক কথা, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।আলিয়ার কথায়, ইন্টারনেট দুনিয়া আসলে বাস্তব জীবনের খুব সামান্য অংশই তুলে ধরে।
তাঁর কথায়, ‘মানুষ যে ভিডিওগুলো দেখে, সেগুলো অনেক সময় সাড়ে তিন সেকেন্ড বা সাত সেকেন্ডের। অথচ আমরা একসঙ্গে সাতটা বছর কাটিয়েছি। এই সাত বছরে কয়েক কোটি সেকেন্ড আমরা একে অপরের পাশে থেকেছি। সেই অভিজ্ঞতাকে কী কয়েক সেকেন্ডের ভিডিও দিয়ে মাপা যায়?’ অভিনেত্রীর এই মন্তব্যে অনেকেই দেখছেন এক ধরনের দৃঢ় আত্মবিশ্বাস, আবার কেউ কেউ বলছেন, এটাই অনলাইন ট্রোলের প্রতি সবচেয়ে পরিণত জবাব।

আলিয়া ভাট আরও বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা মন্তব্য বা ব্যাখ্যা তাঁদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে না। তাঁর মতে, ‘মানুষ প্রেক্ষাপট না জেনেই কথা বলেন। তাঁরা জানেন না, একটি ভিডিওর আগে বা পরে কী হয়েছে। তাই সেই মন্তব্যগুলো আমাদের ঘরে ঢোকে না।’
এই বক্তব্য থেকেই স্পষ্ট, রণবীর ও আলিয়া তাঁদের সম্পর্কের ভিত নিয়ে যথেষ্ট নিশ্চিত। প্রসঙ্গত, নেটদুনিয়ায় রণবীর-আলিয়াকে নিয়ে যে অসংখ্য মিম তৈরি হয়, সেগুলিও যে তাঁদের জীবনে বিশেষ কোনও ছাপ ফেলে না, সেটাও জানালেন আলিয়া। কখনও কখনও তাঁরা দু’জনেই বসে সেই সব মিম দেখেন এবং হেসে ফেলেন, আবার অনেক সময় সেগুলো তাঁদের চোখেই পড়ে না।

আলিয়ার কথায়, ‘বিরক্তি বা দুশ্চিন্তার কোনও জায়গা নেই আমাদের জীবনে। আমি কি আমার স্বপ্নপূরণ করছি? হ্যাঁ। আমি কি প্রতিদিন কৃতজ্ঞতা নিয়ে ঘুমাতে যাই? একশ শতাংশ। চারজন অচেনা মানুষ কী ভাবল, তাতে আমার সংসারের সমীকরণ বদলায় না।’

এই বক্তব্যের মধ্য দিয়ে অভিনেত্রী আলিয়া ভাট বুঝিয়ে দিলেন, তাঁর কাছে ব্যক্তিগত সুখ আর মানসিক শান্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনলাইন বিতর্ক বা ট্রোলিং সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা রাখে না। ব্যক্তিগত জীবনের এই দৃঢ় অবস্থানের পাশাপাশি আলিয়ার কেরিয়ারও এখন দুরন্ত গতিতে এগোচ্ছে। বলিউডে তিনি বর্তমানে অন্যতম ব্যস্ত ও সফল অভিনেত্রী। আদিত্য চোপড়া-এর (Aditya Chopra) প্রযোজনায় যশরাজ ফিল্মসের স্পাই-থ্রিলার ‘আলফা’ (Alpha) ছবিতে তাঁকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। যশরাজের ‘স্পাই ইউনিভার্স’ -এর অংশ হিসেবে এই ছবিটি বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই প্রথম কোনও নারী চরিত্রকে কেন্দ্র করে তৈরি হচ্ছে গোটা গুপ্তচর কাহিনি। এর আগে ‘পাঠান’ (Pathaan), ‘টাইগার’ (Tiger) এবং ‘ওয়ার ২’ (War 2)-এর মতো ছবিতে পুরুষ চরিত্ররাই ছিলেন মূল কেন্দ্রে। ‘আলফা’ ছবিতে আলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শর্বরী ওয়াঘ (Sharvari Wagh) ও ববি দেওল (Bobby Deol)। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। অনেকেই মনে করছেন, এই ছবি আলিয়ার কেরিয়ারে আরও একটি নতুন মাইলফলক হতে চলেছে।

এখানেই শেষ নয়। আলিয়ার ঝুলিতে রয়েছে সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) -এর ম্যাগনাম ওপাস ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love And War)। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলকে (Vicky Kaushal)। ত্রিভুজ সম্পর্কের আবহে তৈরি এই ছবিটি নিয়ে শুরু থেকেই চর্চা তুঙ্গে। সূত্রের খবর, ছবিটি ২০২৭ সালের শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা। প্রসঙ্গত উল্লেখ্য, ব্যক্তিগত জীবন ও পেশাগত সাফল্য, দু’দিকই এখন আলিয়ার অনুকূলে। অনলাইন গুঞ্জন, কয়েক সেকেন্ডের ভিডিও বা ভাইরাল মিম এসবের ঊর্ধ্বে উঠে নিজের জীবনকে নিজের মতো করেই তিনি উপভোগ করছেন। আর সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই হয়ত প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, সাত বছরের সম্পর্ককে কি সত্যিই কয়েক সেকেন্ডে বিচার করা যায়?
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Alia Bhatt Pink Lips Secret, Kiara Advani Beauty Routine | আলিয়া-কিয়ারার মতো ঠোঁট পেতে চাইছেন? রান্নাঘরের এই উপকরণই হতে পারে আপনার বিউটি রহস্য



