KL Rahul century, Dhruv Jurel hundred, India vs West Indies Test 2025 | শতরানের উৎসব: মেয়েকে উপহার রাহুলের, সেনাকে উৎসর্গ জুরেলের সেঞ্চুরি

SHARE:

আহমেদাবাদ টেস্টে শতরানের উৎসব। কেএল রাহুল মেয়েকে উপহার দিলেন সেঞ্চুরি, ধ্রুব জুরেল উৎসর্গ করলেন ভারতীয় সেনাকে। পড়ুন টেস্টের আবেগঘন মুহূর্ত।

সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ আহমেদাবাদ: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ যেন পরিণত হল এক আবেগঘন ক্রিকেট-উৎসবে। একদিকে কেএল রাহুল (KL Rahul) দেশের মাটিতে দীর্ঘদিন পর পেলেন কাঙ্ক্ষিত টেস্ট শতরান, অন্যদিকে ধ্রুব জুরেল (Dhruv Jurel) ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে উৎসর্গ করলেন ভারতীয় সেনাকে। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাহীন (Rohit Sharma) দলে তাঁদের এই ইনিংস শুধু রানেই সীমাবদ্ধ থাকেনি, ছুঁয়েছে দর্শকের হৃদয়ও।

৩১ বছরের রাহুল খেললেন সাবলীল অথচ দৃঢ় এক ইনিংস। রান পেলেও জানালেন, ব্যাট করা মোটেই সহজ ছিল না এই উইকেটে। টেস্ট সেঞ্চুরির পর মাঠে তাঁর উচ্ছ্বাসও নজর কাড়ল সবার। দু’ আঙুল মুখে ঢুকিয়ে ‘কিড সেলিব্রেশন’ করে রাহুল জানালেন, “তেমন কিছু নয়। আমার মেয়ের (Evera) জন্য এই উচ্ছ্বাস। শতরানটা ওকেই উপহার দিলাম।” উল্লেখ্য, গত মার্চে রাহুলের স্ত্রী আতিয়া শেট্টি (Athiya Shetty) তাঁদের প্রথম সন্তানের জন্ম দেন। মেয়ে এভেরার বয়স এখন মাত্র আট মাস।অক্টোবরেই টানা ব্যর্থতার কারণে ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের বাইরে চলে গিয়েছিলেন রাহুল। সমালোচনার ঝড় উঠেছিল তাঁর ক্যারিয়ার ঘিরে। কিন্তু ইংল্যান্ড (England) সফরে দুর্দান্ত ব্যাটিং আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। সেখানকার পারফরম্যান্স তাঁকে ফের নিজের ছন্দে ফিরতে সাহায্য করে। এবারের শতরান যেন সেই প্রত্যাবর্তনের সীলমোহর। নিজেই বললেন, “গত কয়েক মাস ধরে ব্যাটিং দারুণ উপভোগ করছি। ইংল্যান্ডে রান পেয়ে ভীষণ ভাল লেগেছে। সেই ধারাবাহিকতার ফল এই শতরান।”

কিন্তু, সহজ ছিল না এই লড়াই। বিশ্রামের পর হঠাৎ টেস্টে নেমে মানসিক চাপ সামলানোও কম বড় চ্যালেঞ্জ নয়। রাহুল জানালেন, “একটু চাপে ছিলাম। চার-পাঁচ দিন খেলার ধকল শরীরে থাকে। বিশেষ করে দেশের গরম আবহাওয়ায় সেটা আরও কঠিন। তবে প্রস্তুতি আর মানসিক দৃঢ়তার ফল মিলেছে।” বিদেশে খেলা আর ঘরের মাঠের পার্থক্য প্রসঙ্গে তাঁর মন্তব্য, “বিদেশে সুইং ও বাউন্স সামলাতে হয়, দেশে আবার স্পিন-সহায়ক পিচে খুচরো রান তুলে ইনিংস গড়তে হয়। নিজেকে মানসিকভাবে তৈরি করাই আসল।”

অন্যদিকে, শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন দলে অভিজ্ঞতা ও ধারাবাহিকতার প্রতীক হয়ে উঠেছেন রাহুল। কোহলি-রোহিতের অনুপস্থিতি যেন তাঁকে আরও পরিণত করেছে। যদিও স্বীকার করলেন, ড্রেসিংরুমে তাঁদের না দেখে প্রথমে শূন্যতা অনুভব করেছিলেন। তবু এখন তিনি নেতৃত্ব নয়, ব্যাটার হিসেবেই নিজেকে উন্নত করতে চাইছেন। আবার, এই টেস্টেই সমান আলোড়ন তুলেছেন ধ্রুব জুরেল। তরুণ উইকেটরক্ষক-ব্যাটার প্রথমে অর্ধশতরান পেরোনোর পর স্যালুট করে শ্রদ্ধা জানান বাবাকে, তিনি প্রাক্তন সেনা কর্মী এবং কার্গিল যুদ্ধে লড়াই করেছিলেন। পরে শতরান পূর্ণ হওয়ার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে ‘গান স্যালুট’ দিয়ে উৎসর্গ করলেন ভারতীয় সেনাকে। আবেগঘন ভঙ্গিমায় তিনি বললেন, “অর্ধশতরান বাবাকে উৎসর্গ করেছি। আর এই সেঞ্চুরি দেশের সেনাদের।” তাঁর উচ্ছ্বাস ক্রিকেটভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটের এই মুহূর্ত যেন নতুন অধ্যায়ের সূচনা। অভিজ্ঞ রাহুলের পুনরুত্থান ও তরুণ জুরেলের আত্মপ্রকাশ একসঙ্গে ভরসা দিচ্ছে টিম ইন্ডিয়াকে। শুধু রান নয়, তাঁদের ইনিংসের আড়ালে লুকিয়ে আছে ব্যক্তিগত আবেগ, পারিবারিক বন্ধন এবং দেশের প্রতি দায়বদ্ধতার অমূল্য বার্তা। ক্রিকেটপ্রেমীদের চোখে এই টেস্ট তাই শুধুই খেলার মঞ্চ নয়, হয়ে উঠেছে আবেগের আখড়া।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : KL Rahul : ‘আমি ভীষণ লাজুক ছিলাম’ : কেএল রাহুল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন