Rahul Dravid on short cricketers | খাটো ক্রিকেটাররাই সফল, কোহলি রেগে যেতে পারেন! দ্রাবিড়ের মজার মন্তব্যে আলোড়ন

SHARE:

রাহুল দ্রাবিড় এক পডকাস্টে জানালেন খাটো উচ্চতার ক্রিকেটাররাই বিশ্বসেরা। কোহলির নাম টানায় মজা করলেন তিনি। জানুন দ্রাবিড়ের ডাকনাম, ফিটনেস ও খাদ্যাভ্যাস নিয়ে অজানা তথ্য।

পারিজাত গঙ্গোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক : ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এক পডকাস্টে তিনি এমন মন্তব্য করেছেন, যা শুনে স্বয়ং বিরাট কোহলি (Virat Kohli) রেগে যেতে পারেন। কারণ, দ্রাবিড়ের মতে খাটো উচ্চতার ক্রিকেটাররাই ব্যাটিংয়ে সবচেয়ে বেশি সফল হয়েছেন। তাঁর কথায়, ‘বিশ্বসেরা অনেক ব্যাটারই খাটো উচ্চতার। ব্র্যাডম্যান (Don Bradman), সুনীল গাভাসকর (Sunil Gavaskar), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), ব্রায়ান লারা (Brian Lara), রিকি পন্টিং (Ricky Ponting)… তালিকা দীর্ঘ। কোহলিও খাটো উচ্চতার। ও হয়ত আমার কথায় একটু রেগে যাবে, কিন্তু সত্যিটা এড়ানো যায় না।’

আশিস কৌশিকের (Ashish Kaushik) ‘হাল চাল অউর সওয়াল’ পডকাস্টে দ্রাবিড় বলেন, ‘গাভাসকরের শরীরের ভারসাম্য দেখলে বোঝা যায় কতটা শক্তিশালী ব্যাটার ছিলেন তিনি। মনে হত ওঁকে আউট করাই অসম্ভব। আমি একটু লম্বা হওয়ায় ওঁর মতো ভারসাম্য রাখতে পারতাম না। সচিনও একই রকম। খাটো উচ্চতার ক্রিকেটাররা সেন্টার অফ গ্র্যাভিটির জন্য অনেক বেশি সুবিধা পান। তাই সফলতাও আসে সহজে।’ উল্লেখ্য যে, বিশ্ব ক্রিকেটের বহু কিংবদন্তীর উচ্চতা ৬ ফুটের কম। শচীন ও গাভাসকর মাত্র ৫ ফুট ৫ ইঞ্চি, ব্র্যাডম্যান ৫ ফুট ৭ ইঞ্চি, লারা ৫ ফুট ৮ ইঞ্চি। কোহলি ও পন্টিং ৫ ফুট ৯ ইঞ্চি হলেও দ্রাবিড় নিজে ৫ ফুট ১১ ইঞ্চি। তিনি হেসে বলেন, ‘তালিকায় যাঁদের নাম করলাম তাঁদের মধ্যে আমার উচ্চতাই সবচেয়ে বেশি। তাই হয়তো কোহলি মজা করে বলবে, আমি ওকে খাটো বলছি বলে রাগ করবেই।’

শুধু ব্যাটিং নয়, নিজের ডাকনাম, ফিটনেস, খাদ্যাভ্যাস ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেছেন দ্রাবিড়। দ্রাবিড়ের ডাকনাম ‘জ্যামি’ কিভাবে এল, তা নিয়েও মজার গল্প শোনালেন তিনি। তাঁর বাবা কিষাণ প্রোডাক্টসে কাজ করতেন, যেখানে জ্যাম ও জেলি তৈরি হত। ছোটবেলায় বন্ধুরা প্রায়ই তাঁকে জিজ্ঞেস করত বাবা কী করেন। উত্তর শুনে সকলে মজা করে ডাকতে শুরু করে ‘জ্যামি’। ভারতীয় দলে সেই ডাকনাম চালু করেছিলেন জভগল শ্রীনাথ (Javagal Srinath)। যদিও নিজের পছন্দের নাম ‘রাহুল’। তাঁর কথায়, ‘তিনটে ডাকনাম আছে : জ্যামি, ওয়াল, মিস্টার ব্লুম। তবে আমি চাই সবাই আমাকে শুধু রাহুল বলুক।

