Jasprit Bumrah | ভারতীয় শিবিরে স্বস্তি, দ্বিতীয় টেস্টে থাকছেন বুমরাহ

SHARE:

পারিজাত গঙ্গোপাধ্যায় ★ বার্মিংহাম : ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট শিবিরে এতদিন ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন কি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)? প্রথম টেস্টের পর যেভাবে ভারতীয় বোলিং আক্রমণ প্রায় ওঁর কাঁধেই ভর করে দাঁড়িয়ে ছিল, তাতে দ্বিতীয় ম্যাচে বুমরার অনুপস্থিতি দলের কাছে মারাত্মক ধাক্কা হতে পারত। অবশেষে সোমবার সেই অনিশ্চয়তার অবসান ঘটালেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখতে (Ryan ten Doeschate)।

জসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত।

রায়ান জানিয়ে দিলেন, বার্মিংহ্যামের হাইভোল্টেজ দ্বিতীয় টেস্টে খেলবেন বুমরাহ। হেডিংলেতে (Headingley) প্রথম টেস্টে ভারত হারার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান সবখানেই একটা জল্পনা জাঁকিয়ে বসেছিল: বুমরাহ খেলবেন তো? ৪৩.৪ ওভার বল করার পর ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল এই ৩১ বছর বয়সী পেসারের শরীরে। এমনকী বুধবার অনুশীলনে গিয়েও তিনি নেটে বল করেননি। ফলে গুজবের মাত্রা আরও চড়তে থাকে। কিন্তু সোমবার সংবাদমাধ্যমের সামনে রায়ান দুশখতে জানিয়ে দিলেন, ‘‘দ্বিতীয় টেস্টে বুমরাহ খেলবে। আমাদের প্ল্যানিংয়েই ছিল, পাঁচটি টেস্টের মধ্যে তিনটিতে ও অংশ নেবে। প্রথম টেস্টের পর ওকে আট দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। এতে ওর শরীর আবার প্রস্তুত হয়েছে লড়াইয়ের জন্য।’’

বিশ্রামের পর বুমরাহকে ফেরানো ভারতীয় দলের কাছে নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। সহকারী কোচ আরও যোগ করেন, ‘‘আমাদের লক্ষ্য একটাই, বুমরাহর ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে। পুরো সিরিজে পাঁচটি টেস্ট, তাই পরিকল্পনা এমনভাবে করতে হবে যাতে ও-ধারাবাহিকভাবে ফিট থাকে।’’ কিন্তু শুধু বুমরাহ নয়, দ্বিতীয় টেস্টের একাদশে নতুন মুখের ইঙ্গিতও দিয়েছেন দুশখতে। তাঁর মতে, তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) জায়গা করে নিতে পারেন প্রথম একাদশে। প্রথম টেস্টে শার্দুল ঠাকুর (Shardul Thakur) প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় রেড্ডির অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

জসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

যদিও বুমরাহর নিশ্চিত উপস্থিতি ভারতীয় বোলিং ইউনিটের জন্য রক্ষাকবচ, অন্যদিকে দলের ফিল্ডিং নিয়ে চিন্তাও কিন্তু কাটেনি। হেডিংলেতে একাধিক গুরুত্বপূর্ণ ক্যাচ পড়েছে। সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়, তাই সোমবার অনুশীলনে ক্যাচিং নিয়ে বিশেষ নজর দেওয়া হয়। ফিল্ডিং কোচ টি দিলীপ (T Dilip) স্লিপ ফিল্ডারদের নিয়ে আলাদা করে সময় কাটান। কালো কাপড় ব্যবহার করে দৃশ্যমানতা কমিয়ে তিনি স্লিপ ক্যাচের বিশেষ অনুশীলন করান। সেই অনুশীলনে ছিলেন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill), লোকেশ রাহুল (KL Rahul), করুণ নায়ার (Karun Nair)। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) অবশ্য সেদিন অনুশীলনে যোগ দেননি। প্রথম টেস্টে বুমরাহ ছাড়া আর কোনও ভারতীয় পেসার ইংল্যান্ডের টপ অর্ডারকে সমস্যায় ফেলতে পারেননি। বুমরাহ একাই লড়াই চালালেও সঙ্গত পাননি কোনও সতীর্থের কাছ থেকে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) নেতৃত্বাধীন কোচিং স্টাফের মধ্যে এই বিষয়টি নিয়ে একটা চাপা অসন্তোষও তৈরি হয়েছে বলে সূত্র মারফৎ শোনা যায়! দুশখতে এ প্রসঙ্গে কিছু না বললেও বোঝা যাচ্ছে, দ্বিতীয় টেস্টে আরও একাধিক পরিবর্তন দেখা যেতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মেডিক্যাল টিম অবশ্য প্রথম থেকেই চেয়েছিল, বুমরাহকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হোক। দীর্ঘ ইনজুরির পর তিনি ফের টেস্ট ক্রিকেটে ফিরেছেন। তবে ভারতীয় দলের বাস্তব পরিস্থিতি এমন যে তাঁকে এক ম্যাচের বেশি বিশ্রামে রাখা খুব একটা বাস্তবসম্মত নয়। তাই আটদিন বিশ্রামের পর আবারও মাঠে নামছেন এই পেসার। ২ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। হেডিংলের হার ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে গিলরা। আর সেই লড়াইয়ে দলে থাকা বুমরাহ মানে মনোবলের বড় ইনজেকশন। ভারতের সফলতা অনেকটাই নির্ভর করছে বুমরাহর ঝাঁঝালো স্পেলের ওপর। ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা এখন সেই আগুন ঝরানো বোলিং দেখার।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Jasprit Bumrah, Sanjana Ganesan | প্রথমে এড়িয়ে গিয়েছিলেন, পরে হলেন জীবনসঙ্গিনী, জানেন বুমরাহ ও সঞ্জনার প্রেমের গল্প?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন