শিবপ্রসাদ মণ্ডল ★ কলকাতা : টলিউডের জনপ্রিয় দম্পতি সৌরভ দাস (Saurav Das) ও দর্শনা বণিক (Darshana Banik) বিয়ে করেছেন দেড় বছর আগে। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের কৌতূহল যেন কোনও দিনই কমে না। সম্প্রতি একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টলিপাড়ার অলিগলি পর্যন্ত, মা হতে চলেছেন দর্শনা! তবে সত্যিই কি এমন কিছু ঘটতে চলেছে, নাকি সবটাই শুধুই জল্পনা? সম্প্রতি এক পডকাস্টে দর্শনার একটি মন্তব্য থেকেই আগুনে ঘি পড়েছে। অভিনেত্রী সেখানে বলেন, “বিয়ে করেছি যখন, সন্তানের কথা ভাববই। আমরা দু’জনেই (আমি এবং সৌরভ) শিশু কতটা পছন্দ করি সেটা তো সবাই জানেন।” এই বক্তব্যে অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, তবে কি তাঁদের ভেতর তৃতীয় কারও আসার অপেক্ষায় রয়েছেন তাঁরা?

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন। বাবা-মা হচ্ছেন সৌরভ-দর্শনা। এই গুজবের জবাব দিতে শেষমেশ মুখ খুলতে বাধ্য হলেন দর্শনা নিজেই। একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, “ভুল খবর রটছে। সব মিথ্যে কথা।”

এই মন্তব্যে তিনি বুঝিয়ে দেন, এই মুহূর্তে মা হওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁদের।তবে এই প্রতিবাদী সুরেও সম্পর্কের গভীরতা ও ভালবাসা নিয়ে কোনও দ্বিধা নেই তাঁদের। দেড় বছরের দাম্পত্যে তাঁদের বন্ধন যে আরও মজবুত হয়েছে, তা বিভিন্ন সময়ে তাঁদের সোশ্যাল মিডিয়ার পোস্টে চোখে পড়ে।বিবাহবার্ষিকীতে দর্শনা লেখেন, “আমাদের প্রত্যেকটা দিন যেন সুখে কাটে। তুমি আমার সঙ্গী, প্রিয় বন্ধু, আমার অপরাধের সাথী, আমার হাসিখুশির মুহূর্তের সঙ্গী, আরও অনেক কিছু। শুভ বিবাহবার্ষিকী।” এই পোস্ট দেখে তাঁদের ভক্তরা যেমন আবেগপ্রবণ হয়েছেন। তেমনই নতুন কোনও সুখবরের আশা করে অপেক্ষাও করছেন অনেকেই।
অন্যদিকে, পেশাগত জীবনেও সৌরভ-দর্শনা দু’জনেই ব্যস্ত। সৌরভ বর্তমানে ব্যতিক্রমী চরিত্রে ধরা দিতে চলেছেন বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ‘দ্য বেঙ্গল ফাইলস’ (Vikram Bhatt) ছবিতে। ইতিমধ্যেই তাঁর চরিত্র ঘিরে জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে দর্শনা তাঁর কেরিয়ার নিয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছেন। শুধু বাংলা চলচ্চিত্র নয়, হিন্দি ছবিতেও তিনি নিজের অবস্থান গড়ে তুলছেন। বিক্রম ভাট্টের (Vikram Bhatt) নতুন প্রজেক্টে কাজ করছেন দর্শনা। ওই প্রজেক্ট নিয়ে তিনি বেশ আশাবাদী।

একদিকে যেমন গুজব, অন্যদিকে ব্যক্তিগত এবং পেশাগত সাফল্য সব মিলিয়ে সৌরভ-দর্শনার জীবন যেন এক চলমান নাটক। তাঁদের জীবনের প্রতিটি পদক্ষেপে চোখ রাখছেন অনুরাগীরা। তাঁদের সুখবরের অপেক্ষা তো থাকবেই, কিন্তু সেই সুখবর কবে আসবে, তা আপাতত সময়ই বলবে। টলিউডের এই জনপ্রিয় দম্পতির সম্পর্কে এক ঘনিষ্ঠ সূত্রের মতে, “ওরা একে অপরকে দারুণ বোঝে। এখনই হয়ত সন্তান পরিকল্পনা নয়। কিন্তু ভবিষ্যতে ওরা তা অবশ্যই ভাবছে। সব কিছু ঠিক থাকলে হয়ত এক-দু’বছরের মধ্যেই এমন খবর আসতে পারে।” যদিও অভিনেত্রী দর্শনা সেই ভবিষ্যৎ পরিকল্পনার কথা নিজেই পডকাস্টে আভাস দিয়েছেন। স্পষ্ট করেছেন, এই মুহূর্তে তাঁদের হাতে প্রচুর কাজ। এবং তাঁরা দু’জনেই নিজেদের কেরিয়ার নিয়ে ভীষণ মনোযোগী। সব মিলিয়ে এটা স্পষ্ট, দর্শনা ও সৌরভ তাঁদের ব্যক্তিগত জীবনের প্রতিটি সিদ্ধান্তই নিতে চান ধীরে ও পরিপক্বভাবে। আপাতত দর্শনার বক্তব্যই ইতি টানছে জল্পনার। তিনি মা হচ্ছেন না।অন্তত এখনই নয়। তবে ভবিষ্যতে কী ঘটে, তার জন্য নজর রাখতে হবে তাঁদের পরবর্তী পোস্ট কিংবা বক্তব্যে। কারণ সৌরভ-দর্শনা দম্পতির জীবনে কোন মোড়ে নতুন অধ্যায় শুরু হয়, তা জানতে আগ্রহী গোটা ওঁদের অনুরাগীমহল।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Deepika Padukone : মুম্বইয়ের বর্ষায় অটো রোম্যান্স, দীপিকার ‘প্রথম প্রেমিক’ কী বললেন?




