সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিয়োনেল মেসি (Lionel Messi) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে যাঁদের দ্বৈরথ দর্শকদের রোমাঞ্চিত করেছে, সেই দুই কিংবদন্তিকে কি এ বার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দেখা যাবে? এই প্রশ্নেই এখন উত্তাল ফুটবলমহল। এখনও পর্যন্ত বিশ্বকাপে কখনও একে অপরের বিরুদ্ধে খেলেননি এই দুই তারকা। তবে আসন্ন বিশ্বকাপে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে তিনটি সম্ভাব্য সমীকরণের কোনও একটি মিললেই ইতিহাস তৈরি হতে পারে। স্পেনের লা লিগাতে (La Liga) বার্সেলোনা (Barcelona) ও রিয়াল মাদ্রিদ (Real Madrid) -এর জার্সিতে বহুবার মুখোমুখি হয়েছেন মেসি ও রোনাল্ডো। সেই সময় তাঁদের প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসে আলাদা অধ্যায় তৈরি করেছিল। এল ক্লাসিকোর উত্তেজনা অনেকটাই নির্ভর করত এই দুই তারকার পারফরম্যান্সের উপর। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুই তারকার ক্লাব বদলেছে, লিগ বদলেছে, ফলে নিয়মিত মুখোমুখি হওয়ার সুযোগও কমেছে।
শেষবার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে তাঁদের দেখা গিয়েছিল ২০১৯ সালে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) -এ। তখন মেসির বার্সেলোনার বিরুদ্ধে খেলেছিল রোনাল্ডোর জুভেন্টাস (Juventus)। সেই ম্যাচে জোড়া গোল করে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন রোনাল্ডো। এরপর আন্তর্জাতিক পর্যায়ে বা ক্লাব স্তরে তাঁদের সরাসরি লড়াই খুব কমই দেখা গিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে একটি প্রদর্শনী ম্যাচে আবার একসঙ্গে মাঠে নামেন দুই তারকা। প্যারিস সাঁ জার্মাঁ (Paris Saint-Germain) -এর হয়ে খেলেছিলেন মেসি, আর রিয়াধ অল-স্টার একাদশের হয়ে খেলেছিলেন রোনাল্ডো। সেই ম্যাচেও দর্শকদের প্রত্যাশা পূরণ হয়েছিল রোনাল্ডো করেছিলেন দু’টি গোল, আর মেসি একটি। তবে বিশ্বকাপের মঞ্চে এই দুই কিংবদন্তির মুখোমুখি হওয়ার সুযোগ এখনও অধরাই রয়ে গিয়েছে। কারণ, আর্জেন্টিনা (Argentina) এবং পর্তুগাল (Portugal) কখনও একই সময়ে এমন পরিস্থিতিতে পৌঁছোয়নি, যেখানে তাঁদের মধ্যে সরাসরি ম্যাচ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এবারের টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস নতুন আশা জাগিয়েছে।
প্রথম সম্ভাবনা অনুযায়ী, যদি আর্জেন্টিনা গ্রুপ জে (Group J) এবং পর্তুগাল গ্রুপ কে (Group K)-তে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তা হলে দুই দলই নকআউট পর্বে একই অর্ধে থাকবে। সেই পরিস্থিতিতে রাউন্ড অফ ৩২ এবং রাউন্ড অফ ১৬ পার করলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে দুই দল। অর্থাৎ, মেসি বনাম রোনাল্ডোর ঐতিহাসিক লড়াই তখন কোয়ার্টার ফাইনালের মঞ্চেই দেখা যেতে পারে। দ্বিতীয় সম্ভাবনা আরও আকর্ষণীয়। যদি দুই দলই নিজেদের গ্রুপে রানার্স-আপ হয়, তা হলে সূচি অনুযায়ী রাউন্ড অফ ১৬-তেই মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হতে পারে। যদিও এই সমীকরণ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, তবুও তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ ফুটবল এমন একটি খেলা, যেখানে অপ্রত্যাশিত ফলাফল প্রায়ই দেখা যায়।
তৃতীয় সম্ভাবনা অনুযায়ী, যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অন্য দল রানার্স-আপ হয়, তা হলে তারা নকআউট পর্বে দুই ভিন্ন অর্ধে চলে যাবে। সেই ক্ষেত্রে ফাইনাল ছাড়া তাঁদের মুখোমুখি হওয়ার আর কোনও সুযোগ থাকবে না। অর্থাৎ, বিশ্বের দুই সেরা ফুটবলারের দ্বৈরথ তখন শুধুমাত্র ফাইনালের মতো সর্বোচ্চ মঞ্চেই সম্ভব হবে। এই সম্ভাবনাগুলি ঘিরেই এখন ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা। কারণ, মেসি এবং রোনাল্ডো এই দুই নাম শুধু খেলোয়াড় নয়, বরং এক একটি যুগের প্রতীক। তাঁদের পারফরম্যান্স, তাঁদের সাফল্য, তাঁদের রেকর্ড সব কিছু মিলিয়ে তাঁরা আধুনিক ফুটবলের সবচেয়ে বড় আইকন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাঁদের মুখোমুখি হওয়া মানে শুধু একটি ম্যাচ নয়, বরং ইতিহাসের সাক্ষী হওয়া। ফুটবলপ্রেমীরা বহু বছর ধরে এই মুহূর্তের অপেক্ষা করে রয়েছেন। যদি সত্যিই সেই দিন আসে, তা হলে তা নিঃসন্দেহে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
দুই তারকার বয়স এখন ক্যারিয়ারের শেষ পর্বে পৌঁছে গিয়েছে। ফলে এই বিশ্বকাপই হতে পারে তাঁদের শেষ বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেই কারণেই তাঁদের সম্ভাব্য দ্বৈরথের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। সমর্থকেরা চাইছেন, অন্তত একবার হলেও বিশ্বকাপের মঞ্চে এই দুই কিংবদন্তীকে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখতে। এখন সব নির্ভর করছে মাঠের পারফরম্যান্স এবং টুর্নামেন্টের অগ্রগতির উপর। গ্রুপ পর্বের ফলাফল থেকে শুরু করে নকআউট ম্যাচ, এসব কিছুই নির্ধারণ করবে, আদৌ সেই স্বপ্নের ম্যাচ বাস্তবে রূপ নেবে কি না। ফুটবল বিশ্বের নজর এখন সেই সম্ভাবনার দিকেই। মেসি না রোনাল্ডোকে এগিয়ে থাকবেন, তা সময়ই বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, যদি এই দুই তারকা বিশ্বকাপে মুখোমুখি হন, তা হলে তা হবে এক ঐতিহাসিক মুহূর্ত, যা বহুদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন :Mbappe top scorer prediction | ‘আমি-ই সর্বাধিক গোল করব’! বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসে টগবগ এমবাপে, মেসি-রোনাল্ডো-কেনকে নিয়ে বড় মন্তব্য




