জয়ী বিশ্বাস ★ সাশ্রয় নিউজ : সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ম্যাচ চলাকালীন ক্যামেরার লেন্স বারবার তাক করে এক তরুণীর দিকে। কখনও গ্যালারিতে একগাল হেসে বসে থাকেন। কখনও কাঁধে কমলা স্কার্ফ জড়ানো ছবি ভাইরাল হয়। তিনি কাব্য মারান (Kaviya Maran)। সৌন্দর্য আর ব্যক্তিত্বে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার হার্টথ্রব। কিন্তু সম্প্রতি বিনোদন ও ক্রীড়াজগতের সংযোগস্থলে দাঁড়িয়ে রয়েছে এক প্রশ্ন। তিনি কি সত্যিই বিয়ে করতে চলেছেন সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্র (Anirudh Ravichander)-কে?
এক বছর ধরে গোপনে সম্পর্কে থাকার জল্পনা নতুন নয়। তবে সম্প্রতি কাব্য ও অনিরুদ্ধকে একসঙ্গে চেন্নাইয়ের এক রেস্তরাঁয় নৈশভোজ করতে দেখা যাওয়ার পর এই গুঞ্জন ফের জোরালো হয়ে ওঠে। সূত্রের খবর, তাদের একাধিকবার ডেটেও দেখা গিয়েছে। এমনকি লাস ভেগাসে হাতে হাত রেখে হাঁটার ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। যদিও সেই সব তথ্যের কোনও আনুষ্ঠানিক প্রমাণ মেলেনি। বলিপাড়ার একাংশের দাবি, এই সম্পর্ক এতটাই গভীর পর্যায়ে পৌঁছেছে যে, পরিবার ইতিমধ্যে বিয়ের কথাও ভাবতে শুরু করেছে। কাব্যার বাবা, সান গোষ্ঠীর (Sun Group) চেয়ারম্যান কালানিধি মারান (Kalanithi Maran)-এর সঙ্গেও নাকি অনিরুদ্ধের পরিবারের পক্ষ থেকে কথা হয়েছে। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) অনিরুদ্ধের আত্মীয়। তিনিও নাকি এই বিষয়ে হালকা ইঙ্গিত দিয়েছেন।
প্রসঙ্গত, অনিরুদ্ধের পারিবারিক ব্যাকগ্রাউন্ডও উল্লেখযোগ্য। তাঁর বাবা রবি রাঘবেন্দ্র (Ravi Raghavendra) তামিল সিনেমার অভিনেতা ও মা লক্ষ্মী রবিচন্দ্র (Lakshmi Ravichander) শাস্ত্রীয় নৃত্যশিল্পী। অনিরুদ্ধ জনপ্রিয় পরিচালক এআর রহমানের (A.R. Rahman) সঙ্গে একসময় ব্যান্ড প্রতিযোগিতায় জিতে সকলের নজর কাড়েন। তবে বড় সাফল্য আসে ২০১২ সালে ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ গান দিয়ে। সেখানে তিনি ধনুষের (Dhanush) সঙ্গেও কাজ করেছিলেন। এরপর একের পর এক তামিল সুপারস্টার বিজয় (Vijay), কমল হাসান (Kamal Haasan), রজনীকান্ত এমনকী বলিউড কিং শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’-এর সুরকার হিসেবেও নিজের জায়গা পাকা করেন অনিরুদ্ধ। তবে যতই প্রেমের গুঞ্জন উষ্ণ হোক, শনিবার সন্ধ্যায় এক্স (X)-এ একটি পোস্ট করে অনিরুদ্ধ স্পষ্ট জানিয়ে দেন, “বিয়ে নাকি! আপনারা একটু শান্ত হোন। দয়া করে ভুলভাল খবর ছড়াবেন না।” যদিও তিনি কাব্যর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেননি। কিন্তু বিষয়টি এড়িয়ে গিয়েছেন।
এদিকে, কাব্য নিজেও এ বিষয়ে মুখ খোলেননি। ব্যক্তিগত জীবন তিনি বরাবরই গোপন রাখেন। ১৯৯২ সালের অগস্টে জন্ম, বাবার পদাঙ্ক অনুসরণ করে ২০১৮ সাল থেকে সানরাইজার্স হায়দরাবাদের সিইও পদে রয়েছেন। চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ (Stella Maris College) থেকে বাণিজ্যে স্নাতক হয়ে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের (New York University) লিওনার্ড এন. স্টার্ন স্কুল অফ বিজনেস (Leonard N. Stern School of Business) থেকে এমবিএ (MBA) শেষ করে দেশে ফিরে পারিবারিক ব্যবসায় যুক্ত হন কাব্য। ক্রিকেট দল ছাড়াও সান টিভি, সান মিউজিক ও সান এফএম-এ তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নেটাগরিকদের অনেকের মন্তব্য, “তাঁদের যুগল ছবিগুলো এতটাই রোম্যান্টিক যে বিয়ের কথা বিশ্বাস করতেই ইচ্ছে করছে।” আবার কেউ কেউ কটাক্ষ করে বলছেন, “সেলেবদের ব্যক্তিগত জীবন নিয়েও যে এতটা আগ্রহ, তা সত্যিই আশ্চর্য!” বর্তমানে যদিও তাঁদের সম্পর্কের ও বিয়ের কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে কাব্য ও অনিরুদ্ধের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা যে এত সহজে থামবে না, তা বলাই বাহুল্য। বিয়ের গুঞ্জন সত্যি না গুজব তা সময়ই বলবে। তবে বিনোদন-ক্রিকেট-সঙ্গীতপ্রেমী দর্শকের চোখ আপাতত ওঁদের দিকেই।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Darshan-Sourav : দর্শনা-সৌরভ দম্পতির ঘরে নতুন অতিথি আসছে! কী বললেন দম্পতি




