পার্বতী কাশ্যপ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বলিউডে যখনই নতুন কোনও মুখের আভির্ভাব হয়, তখনই আলোচনার কেন্দ্রে থাকেন পরিচালক-প্রযোজক করণ জোহর (Karan Johar)। বহু বছর ধরে তাঁর হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন একাধিক প্রতিভাবান শিল্পী। তবে একইসঙ্গে তাঁকে ঘিরে বিতর্কও কম হয়নি। বিশেষত নেপোটিজমের অভিযোগ প্রায়শই ওঠে করণের বিরুদ্ধে। এবার সেই বিতর্ক ফের উস্কে দিলেন অভিনেত্রী কাজল (Kajol), যখন তাঁর মেয়ে নাইসা দেবগণ (Nysa Devgan) -এর অভিনয় জগতে আগমন নিয়ে প্রশ্ন উঠল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজলকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি কি কখনও তাঁর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সুরক্ষিত পরিকল্পনা করেছেন? এই প্রশ্নে অভিনেত্রীর উত্তর ছিল খোলামেলা। কাজলের ভাষায়, “না, আমি কোনওদিনও ওভাবে চাপ অনুভব করিনি। আমার বিশ্বাস প্রতিটি মানুষ নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রাখে। আমার সন্তানরাও যথেষ্ট বুদ্ধি রাখে নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার। আমি মা হিসেবে যতটুকু শেখানোর ছিল, তা শিখিয়েছি। এরপর সিদ্ধান্ত তাদের হাতেই থাকবে।” কাজল আরও জানান, মা-বাবা হিসেবে তিনি ও অজয় দেবগণ (Ajay Devgn) কেবল দিশা দেখাতে পারেন, কিন্তু জোর করে কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে তাঁরা নন। “আমার মনে হয়, সন্তানদের নিজেদের মতো করে বেড়ে ওঠা খুবই জরুরি। আমি সবসময় চাই তারা যেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়,” যোগ করেন অভিনেত্রী।

এই প্রসঙ্গেই উঠে আসে করণ জোহরের নাম। সাক্ষাৎকারগ্রহীতা জানতে চান, করণ জোহর কি কখনও নাইসাকে সিনেমায় অভিনয়ের জন্য যোগাযোগ করেছিলেন? কাজল এ বিষয়ে অকপটে জানান, “হ্যাঁ, ১-২ বার ফোন এসেছে। যেমনটা ইন্ডাস্ট্রির অন্যদের কাছেও যায়। কিন্তু এটা কোনও বিশেষ প্রস্তাব ছিল না। আর আমার বিশ্বাস, এই মুহূর্তে নাইসার বলিউডে পা রাখার কোনও ইচ্ছে নেই। যদি কোনওদিন ওর মনে হয় অভিনয়ে নামবে, তাহলে ও নিজেই জানাবে। তখন আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানাব।” অভিনেত্রীর বক্তব্যে স্পষ্ট, কাজলকন্যা এখনও ফিল্ম ইন্ডাস্ট্রির পথে হাঁটতে প্রস্তুত নন। যদিও বলিউড মহলে নেপোটিজম প্রসঙ্গে করণ জোহরের নাম বারবার উঠে এসেছে। একাধিকবার তাঁকে স্টারকিডদের ‘লঞ্চপ্যাড’ তৈরি করার অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে। এই বিতর্কে এবার নাইসার নাম যুক্ত হওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়েছে।

উল্লেখ্য, এর আগে কাজল ও অজয় দেবগণ একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের মেয়ের সিনেমায় আসার প্রতি তেমন কোনও আগ্রহ নেই। নাইসা বর্তমানে নিজের পড়াশোনায় মন দিচ্ছেন। চলতি বছরের জুলাইয়ে নাইসা সুইজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন (Glion Institute of Higher Education) থেকে স্নাতক হয়েছেন। বিদেশে পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতো। একাধিকবার তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু, বলিউডের দর্শককুলের কৌতূহল,কাজলকন্যা কি আদৌ সিনেমায় আসবেন? যদি আসেন, তাহলে কোন পরিচালক বা কোন প্রযোজক তাঁকে লঞ্চ করবেন? করণ জোহরের নাম নিয়েই কি শুরু হবে নাইসার যাত্রা? যদিও কাজল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত তিনি পুরোপুরি মেয়ের হাতে ছেড়ে দিয়েছেন।

বর্তমানে নাইসা দেবগণকে ঘিরে ফ্যানদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন, কাজল ও অজয়ের মতো শক্তিশালী অভিনয় ঐতিহ্য বহন করে নাইসা যদি বলিউডে প্রবেশ করেন, তবে তাঁর কেরিয়ার শুরুর মুহূর্ত থেকেই আলোচনায় থাকবে। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, বর্তমান প্রজন্মের স্টারকিডরা পড়াশোনা শেষ করলেও শেষমেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকেই পছন্দ করেন। নাইসার ক্ষেত্রেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে, সময়ই বলে দেবে, নাইসা দেবগণ সত্যিই কি অভিনয়ের জগতে প্রবেশ করবেন নাকি পড়াশোনা শেষ করে একেবারে অন্য কোনও পেশায় পা রাখবেন। আপাতত দর্শক ও অনুরাগীরা নজর রাখছেন কাজলকন্যার আগামী পদক্ষেপের দিকে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kajol | তিন খানের তুলনায় সালমানের স্টার পাওয়ার অনন্য! অকপট স্বীকারোক্তি কাজলের




