শ্রেয়সী মজুমদার ★ সাশ্রয় নিউজ ডেস্ক : শরীর-চর্চা কিংবা ত্বকের যত্নে আমরা অনেক সময় মনোযোগ দিই, কিন্তু ঠোঁটের যত্ন প্রায়শই উপেক্ষিত থেকে যায়। অথচ সুন্দর, নরম ও লালচে ঠোঁট যে কারও সৌন্দর্য ও ব্যক্তিত্বকে মুহূর্তেই দ্বিগুণ বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে দুর্গাপুজোর (Durga Puja) আগে অনেকেই চান ঠোঁটে প্রাকৃতিক জেল্লা ও লাস্যময়ী আভা নিয়ে সেজে ওঠার আনন্দ।

ঠোঁট যদি শুষ্ক, ফেটে যাওয়া বা কালচে হয়ে যায়, তবে তা শুধু সৌন্দর্যের ক্ষতিই করে না, আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। বিউটি এক্সপার্টদের মতে, ঠোঁটের কোমলতা বজায় রাখতে এবং আর্দ্রতা ফিরিয়ে আনতে রাতের বেলার যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঘুমের সময় শরীর যেমন নিজেকে পুনর্গঠন করে, তেমনি ঠোঁটও কোষ মেরামত ও আর্দ্রতা ধরে রাখার কাজ শুরু করে। তাই এই সময়টিতে সঠিক যত্ন নিলে অল্প কয়েকদিনেই পাওয়া সম্ভব নরম, গোলাপি ও দাগহীন ঠোঁট।

ঠোঁট কালচে হয়ে যাওয়া বা রঙ হারানোর পেছনে রয়েছে নানা কারণ। চর্মরোগ বিশেষজ্ঞ ড. অনন্যা সেন বলেন, “শরীরে জলশূন্যতা, অতিরিক্ত রোদে যাওয়া বা কেমিক্যাল-ভিত্তিক পণ্য ব্যবহারের কারণে ঠোঁট শুষ্ক ও কালচে হয়ে যেতে পারে। অনেক সময় ধূমপান ও অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের প্রভাবও ঠোঁটে পড়ে।” তাহলে উপায় কী? চলুন দেখে নেওয়া যাক- বিশেষজ্ঞ-পরামর্শে কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায়, যা রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ঠোঁট হয়ে উঠবে পুজোর (Durga Puja) সাজের মতোই আকর্ষণীয়।

প্রথমেই প্রাকৃতিক লিপ বাম ব্যবহার করা অত্যন্ত জরুরি। শিয়া বাটার (Shea Butter), কোকো বাটার (Cocoa Butter), বাদামের তেল বা নারকেল তেল মিশ্রিত লিপ বাম ঠোঁটকে গভীরভাবে আর্দ্র করে। সৌন্দর্য বিশেষজ্ঞ প্রিয়াঙ্কা দত্ত বলেন, “রাতে ঘুমানোর আগে কেমিক্যালযুক্ত লিপস্টিক বা কসমেটিকস একেবারেই ব্যবহার করবেন না।প্রাকৃতিক উপাদানযুক্ত লিপ বাম ব্যবহার করুন। এগুলো শুধু আর্দ্রতা ধরে রাখবে না, বরং ফাটা ঠোঁটও সারিয়ে তুলবে।”

ঠোঁটের শুষ্কতা ও কালোভাব দূর করতে অ্যালোভেরা (Aloe Vera) জেলের কোনও তুলনা নেই। এর অ্যান্টিঅক্সিডেন্ট ও শীতল প্রভাব ঠোঁটে আর্দ্রতা ফিরিয়ে আনে। রাতে ঘুমানোর আগে অ্যালোভেরার পাতলা স্তর ঠোঁটে লাগিয়ে রাখলে ধীরে ধীরে ঠোঁট ফিরে পায় স্বাভাবিক জেল্লা। তবে শুধু আর্দ্রতা দিলেই হবে না, সপ্তাহে অন্তত এক-দু’বার ঠোঁটের মৃত কোষ দূর করতে হালকা স্ক্রাব করাও দরকার। মধু ও চিনি মিশিয়ে তৈরি প্রাকৃতিক স্ক্রাব ঠোঁটের জন্য সবচেয়ে নিরাপদ। তবে খুব বেশি ঘষাঘষি না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ঠোঁটের কালচে ভাব দূর করতে দুধ ও হলুদের পেস্ট একটি জনপ্রিয় ঘরোয়া উপায়। এক চামচ দুধের সঙ্গে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে ঠোঁটে লাগালে তা শুধু কালো দাগ হালকা করে না, বরং ঠোঁটে ফিরে আসে প্রাকৃতিক গোলাপি আভা।

গোলাপের পাপড়ি ও মধুর মাস্ক রাতের বেলায় লাগিয়ে রাখলে ঠোঁট হয় আরও আকর্ষণীয়। গোলাপের পাপড়ি বেটে মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে তা গভীর আর্দ্রতা জোগায় এবং প্রাকৃতিক লালচে রঙ এনে দেয়।
সৌন্দর্য বিশেষজ্ঞ রিমঝিম মুখার্জি বলেন, “ঠোঁটের যত্ন নেওয়া মানেই কেবল বাহ্যিক পরিচর্যা নয়। পর্যাপ্ত জল খাওয়া, ভিটামিন-সমৃদ্ধ খাবার খাওয়া, ধূমপান এড়িয়ে চলা, এসবও সমানভাবে জরুরি। ভেতর থেকে শরীর সুস্থ থাকলে ঠোঁটেও তার প্রতিফলন পড়ে।”

প্রসঙ্গত উল্লেখ্য যে, ঠোঁটের যত্ন নেওয়া কোনও একদিনের কাজ নয়, তা নিয়মিত অভ্যাসের অংশ হওয়া উচিত। আর রাতের বেলায় এই যত্নকে রুটিনে পরিণত করতে পারলে পুজোর আগে আপনিও পেতে পারেন আকর্ষণীয়, নরম ও লাস্যময়ী ঠোঁট।
সব ছবি :প্রতীকী