Read : Rohit Sharma Test retirement, Rohit Sharma cricket news | টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে হঠাৎ মুখ খুললেন রোহিত শর্মা

টেস্ট ক্রিকেটে ২১০টি ক্যাচ নেওয়া দ্রাবিড় ছিলেন বিশ্বের অন্যতম সেরা স্লিপ ফিল্ডার। কীভাবে স্লিপে দাঁড়ানো শুরু করেছিলেন, সেই অভিজ্ঞতাও ভাগ করে নিলেন। তিনি বলেন, ‘কর্নাটকের হয়ে রঞ্জি খেলতে গিয়েই স্লিপে দাঁড়ানো শুরু করি। আমি বোলার ছিলাম না, তাই উইকেট নেওয়ার সুযোগ আসত না। কিন্তু স্লিপে থাকলে সবসময় খেলার মধ্যে থাকা যায়, অনেক ক্যাচ নেওয়ার সুযোগও মেলে। তাই সেখান থেকেই এই জায়গাটা ভালো লাগতে শুরু করে।’ খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্নে দ্রাবিড়ের সাফ জবাব, ‘বাড়ির সাধারণ খাবারই আমার সবচেয়ে পছন্দ। এত ভ্রমণ করেছি জীবনে যে প্রায় সব দেশের খাবারই খাওয়া হয়ে গিয়েছে। তাই বাড়ির খাবারের জন্য সবসময় মুখিয়ে থাকতাম।’ তিনি আরও জানান, তিনি আইসক্রিমের ভক্ত, বিশেষত ভ্যানিলা উইথ হট চকোলেট। তবে খাওয়া নিয়ে কখনও সমস্যা হয়নি, কারণ তিনি ট্রেনিংয়ে প্রচুর পরিশ্রম করতেন। আবার অভিনয় প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘ক’টা বিজ্ঞাপন করেছি ঠিকই, কিন্তু আমাকে অভিনেতা বলা ঠিক নয়। আমি তো শুধু ক্রিকেটার।’ বিজ্ঞাপনে তাঁর অংশগ্রহণ এতটাই জনপ্রিয় হয়েছিল যে অনেকে ভেবেছিলেন তিনি হয়ত ফিল্ম জগতে আসবেন। কিন্তু দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সেই পরিকল্পনা নেই।

ফিটনেস নিয়েও তিনি গুরুত্ব দিয়েছেন। খেলোয়াড়ি জীবন শেষ হলেও শরীরচর্চা ছাড়েননি। তাঁর কথায়, ‘খেলার সময় ফিট থাকতে হতো খেলায় টিকে থাকার জন্য। এখন ফিট থাকি সুস্থ থাকার জন্য।’ তবে ভারতের সামগ্রিক ফিটনেস নিয়ে চিন্তিত তিনি। তাঁর মন্তব্য, ‘আমেরিকায় অলিম্পিকে এত পদক আসে কারণ তাদের ভিত শক্ত। ভারতে স্কুলের মাঠই নেই। যেখানে মাঠ ছিল, সেখানে ভবন উঠছে। এভাবে খেলার সুযোগই কমে যাচ্ছে।’ দ্রাবিড়ের এই খোলামেলা আলোচনায় স্পষ্ট, তিনি শুধু একজন জনপ্রিয় ব্যাটারই নন, তিনি ক্রিকেট দুনিয়ার একজন মজার ও চিন্তাশীল মানুষও। আর তাঁর খাটো ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্য নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আরও কিছুদিন।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Joe Root Catch Record, Rahul Dravid Record Break | রুটের দুরন্ত রেকর্ড: দ্রাবিড়কে ছাপিয়ে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচের মালিক জো রুট

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন