দিলীপ গুহ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বেলুড় মঠে অনুষ্ঠিত হল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Math and Ramakrishna Mission) ১১৬তম বার্ষিক সাধারণ সভা। গত ১৪ ডিসেম্বর ২০২৫, বিকেল সাড়ে তিনটায় ঐতিহাসিক বেলুড় মঠ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সামগ্রিক কর্মধারা, সাফল্য, সম্প্রসারণ এবং ভবিষ্যৎ দিশা তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ (Swami Subirananda)। তিনি ২০২৪-২৫ অর্থবর্ষে সংগঠনের পরিচালন সমিতির কার্যবিবরণী সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন, সেখানে শিক্ষা, চিকিৎসা, ত্রাণ, গ্রামীণ উন্নয়ন এবং আধ্যাত্মিক সেবার বিস্তৃত চিত্র তুলে ধরা হয়।প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবর্ষে রামকৃষ্ণ মিশন দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে একাধিক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শিক্ষা ও গবেষণাক্ষেত্রে মিশনের অবদান নতুন উচ্চতায় পৌঁছেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের (Ministry of Agriculture and Farmers Welfare) অধীন National Mission on Natural Farming কর্মসূচীর আওতায় দেশের আরও চারটি প্রতিষ্ঠানের সঙ্গে রামকৃষ্ণ মিশনের ডিমড বিশ্ববিদ্যালয় RKMVERI (Ramakrishna Mission Vivekananda Educational and Research Institute) জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি দেশের প্রাকৃতিক কৃষি আন্দোলনে মিশনের সক্রিয় অংশগ্রহণকে আরও দৃঢ় করল।
শিক্ষাক্ষেত্রে আরও একটি বড় সাফল্য হিসেবে কোয়েম্বাতুরের কলেজ অব এডুকেশন এবং বেলুড় মঠের শিক্ষণমন্দির NAAC (National Assessment and Accreditation Council) কর্তৃক A+ গ্রেড অর্জন করেছে। একই সঙ্গে ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন NIRF (National Institutional Ranking Framework) র্যাঙ্কিংয়ে মিশন পরিচালিত একাধিক কলেজ উল্লেখযোগ্য স্থান দখল করেছে। রহড়ার বিবেকানন্দ সেন্টিনারি কলেজ (Vivekananda Centenary College, Rahara) জাতীয় স্তরে তৃতীয়, বেলুড় মঠের বিদ্যামন্দির রেসিডেন্সিয়াল কলেজ (Vidyamandir Residential College) ১৭তম, নরেন্দ্রপুর রেসিডেন্সিয়াল কলেজ (Narendrapur Ramakrishna Mission Residential College) ২৪তম এবং কোয়েম্বাতুরের আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ (Arts and Science College, Coimbatore) ৮২তম স্থানে জায়গা করে নিয়েছে। এছাড়াও, কৃষি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও মিশনের অবদান প্রশংসিত হয়েছে। রাঁচীর মোরাবাদি আশ্রমের দিব্যায়ন কৃষিবিজ্ঞান কেন্দ্র (Divyayan Krishi Vigyan Kendra) স্থানীয়ভাবে দুটি সুগন্ধি চাল উৎপাদনের জন্য ICAR (Indian Council of Agricultural Research) থেকে স্বীকৃতি ও শংসাপত্র লাভ করেছে। ক্রীড়া ও যোগচর্চার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্মান এসেছে কোয়েম্বাতুরের মারুতি কলেজ অব ফিজিক্যাল এডুকেশন (Maruti College of Physical Education) -এর ঝুলিতে, যা হংকংয়ের The World Sports Yoga Federation থেকে ‘Yoga World Record Certificate – Institution of Excellence Award’ পেয়েছে।
এছাড়াও, বিদ্যালয় স্তরেও একাধিক পুরস্কার এসেছে। ত্রিপুরা সরকার আগরতলার বিবেকনগর বিদ্যালয়কে (Viveknagar School, Agartala) শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে সম্মানিত করেছে। একইভাবে কেরালার কোজিকোড়ের জওহরলাল নেহেরু কালচারাল সোসাইটি (Jawaharlal Nehru Cultural Society, Kozhikode) পরিচালিত বিদ্যালয়ও শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে।

বিজ্ঞান ও গবেষণায় মিশনের অবদান তুলে ধরে প্রতিবেদনে জানানো হয়, ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন DSIR (Department of Scientific and Industrial Research) বেলুড় মঠের বিদ্যামন্দির আবাসিক কলেজকে SIRO (Scientific and Industrial Research Organisation) স্বীকৃতি প্রদান করেছে। পাশাপাশি ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষ্যে বেলুড় মঠে সর্বজনীন মন্দিরের ছবি-সহ বিশেষ পোস্টকার্ড ও pictorial cancellation প্রকাশ করেছে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তাঁর পৈতৃক আবাসের ছবি-সহ একটি বিশেষ ডাকখাম এবং মুর্শিদাবাদের সারগাছি আশ্রমের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আরও একটি স্মারক ডাকখাম প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন : PM Narendra Modi praises Devabrata | কাশীতে তরুণ দেবব্রতর বৈদিক সাধনায় দেশ গর্বিত, প্রশংসায় মুখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
উল্লেখ্য, সংগঠনের সম্প্রসারণের দিক থেকেও বছরটি উল্লেখযোগ্য। অসমের হাফলং ও কুরালভাঙা, অন্ধ্রপ্রদেশের নেলোর, পশ্চিমবঙ্গের সারাটি ও শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের নতুন শাখাকেন্দ্র স্থাপিত হয়েছে। পাশাপাশি গুজরাটের আদিপুর, মহারাষ্ট্রের কোলাপুর, কেরালার পথনমথিট্টা ও মধ্যপ্রদেশের রেওয়ায় রামকৃষ্ণ মঠের নতুন শাখা কেন্দ্র চালু হয়েছে। আন্তর্জাতিক স্তরে আমেরিকার ওয়াশিংটন ডি.সি.-তে একটি নতুন শাখাকেন্দ্র স্থাপনের কথাও জানানো হয়।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতবর্ষে রামকৃষ্ণ মঠ ও মিশন তাদের ২৪৪টি শাখাকেন্দ্র ও উপকেন্দ্রের মাধ্যমে মোট ১৬৭০.৭৯ কোটি টাকা ব্যয় করেছে। শিক্ষা খাতে ব্যয় হয়েছে ৭৪৩.১৭ কোটি টাকা, চিকিৎসা পরিষেবায় ৬০০.৫৪ কোটি টাকা এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পেও বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে। বিদেশে ২৪টি দেশে ৯৯টি শাখাকেন্দ্রের মাধ্যমে মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সংগঠন। সভা শেষে স্বামী সুবীরানন্দ সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মানবসেবাই ঈশ্বরসেবা, এই আদর্শকে সামনে রেখে রামকৃষ্ণ মিশন আগামী দিনেও নিরলসভাবে কাজ করে যাবে’।




