Kohli in ODI Team | রাঁচীর শতরানে ফের গর্জে উঠলেন বিরাট, ভারতীয় দলে ‘কোহলি চাই’ দাবিতে আরও জোর, কুলদীপ-তিলকও যোগ দিলেন সমর্থনে

SHARE:

রাঁচীতে বিরাট কোহলির দুর্দান্ত শতরান ঘিরে ভারতীয় দলে বাড়ছে সমর্থনের সুর। কুলদীপ যাদব ও তিলক ভার্মার প্রশংসা, রাহুলের মন্তব্য, পড়ুন বিস্তারিত।

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : রবিবার রাঁচীর মাঠে বিরাট কোহলি (Virat Kohli) যেন আবার ফিরলেন সেই আগের দাপুটে রূপে। তাঁর দুর্দান্ত শতরান শুধু দর্শকদেরই নয়, চমকে দিয়েছে সতীর্থদেরও। ম্যাচ শেষ হতেই ভারতীয় ড্রেসিং রুমে শুরু হয়েছে একটাই সুর, ‘এক দিনের দলে বিরাটকে চাই!’ অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) আগেই সমর্থন জানিয়েছিলেন। এবার প্রকাশ্যে প্রশংসার সুর তুললেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং তিলক ভার্মা (Tilak Varma)। তাঁদের মন্তব্যে স্পষ্ট, ভারতীয় ক্রিকেটাররাই চাইছেন কোহলি যেন আবার সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হন।

রবিবারের ইনিংস যেন সময়ের সিঁড়ি বেয়ে কোহলিকে ফিরিয়ে নিয়ে গেল তাঁর সোনালি যুগে। বোর্ডের পোস্ট করা ভিডিওতে কুলদীপ প্রসংসায় ভরিয়ে বলেন, ‘বিরাট ভাই যখন অধিনায়ক ছিলেন তখনই আমার আন্তর্জাতিক ক্রিকেট শুরু। আজ ওকে দেখে মনে হচ্ছিল যেন আবার ফিরে গেছি আট-ন’বছর আগে। ২০১৭, ২০১৮ অথবা ২০১৯, সে সময় ও যেভাবে ব্যাট করত, আজও ঠিক তেমন। দুর্দান্ত শট খেলেছে, আত্মবিশ্বাসে ভরপুর। অসাধারণ একটা ইনিংস।’ কুলদীপ আরও জানান, দলের মধ্যে কোহলি থাকলেই তাঁর আত্মবিশ্বাস বেড়ে যায়। অভিজ্ঞতার ঝুলি থেকে বিরাট সবসময়ই বোলারদের জন্য বাড়তি পরামর্শ দেন।

রাঁচীতে বিরাট কোহলির দুর্দান্ত শতরান ঘিরে ভারতীয় দলে বাড়ছে সমর্থনের সুর। কুলদীপ যাদব ও তিলক ভার্মার প্রশংসা, রাহুলের মন্তব্য, পড়ুন বিস্তারিত।
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

কুলদীপ বলেন, ‘কোহলি দলে থাকলে আলাদা রকম একটা শক্তি তৈরি হয়। ও-মাঠে সবসময়ই এসে বলে, এটা করো, ওটা করো। সিনিয়র হিসেবে ও-পাশে থাকাটা আলাদা সুবিধা দেয়। দলের এনার্জিও অন্য রকম হয়ে যায়। গতকাল মাঠে আপনারা সেটা দেখেছেন। ওর সঙ্গে খেলতে পারাটা ভাগ্যের ব্যাপার।”

অন্যদিকে তরুণ তারকা তিলক ভার্মার অনুভব ছিল আরও আবেগঘন। কেরিয়ারে প্রথমবার কোহলিকে তিনি সামনাসামনি শতরান করতে দেখলেন। ম্যাচের পর তিলক বলেন, ‘এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। প্রথমবার সামনে থেকে বিরাট ভাইয়ের শতরান দেখা, বিশ্বাসই হচ্ছে না! গত ১৭ বছর ধরে ও যে ধারাবাহিকতা বজায় রেখেছে, সেটা অবিশ্বাস্য। ব্যাটিং, ফিল্ডিং, সবেতেই সেরা। ওর সঙ্গে যতটা কথা বলা যায়, নতুন কিছু শেখা যায়। সামনে থেকে খেলা দেখা সত্যি ভাগ্যের ব্যাপার।’ এর আগে ম্যাচ শুরুর আগেই অধিনায়ক কেএল রাহুল বলেন, ‘রোহিত (Rohit Sharma) এবং কোহলির গুরুত্ব দলে অপরিসীম। ওরা সাজঘরে থাকলে পুরো দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। দৃঢ়তা আসে। ওদের অভিজ্ঞতা দলের জন্য সম্পদ।’ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও রাহুলের কণ্ঠে একই প্রশংসা, ‘রোহিত আর কোহলিকে এই স্বাধীনতা নিয়ে খেলতে দেখাটা দারুণ। ওরা সবসময়ই এমনই ছিল, নতুন কিছু নয়। বহু বছর ধরে ম্যাজিক দেখিয়ে চলেছে। সাজঘরে ওদের দেখা মানেই আলাদা আনন্দ।’

রাঁচীর ম্যাচটি ভারতীয় দলে কোহলিকে ঘিরে এক নতুন দাবি, এক নতুন প্রত্যাশার প্রতিধ্বনি। সমর্থকরা মাঠে স্লোগান দিচ্ছেন, আর এখন ভারতের ক্রিকেটাররাও তাতে সুর মিলিয়েছেন। দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, শৃঙ্খলা, দৃঢ় মানসিকতা এই তিনের মিলনেই বিরাট আজও ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ। রাঁচীর ইনিংস তাই আরও একবার মনে করিয়ে দিল, বিরাট কোহলির জায়গা কোনওদিনই ফুরিয়ে যায় না।ভারতীয় দলের তরুণরা থেকে শুরু করে অধিনায়ক, সবাই যখন এভাবে সমর্থন জানাচ্ছেন, তখন স্পষ্ট যে কোহলিকে ঘিরে দলে আত্মবিশ্বাস আবার চাঙ্গা হচ্ছে। আর ক্রিকেটবিশ্বের কাছে এ বার বার্তাও সোজা, ‘কোহলি ফিরেছেন, আরও আগ্রাসী হয়ে।’

ছবি : সংগৃহীত
আরও পড়ুন :

Sasraya News
Author: Sasraya News