টোটো ভাড়া বৃদ্ধির দাবি জলপাইগুড়িতে
সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : তিন চাকার যানবাহন টোটো জনজীবনে যাতায়াত ব্যবস্থায় শহর-শহরতলি ও গ্রামাঞ্চলে অত্যন্ত সহায়ক হয়েছে। এই সময় এই তিন চাকার যানবাহন এতই বৃদ্ধি হয়েছে যে, দিনান্তে সংসার চালাতেই নাভিশ্বাস চালকদের। তারপর আছে ইলেকট্রিক চার্জ। মাসান্তে একটা গোছ টাকা বিদ্যুৎ বিল মেটাতে হয় তাঁদের।
জলপাইগুড়ি শহরে টোটো চালকদের রোজদিনের কথা শোনাচ্ছিলেন একজন টোটো চালক। টোটো চালিয়েই সংসার প্রতিপালন করতে হয়। ছেলে মেয়ের পড়াশোনা থেকে শুরু করে, পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়ার ব্যবস্থা সব একটি টোটোর ওপর নির্ভর করেই।
আরেক টোটো চালক জানান, মাস্টার্স করে বেকার বসে ছিলাম। কী করব ভেবে পাচ্ছিলাম না। চোখের লজ্জা ফেলে লোনে টোটো কিনলাম। কিন্তু আরও এক বিপদ! লোনের টাকা শোধ করে কারেন্টের বিল মিটিয়ে সংসারে কিছু তুলে দিতে পারি না। টোটো ভাড়া তো বাড়ছে না। টোটো বাড়ছে। প্যাসেঞ্জার কম তুলনায়।
জলপাইগুড়ি শহরে দীর্ঘ দিন ধরে টোটো ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসে বামপন্থী টোটো চালক ইউনিয়ন। ইউনিয়নের নেতারা গতকাল মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন-কাউন্সিলর সন্দীপ মাহাতোর দ্বারস্থ হন। তাঁরা জানান, “সন্দীপ বাবুর সঙ্গে দেখা করে টোটো ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়।” সন্দীপ মাহাতো বলেন, “বিষয়টি নিয়ে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হবে।”
টোটো চালক ইউনিয়ন নেতারা বলেন, খুব শিগগিরই টোটো ভাড়া বৃদ্ধি না হলে টোটো চালকরা আন্দোলনে নামবেন।



