পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারতের মাটিতে চলতে থাকা মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ (Women’s Cricket World Cup 2025) নিয়ে দেশজুড়ে উৎসবের আবহ। ইতিমধ্যেই গুয়াহাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে দুরন্ত সূচনা করেছে হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) -এর নেতৃত্বাধীন ভারতীয় দল। কিন্তু রবিবার কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন ধরনের আলোচনার ঝড়। এশিয়া কাপের তাজা বিতর্কের পর ক্রিকেট মহলে প্রশ্ন একটাই, হরমনপ্রীতরা কি পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ (Bismah Maroof) -এর সঙ্গে হ্যান্ডশেক করবেন? নাকি পুরুষ দলের পথেই হাঁটবে মহিলারা?
এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছিল। তিনটি ম্যাচেই জয়ী ভারতীয় দল। ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে নবম বারের মতো এশিয়া সেরার মুকুট জিতেছিল সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) -এর নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল। কিন্তু সেই আসরে যা সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল তা হল ‘হ্যান্ডশেক বিতর্ক’। গ্রুপ পর্বের ম্যাচে টসে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha) -এর সঙ্গে হাত মেলাননি সূর্যকুমাররা। ম্যাচ জয়ের পরও ভারতীয় দল ড্রেসিংরুমে ফিরে গিয়েছিল করমর্দন এড়িয়ে। বিষয়টি নিয়ে পাকিস্তান শিবিরে ক্ষোভ ছড়ালেও ভারতীয় অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছিলেন, সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফাইনাল ম্যাচেও একই দৃশ্য চোখে পড়ে। টসের সময় ভারতীয় অধিনায়কের সঙ্গে উপস্থিত ছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri), আর পাকিস্তানের পক্ষে ছিলেন ওয়াকার ইউনিস (Waqar Younis)। তবু হাত মেলানো হয়নি। ক্রিকেট বোর্ডও বিষয়টিকে স্পষ্টভাবে নীতির অংশ হিসেবে ধরে নেয়। সেই সূত্র ধরে এবার মহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও জোর জল্পনা।
বোর্ড সূত্রে খবর, রবিবারের ম্যাচেও একই নিয়ম বহাল থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক শীর্ষকর্তা সংবাদসংস্থা পিটিআইকে (PTI) বলেন, “ভারতীয় বোর্ড সরকারের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছে। টস কিংবা ম্যাচ শেষে কোনও হ্যান্ডশেক হবে না। এমনকী কোনও ফটোশুটও হবে না।” অর্থাৎ আবারও রাজনৈতিক টানাপোড়েন ক্রিকেটে প্রভাব ফেলতে চলেছে। একদিকে ভারতীয় সমর্থকেরা চান টানা চতুর্থ রবিবার পাকিস্তানকে হারিয়ে জয়ধ্বনি তুলুক টিম ইন্ডিয়া। অন্যদিকে করমর্দন না হওয়ার কারণে বিতর্ক যে ফের নতুন করে মাথাচাড়া দেবে, তা স্পষ্ট।
বিশ্বকাপ আয়োজনে ভারত ও শ্রীলঙ্কা (Sri Lanka) যুগ্মভাবে দায়িত্ব নিয়েছে। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের আত্মবিশ্বাস আকাশছোঁয়া। অধিনায়ক হরমনপ্রীত কৌর ম্যাচের আগে জানিয়েছেন, “দল এখন দারুণ ছন্দে আছে। আমাদের একমাত্র লক্ষ্য মাঠে ভাল পারফরম্যান্স করা। বাইরে কী হচ্ছে সেটা আমাদের ভাবনার বিষয় নয়।” তবে ক্রিকেট বোর্ডের নির্দেশিকা মানতেই হবে খেলোয়াড়দের। আর তাই রবিবারের ম্যাচে আবারও চোখ থাকবে শুধুই মাঠের খেলায়, মাঠের বাইরের সম্পর্ক এড়িয়ে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, মহিলা ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই বাড়তি মাত্রা এনে দেয়। এবারও ব্যতিক্রম হবে না। তবে এই ‘নো হ্যান্ডশেক’ ইস্যু ম্যাচের আবহকে আরও উত্তেজক করে তুলছে। ভারতীয় সমর্থকদের কাছে এই ম্যাচ তাই শুধুই বিশ্বকাপের একটি গ্রুপ পর্বের লড়াই নয়। এ যেন মান-অভিমানের লড়াই, Inches জয় মানে গর্ব, আর হারের প্রশ্নই ওঠে না।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : KL Rahul century, Dhruv Jurel hundred, India vs West Indies Test 2025 | শতরানের উৎসব: মেয়েকে উপহার রাহুলের, সেনাকে উৎসর্গ জুরেলের সেঞ্চুরি




