Love Numerology | জন্মসংখ্যা বলছে প্রেমের স্বভাব, আপনি যুক্তিবাদী না আবেগী?

SHARE:

Numerology 2026

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : প্রেমের ক্ষেত্রে আমরা প্রত্যেকে আলাদা। কেউ যুক্তি দিয়ে সম্পর্ক সামলান, কেউ আবার আবেগে ভেসে যান। কেউ বিশ্বাস করেন স্বাধীনতায়, কেউ চান গভীর নির্ভরতা। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, আপনার এই প্রেমের স্বভাবের নেপথ্যে লুকিয়ে থাকতে পারে আপনার জন্মসংখ্যা? জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি (Numerology) ঠিক এই জায়গাতেই আলোকপাত করে। জ্যোতিষের জটিল গণনার তুলনায় সংখ্যাতত্ত্ব অনেক সহজ, আবার তার ব্যাখ্যাও বেশ সরাসরি। জন্মতারিখের যোগফল থেকে পাওয়া জন্মসংখ্যা নাকি মানুষের ব্যক্তিত্বের পাশাপাশি প্রেমজীবনেরও স্পষ্ট ইঙ্গিত দেয়। অনেকে মনে করেন, শুধু জন্মদিনের সংখ্যাটিই জন্মসংখ্যা। কিন্তু সংখ্যাতত্ত্ব অনুযায়ী, জন্মদিন, জন্মমাস ও জন্মবছরের সব কটি অঙ্ক যোগ করে শেষে এক অঙ্কে নামিয়ে আনলেই পাওয়া যায় আসল জন্মসংখ্যা। এই সংখ্যার প্রভাবেই নাকি বোঝা যায়, আপনি প্রেমে কতটা আবেগী, কতটা বাস্তববাদী কিংবা কতটা দায়িত্বশীল। প্রেমিক বা প্রেমিকা হিসাবে আপনি কেমন, সেটাও নাকি এই জন্মসংখ্যাই বলে দিতে পারে।

আরও পড়ুন : Numerology | জন্ম তারিখে লুকিয়ে ভবিষ্যৎ! ২৭ তারিখে জন্মানো মানুষের ভাগ্য নিয়ে সংখ্যাতত্ত্ব কী বলছে?

যাঁদের জন্মসংখ্যা ১, তাঁরা প্রেমে অভিনয় করতে জানেন না। ভালবাসা মানে তাঁদের কাছে কাজের মাধ্যমে প্রমাণ করা। যাঁকে ভালবাসেন, তাঁর জন্য অসম্ভবকেও সম্ভব করে তুলতে চান তাঁরা। দায়িত্ব নেওয়া, পাশে থাকা, এই সব গুণ তাঁদের সহজাত। তবে সমস্যা তৈরি হয় মতবিরোধের সময়। তখন সঙ্গীর অনুভূতির দিকে নজর না দিয়ে তাঁরা বেশি মন দেন যুক্তিতে জেতার দিকে। নিজের ভুল স্বীকার করতে তাঁদের বেশ কষ্ট হয়। তবু এক বার সম্পর্কে জড়ালে, তাঁরা সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নবান ও দায়বদ্ধ থাকেন।
আবার, ২ জন্মসংখ্যার মানুষরা মূলত আবেগপ্রবণ। সঙ্গীর মন খুশি রাখাই তাঁদের কাছে সবচেয়ে বড় প্রাধান্য পায়। ভালবাসার মানুষটির প্রয়োজনকে নিজের প্রয়োজনের আগে রাখেন তাঁরা। কিন্তু এই অতিরিক্ত দায়িত্ববোধই এক সময় তাঁদের নিজের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। নিজের ভাললাগা, চাওয়াগুলো ভুলে গিয়ে পুরোপুরি সঙ্গীর উপর নির্ভরশীল হয়ে পড়েন। তবু সম্পর্কের ক্ষেত্রে তাঁদের সততা প্রশ্নাতীত। বিশ্বাস ও ভালবাসার বন্ধনে সম্পর্ককে আগলে রাখেন ২ জন্মসংখ্যার মানুষরা।

৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা জীবনকে হালকাভাবে নিতে ভালবাসেন। হাসি, মজা আর রোমাঞ্চে ভরপুর তাঁদের প্রেমের জগৎ। তাঁদের সঙ্গে থাকলে একঘেয়েমি খুব কমই আসে। সব সময় নতুন কিছু করার পরিকল্পনা, নতুন অভিজ্ঞতার খোঁজ, এই সবই তাঁদের বৈশিষ্ট্য। তবে সম্পর্কের জটিল আবেগঘন মুহূর্তগুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা তাঁদের রয়েছে। গভীর আলোচনা বা সংবেদনশীল কথাবার্তা তাঁদের অস্বস্তিতে ফেলে। তবু অকৃত্রিম ভালবাসা দিয়ে তাঁরা সঙ্গীর সংশয় অনেকটাই দূর করতে পারেন।
পাশাপাশি, ৪ জন্মসংখ্যার মানুষরা প্রেমে পড়ার আগে ভাবেন। চট করে কাউকে ভালবাসার কথা বলে ফেলেন না। আগে মানুষটিকে বুঝে নেওয়া, তাঁর স্বভাব জানা, এই সব তাঁদের কাছে জরুরি। অনেক সময় এই কারণে তাঁরা ভুল বোঝাবুঝির শিকার হন। কিন্তু বাস্তবে তাঁরা ভীষণ বিশ্বস্ত ও স্থির প্রকৃতির। এক বার ভালবাসলে, আজীবনের সম্পর্কের স্বপ্ন দেখেন। আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া তাঁদের ধাতে নেই। প্রেমের ক্ষেত্রেও তাঁরা যুক্তিকে গুরুত্ব দেন। তবে, ৫ জন্মসংখ্যার মানুষরা রোমাঞ্চপ্রেমী। নিয়মের বেড়াজাল তাঁদের পছন্দ নয়। প্রেমের ক্ষেত্রেও তাঁরা নতুনত্ব খোঁজেন। যত দিন সম্পর্ক তাঁদের কৌতূহল জাগিয়ে রাখে, তত দিন তাঁরা ভীষণ যত্নশীল সঙ্গী। কিন্তু আগ্রহে ভাঁটা পড়লেই তাঁদের মন সরে যেতে শুরু করে। এই অস্থির স্বভাবের কারণেই অনেক সময় সঙ্গীর বিশ্বাস হারান তাঁরা, যদিও ইচ্ছে করে কাউকে কষ্ট দেওয়ার মানসিকতা তাঁদের থাকে না।

আরও পড়ুন : Nick Jonas on good husband, Priyanka Chopra Nick Jonas marriage | ভাল স্বামী হওয়ার মানে কী? প্রিয়াঙ্কা চোপড়ার পাশে দাঁড়িয়ে নিজের দাম্পত্য দর্শন খোলসা করলেন নিক জোনাস

৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের প্রেম মানেই নিঃস্বার্থতা। সঙ্গীর সুখই তাঁদের নিজের সুখ। প্রিয় মানুষটির কষ্ট তাঁরা নিজের কাঁধে তুলে নেন। দায়িত্ব, যত্ন আর আবেগ, সব মিলিয়ে তাঁরা আদর্শ প্রেমিকের সংজ্ঞায় পড়েন। তবে সমস্যা একটাই, নিজেদের চাওয়াকে তাঁরা ধীরে ধীরে ভুলে যান। তবু তাঁদের সঙ্গে থাকলে ভালবাসার অভাব হয় না। চোখ বন্ধ করে ভরসা করা যায় এই জন্মসংখ্যার মানুষদের উপর। তেমনি ৭ জন্মসংখ্যার মানুষরা প্রেমে একটু বেছে চলেন। সবার প্রতি সহজে আকৃষ্ট হন না। কিন্তু যাঁকে মন দেন, তাঁকে গভীর ভাবে ভালবাসেন। আবেগ তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। তবে কষ্ট পেলে তাঁরা হঠাৎ নিজেকে গুটিয়ে নেন। সঙ্গীর কাছ থেকেও দূরে সরে গিয়ে নিজের চারপাশে এক ধরনের পাঁচিল তুলে দেন। সেই দেয়াল ভাঙা সহজ নয়। কিন্তু সময় গেলে তাঁরা আবার সম্পর্কের উষ্ণতায় ফিরে আসেন।

৮ জন্মসংখ্যার মানুষরা প্রেমে অত্যন্ত দায়িত্বশীল। সঙ্গীর ভাল-মন্দ খেয়াল রাখেন, ভবিষ্যৎ নিয়ে ভাবেন। তবে সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণের প্রবণতা তাঁদের সমস্যা তৈরি করতে পারে। তবু কঠিন পরিস্থিতিতে তাঁরা দৃঢ়তার সঙ্গে পাশে থাকেন। নিজের অনুভূতি সব সময় প্রকাশ করতে না পারলেও, ভিতরে ভিতরে গভীরভাবে তাঁরা ভালবাসেন। ৯ জন্মসংখ্যার মানুষরা আবেগের মানুষ। নিঃস্বার্থ ভালবাসা দিতে জানেন। সঙ্গীর কাছে প্রত্যাশাও থাকে অনেক। সেই প্রত্যাশা পূরণ না হলে অভিমান জমে। তাঁরা আশা করেন, প্রিয় মানুষটি এসে সেই অভিমান ভাঙাবেন। কারণ নিজেরা ঠিক সেটাই করে থাকেন। কিন্তু সেই আশা পূরণ না হলে ধীরে ধীরে তাঁরা নিজেকে সরিয়ে নেন। তবে, সংখ্যাতত্ত্ব বলছে, প্রেমের ভাষা একেক জনের একেক রকম। জন্মসংখ্যা শুধু একটি ইঙ্গিত দেয়, সম্পর্ক টিকিয়ে রাখতে শেষ কথা কিন্তু বোঝাপড়া আর পারস্পরিক সম্মানেই।

ছবি : প্রতীকী ও সংগৃহীত 

আরও পড়ুন : Numerology 2026 Universal Year 1 | ২০২৬: নতুন চক্রের ডাক, সংখ্যাতত্ত্বে নেতৃত্ব, সাহস আর আত্মশক্তির বছর

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন