শর্মিষ্ঠা সাহা মৈত্র ★ সাশ্রয় নিউজ ডেস্ক : বিশ্ববিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস (BTS)-এর ‘গোল্ডেন মাকনে’ জাংকুক (Jungkook) আবারও ভক্তদের চমকে দিলেন একেবারে অপ্রত্যাশিতভাবে। শুক্রবার (২৯ আগস্ট) উইভার্স-এ (Weverse) লাইভে এসে প্রথমে ভক্তদের সঙ্গে হালকা আড্ডা শুরু করলেও মুহূর্তের মধ্যেই সেই লাইভ রূপ নিল একটি মিনি হোম ট্যুরে। নিজের বসার ঘরের আরামদায়ক টিভি সেটআপ থেকে শুরু করে সিঁড়ির ডিজাইন, এমনকি জিমের কোণও ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। আর সেই লাইভেই প্রথমবার নিজের স্বাস্থ্য নিয়ে খোলাখুলি জানালেন এক বড় খবর—তিনি অ্যাডাল্ট এডিএইচডিতে (Adult ADHD) ভুগছেন। জাংকুককে স্বভাবতই ভক্তরা প্রাণবন্ত, চঞ্চল ও উচ্ছল দেখতে অভ্যস্ত। তাই লাইভে এদিক-ওদিক ঘোরাঘুরি করার সময় একজন ভক্ত মন্তব্য করেন যে, এত নড়াচড়া না করলেই ভালো হয়। সেখানেই জাংকুক অকপটে জানান, “আমি এটা আটকাতে পারি না। আমার অ্যাডাল্ট এডিএইচডি আছে। তাই এমন নড়াচড়া করি, চুপচাপ বসে থাকতে পারি না।”

এই স্বীকারোক্তি মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ভক্তদের মনে। কারণ এতদিন পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি জাংকুক। তাঁর এই খোলামেলা স্বভাব ভক্তদের হৃদয় আরও জয় করে নিল। ভক্তরা লাইভ চলাকালীন নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন লিখলেন, “ওর ইচ্ছে হলে নড়বে, ইচ্ছে হলে চুপচাপ থাকবে। এতে অন্য কারও অসুবিধা হওয়ার কথা নয়।” আরেকজন বলেন, “জাংকুক নিজের বাড়িতে বসে আছে। চাইলে ও নড়বে, চাইলে ও চুপ করে বসবে। কেন এরকম কমেন্ট করা হচ্ছে?” তবে অনেকেই আরও ক্ষোভ প্রকাশ করেন। একজন সরাসরি বলেন, “আমি ঘৃণা করি যখন মানুষ ওর সঙ্গে এরকম আচরণ করে। এটা ভীষণ অসম্মানজনক।” আবার আরেকজন প্রস্তাব দেন, “যে এই কমেন্ট করেছে, ওকে খুঁজে বের করে রিপোর্ট করা উচিত।”

এই ঘটনার পর স্পষ্ট যে, ভক্তরা জাংকুকের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। তাঁর সততা এবং দুর্বলতাকে স্বীকার করার সাহস ভক্তদের আরও অনুপ্রাণিত করেছে। বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করে নেওয়া এই তারকা আবারও প্রমাণ করলেন, খ্যাতির আলোয় থেকেও তিনি ভীষণভাবে মানবিক। লাইভের বড় আকর্ষণ ছিল তাঁর হোম ট্যুরও। সাদামাটা অথচ আরামদায়ক সাজসজ্জার বাড়িতে ভক্তরা একঝলক উঁকি মারতে পেরে ভীষণ খুশি হন। অনেকেই মন্তব্য করেন, তাঁর বাড়ি যেমন উষ্ণ, তেমনই তিনি নিজেও আন্তরিক। বর্তমানে বিটিএস সদস্যরা দক্ষিণ কোরিয়ায় ফিরেছেন আমেরিকা সফর শেষে। যদিও ব্যান্ডের পরবর্তী কাজ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে ভক্তরা আশা করছেন একসঙ্গে নতুন কিছু উপহার পাবেন তাঁরা। এই লাইভ সেশনের মাধ্যমে আবারও প্রমাণ হল জাংকুক শুধুমাত্র একজন তারকা নন, তিনি ভক্তদের কাছে অনেক বেশি বাস্তব, খোলা মনের এবং সৎ একজন মানুষ। আর সেই কারণেই কোটি কোটি আর্মির (ARMY) কাছে তিনি সর্বদা অনন্য।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Blake Lively, Justin Baldoni | টেইলর সুইফটের ব্যক্তিগত বার্তা রক্ষায় মরিয়া ব্লেক লাইভলি,




