Mohammed Shami retirement, Shami World Cup dream | ‘আমি সরে গেলে কার ফয়দা হবে?’ অবসরের গুজব উড়িয়ে শেষ স্বপ্নের কথা জানালেন মহম্মদ শামি

SHARE:

অবসরের গুজব উড়িয়ে দিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। জানালেন, তাঁর এখনও লক্ষ্য ভারতের হয়ে এক দিনের বিশ্বকাপ জয়। জানুন কী বললেন তিনি অবসর ও ডাকনাম ‘লালা’ নিয়ে।

পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতের জার্সিতে বহু স্মরণীয় জয়ের নায়ক হয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। তবে বর্তমানে জাতীয় দলে তিনি জায়গা পাচ্ছেন না। চোট এবং ফিটনেস সমস্যার কারণে দীর্ঘদিন বাইরে থাকলেও তাঁর অবসরের জল্পনা তুঙ্গে। তবে সেই সব জল্পনাকে একেবারেই ভিত্তিহীন বলে দাবি করলেন বাংলার তারকা পেসার। স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। বরং এখনও একদিনের বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্ন বুকে ধারণ করে তিনি এগিয়ে চলছেন।

সম্প্রতি একটি বিশেষ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শামি বলেন, ‘কারও যদি আমার খেলা নিয়ে আপত্তি থাকে, তবে সরাসরি এসে বলুক। আমি অবসর নিলে কার লাভ হবে? যে দিন মনে হবে খেলাটা উপভোগ করছি না, সেদিন নিজেই সরে যাব। তবে এখনও আমি খেলার প্রতি আগ্রহ হারাইনি। আমাকে দলে নিল কি নিল না তাতে কিছু যায় আসে না। আমি পরিশ্রম চালিয়ে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে খেলব। ভাল না লাগলেই মানুষ খেলা ছেড়ে দেয়। কিন্তু আমি এখনও সকাল ৫টায় উঠে অনুশীলন করার মানসিকতা রাখি।’ প্রসঙ্গত, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত খুব কাছ থেকে হাতছাড়া করেছে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের যন্ত্রণা আজও বয়ে বেড়াচ্ছেন শামি। সেই ব্যর্থতাই যেন তাঁকে নতুনভাবে জ্বালিয়ে তুলেছে। শামি বলেন, ‘আমার জীবনের একটাই স্বপ্ন বাকি আছে, এক দিনের বিশ্বকাপ জেতা। আমি সেই দলের সদস্য হয়ে দেশকে কাপ এনে দিতে চাই। ২০২৩ বিশ্বকাপে আমরা খুবই ভাল খেলেছিলাম। টানা ম্যাচ জিতে ফাইনালে গিয়েছিলাম। তবুও কোথাও একটা ভয় কাজ করছিল। দর্শকদের উচ্ছ্বাস আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছিল, কিন্তু ভাগ্য আমাদের পাশে ছিল না। না হলে তখনই ট্রফি হাতে তুলে নিতে পারতাম।’

অবসরের গুজব উড়িয়ে দিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। জানালেন, তাঁর এখনও লক্ষ্য ভারতের হয়ে এক দিনের বিশ্বকাপ জয়। জানুন কী বললেন তিনি অবসর ও ডাকনাম ‘লালা’ নিয়ে।
মহম্মদ শামি। ছবি: সংগৃহীত

বর্তমানে দিলীপ ট্রফিতে (Duleep Trophy) খেলছেন শামি। জানালেন, এখন অনেকটাই ফিট তিনি। শামির কথায়, ‘গত দু’মাস ধরে কঠোর অনুশীলন করেছি। ফিটনেসে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। ওজন কমিয়েছি। ব্যাটিং ও ফিল্ডিংয়ের দিকেও বাড়তি মনোযোগ দিয়েছি। এখন আমার লক্ষ্য ছন্দে ফেরা এবং দীর্ঘ স্পেলে বোলিং করে দলকে সেরা দেওয়ার চেষ্টা।’

Read : SRK | Love Story of Shah Rukh Khan and Gouri Khan : শাহরুখ-গৌরীর প্রেম এক আশ্চর্য রূপকথা

ভারতীয় দলের ড্রেসিংরুমে শামির একটি ডাকনামও প্রচলিত ‘লালা’। কে এই নাম দিলেন, সে ব্যাপারে নিশ্চিত নন শামি। তবে তাঁর ধারণা, বিরাট কোহলির (Virat Kohli) কাজই এটা। মজার ছলে তিনি বলেন, ‘জানি না কিভাবে এই নামটা এল। মনে হয় বিরাটই দিয়েছে। ও ছাড়া এমন নাম ভাবা সম্ভব নয়। আমি প্রথমে ভেবেছিলাম, লালা মানে কী! শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) এই নামে ডাকা হত। আমি তো মোটা নই, গয়নার কাজও করি না। দলে নতুন কারও নামকরণ করা হলে প্রতিবাদ করলে আরও বেশি করে মজা করা হয়। তাই আমি চুপ থাকি।’ অন্যদিকে, শামি শুধু প্রতিপক্ষের ব্যাটসম্যানদেরই মুখোমুখি হননি, বারবার তাঁকে লড়তে হয়েছে সামাজিক বিদ্বেষ ও কটূক্তির সঙ্গেও। অতীতে খারাপ খেললে অনেকবার তাঁর ধর্মকে নিশানা করে সমালোচনা হয়েছে। কখনও তাঁকে ‘দেশদ্রোহী’ বা ‘প্রতারক’ বলা হয়েছে। কিন্তু তিনি এখন এসবকে আর পাত্তা দেন না। শামির সোজাসাপ্টা বক্তব্য, ‘আমার দায়িত্ব দেশের হয়ে খেলতে যাওয়া। আমি তো রোবট নই। কঠোর পরিশ্রম করি, কখনও সফল হই, কখনও ব্যর্থ। দেশের হয়ে মাঠে নামলে এসব ভুলে যাই। তখন উইকেট নেওয়া এবং দলকে জয় এনে দেওয়াই আমার কাছে আসল।’

যেখানে একের পর এক ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, সেখানে শামির দৃঢ়তা অন্য মাত্রা যোগ করেছে। এখনও তিনি বিশ্বাস করেন, নিজের অভিজ্ঞতা ও পরিশ্রম দিয়ে ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিতে পারবেন। বিশেষ করে ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে শামি আবারও নিজেকে নতুন করে গড়ে তুলতে চাইছেন। তিনি জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে শেষ হাসি হাসাই তাঁর চূড়ান্ত লক্ষ্য।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Mobile Recharge Cost in India | মোবাইল রিচার্জের বাড়তি চাপ: সংকটে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার, জরুরি পদক্ষেপের দাবি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন