সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : আইপিএল ২০২৬ (IPL) শুরুর আগেই দলগঠনের কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল দিল্লি ক্যাপিটালস। গত মরসুমে নানা পরীক্ষার পর অবশেষে স্পষ্ট হয়ে গেল, এ বার শুরু থেকেই ওপেনার হিসেবে দেখা যাবে দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার লোকেশ রাহুলকে (KL Rahul)। ফলে ব্যাটিং অর্ডারে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে। গত আইপিএল মরসুমে দিল্লির হয়ে শুরুটা করেছিলেন জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক (Jake Fraser-McGurk) এবং ফাফ ডু’প্লেসি (Faf du Plessis)। কিন্তু ম্যাকগার্ক ধারাবাহিকতা বজায় রাখতে না পারায় তাঁকে পুরো মরসুম খেলানো যায়নি। দল তখন বিকল্প খুঁজতে বাধ্য হয় এবং সেই সময় সুযোগ পান অভিষেক পোড়েল (Abishek Porel)। তরুণ এই ক্রিকেটার নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়ে নেন এবং ধীরে ধীরে ওপেনিং স্লটে নিজের জায়গা পাকা করে ফেলেন।
আরও পড়ুন : মোবাইল রিচার্জের দাম ঊর্ধ্বমুখী: ভারতে বাড়ছে ডিজিটাল খরচের চাপ, বিপাকে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার
অন্যদিকে, শুরুতে ফিনিশারের ভূমিকায় খেলতে নামানো হয়েছিল লোকেশ রাহুলকে। চার নম্বরে ব্যাট করে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বিশেষ করে তাঁর পুরনো দল লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) এবং রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) -এর বিরুদ্ধে ম্যাচ জেতানো পারফরম্যান্স এখনও স্মরণীয়। তবে দলের প্রয়োজন অনুযায়ী পরে তাঁকে ওপেনিংয়ে তুলে আনা হয়, এবং সেখানেই তাঁর আসল শক্তি প্রকাশ পায়। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ৬৫ বলে ১১২ রানের দুরন্ত ইনিংস খেলে রাহুল কার্যত নিজের ওপেনিং দাবি জোরালো করে তোলেন। সেই ম্যাচের পর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ওপেনার হিসেবে ধারাবাহিক পারফরম্যান্স করে তিনি দলের প্রধান রানসংগ্রাহক হয়ে ওঠেন। গত মরসুমে ১৩ ম্যাচে ৫৩৯ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৪৯.৭২—যা দিল্লির ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
আইপিএল ২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে দিল্লি ক্যাপিটালস একাধিক ক্যাম্প আয়োজন করে। সেই শিবিরে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ হেমং বাদানি (Hemang Badani) এবং ডিরেক্টর অফ ক্রিকেট বেণুগোপাল রাও (Venugopal Rao)। সেখানেই টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে দেয় যে, রাহুলকে এ বার থেকে স্থায়ী ওপেনার হিসেবেই ভাবা হচ্ছে। ‘রাহুলের অভিজ্ঞতা এবং ইনিংস গড়ার ক্ষমতা আমাদের শুরুটা মজবুত করতে সাহায্য করবে’ এমনটাই টিমের অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে। এবার আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিয়ে জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক এবং ফাফ ডু’প্লেসিকে ছেড়ে দিয়েছে দিল্লি। বিদেশি ওপেনার হিসেবে দলে রয়েছেন বেন ডাকেট (Ben Duckett), তবে তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। এর মাধ্যমে দিল্লি কার্যত বুঝিয়ে দিয়েছে যে, তারা ভারতীয় ওপেনিং জুটির উপরই ভরসা রাখতে চায়। অভিষেক পোড়েলকে ধরে রাখার সিদ্ধান্তও সেই ইঙ্গিতই দেয়। তরুণ এই ব্যাটারের সঙ্গে অভিজ্ঞ লোকেশ রাহুলের জুটি তৈরি করে একটি ব্যালান্সড ওপেনিং কম্বিনেশন গড়তে চাইছে দল। একদিকে রাহুলের স্থিরতা, অন্যদিকে পোড়েলের আক্রমণাত্মক মানসিকতা, এই দুইয়ের মিশেলে পাওয়ারপ্লে-তে বড় স্কোর তোলার লক্ষ্যই রাখছে দিল্লি ক্যাপিটালস।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কেবল ব্যাটিং অর্ডার নয়, দলের সামগ্রিক কৌশলেও প্রভাব ফেলবে। ওপেনিংয়ে শক্ত ভিত গড়ে উঠলে মিডল অর্ডার আরও স্বাধীনভাবে খেলতে পারবে। ফলে রানের গতি বাড়ানো সহজ হবে এবং ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হবে। আইপিএল ২০২৬-এ দিল্লি ক্যাপিটালস নতুন রূপে দেখা দিতে চলেছে। লোকেশ রাহুলের ওপেনিংয়ে প্রত্যাবর্তন যে দলের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখন দেখার, মাঠে এই পরিকল্পনা কতটা সফল হয় এবং দিল্লি কতদূর এগোতে পারে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Narendra Modi, Brigade Rally | ব্রিগেডে মোদীর হুঙ্কার ‘বাংলার মা নিঃস্ব, মাটি লুণ্ঠিত, মানুষ চলে যাচ্ছে’ পরিবর্তনের ডাক, ১৮,৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা




