বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তরুণী
সাশ্রয় নিউজ ★ নরেন্দ্রপুর : বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন একজন তরুণী। নরেন্দ্রপুরের কামালগাজি মোড়ের কাছে ঘটে ঘটনাটি। সোনারপুর গ্রামীণ হাসপাতালে তরুণীকে নিয়ে যান নরেন্দ্রপুর থানার পুলিশ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায়, তরুণীর নাম শ্রীময়ী মিশ্র। তাঁরা কামালগাজিতে নতুন ফ্ল্যাট নেন। শ্রীময়ী কসবায় অসুস্থ মায়ের সঙ্গেই থাকতেন। তাঁর বাবা কর্মসূত্রে জঙ্গীপুরে থাকেন। মঙ্গলবার গাড়ির চালককে সঙ্গে নিয়ে ওই ফ্ল্যাটে আসেন শ্রীময়ী। তারপর তিনি ওই আবাসনের ১৮ তলায় যান। নিরাপত্তা রক্ষীরা জোরে কিছু একটা পড়ার শব্দ পেয়ে দৌড়ে যান। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওঁকে। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ সূত্রে খবর যে, শ্রীময়ীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তেমনি আবাসনের নিরাপত্তা কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে কী কারণে ঝাঁপ দেন তরুণী। অন্যদিকে এটি আত্মহত্যা না তার পিছনে অন্যকিছু, তলিয়ে দেখছেন তদন্তকারী পুলিশকর্মীরা।



