পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণায় বড় চমক দিলেন বিসিসিআই (BCCI) সিলেক্টররা। দীর্ঘদিন ধরে ওপেনিংয়ে নজরকাড়া পারফরম্যান্স করা শুভমান গিল (Shubman Gill) এবার টিম ইন্ডিয়ার নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন। রোহিত শর্মা (Rohit Sharma) -এর জায়গায় গিলকে অধিনায়ক করা হয়েছে। যদিও অভিজ্ঞ দুই তারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা ওয়ানডে দলে প্রত্যাবর্তন করেছেন।

পাশাপাশি শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) গিলের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর থেকে। ঠিক তার আগেই ভারতীয় দলে এই বড় রদবদল নিঃসন্দেহে ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকর (Ajit Agarkar) জানিয়েছেন, “শুভমানকে অধিনায়ক করা নিয়ে আমাদের সন্দেহ ছিল না। ওর বয়স, অভিজ্ঞতা আর সাম্প্রতিক পারফরম্যান্স দেখে মনে হয়েছে, এই দায়িত্ব নেওয়ার জন্য ও পুরোপুরি প্রস্তুত।”
রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় দল শেষ ক’য়েক বছরে দুর্দান্ত সাফল্য পেয়েছে। তাঁর নেতৃত্বে ৫৬টি ম্যাচে ভারত ৪২ বার জয় পেয়েছে। ২০২৩ সালের বিশ্বকাপে দলকে ফাইনালে নিয়ে যাওয়া এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় রোহিতের অধিনায়কত্বের অন্যতম মাইলফলক। তাঁর জয়ের শতাংশ ৭৫, যা যে কোনও ভারতীয় অধিনায়কের মধ্যে সর্বাধিক। তবুও এবার তাঁকে নেতৃত্বের বাইরে রাখা হয়েছে, যা ভবিষ্যতে রোহিতের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে, বিরাট কোহলি, ইতিমধ্যেই টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, তিনি ওয়ানডে দলে ফিরছেন। সমর্থকদের কাছে এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। পাশাপাশি দলের ব্যাটিং লাইন-আপে নতুন করে শক্তি যোগাবে এই জুটি।

আসন্ন, ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। বাঁহাতি তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) আবারও সুযোগ পেয়েছেন দলে। টি-২০ সিরিজের জন্য সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) অধিনায়ক ঘোষণা করা হয়েছে, এবং সেখানে সহ-অধিনায়ক থাকবেন শুভমান গিল। উল্লেখযোগ্যভাবে, আহত হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) পরিবর্তে টি-২০ দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। প্রধান নির্বাচক আগারকর জানিয়েছেন, দলে জায়গা না পেলেও তিলক বর্মার (Tilak Varma) নামও বিবেচনায় ছিল। তিনি বলেন, “তিলক এশিয়া কাপ ২০২৫ ফাইনালে ম্যাচসেরা হয়েছিল। ও খুব কাছাকাছি ছিল ওয়ানডে দলে আসার।”

কিন্তু, এই ঘোষণা ঘিরে নতুন প্রশ্ন উঠছে, শুভমান গিল কি অতিরিক্ত দায়িত্বে ভেঙে পড়বেন? কারণ তিনি এখন একদিকে ওয়ানডের অধিনায়ক, টি-২০র সহ-অধিনায়ক এবং টেস্টেও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। প্রায় প্রতিটি সিরিজেই তাঁকে খেলতে হবে। আগারকর অবশ্য জানিয়েছেন, “আমরা আশাবাদী শুভমানের ক্ষেত্রে বার্নআউট হবে না। ও এখনও তরুণ। ইংল্যান্ড সফরে চাপে কীভাবে খেলেছে, তা আমরা দেখেছি। ওর রেকর্ডই প্রমাণ করে ও প্রস্তুত। তবে আমরা দল পরিচালনায় সতর্ক থাকব, যাতে ওকে সঠিকভাবে ম্যানেজ করা যায়।”

উল্লেখ্য যে, ভারতীয় দলে যে পরিবর্তনগুলো নজর কাড়ছে তার মধ্যে অন্যতম হল মোহাম্মদ শামি (Mohammed Shami)-কে কোনও ফরম্যাটেই রাখা হয়নি। ৩৫ বছর বয়সী এই পেসার চোট-আঘাতের সমস্যায় ভুগছেন বহুদিন ধরে। ফলে তাঁর না থাকা অনেকটা ইঙ্গিত দিচ্ছে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনায় এগোচ্ছে।

নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে শুভমান গিলের সামনে এবার বিরাট চ্যালেঞ্জ। শুধু ম্যাচ জেতানোই নয়, রোহিত-বিরাটের মতো সিনিয়রদের সঙ্গে থেকে ভারসাম্য রক্ষা করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ঘোষণার পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। কারণ একদিকে অভিজ্ঞতার প্রত্যাবর্তন, অন্যদিকে নতুন নেতার হাতে দলের ভবিষ্যৎ। অক্টোবরের অস্ট্রেলিয়া সফরেই বোঝা যাবে, শুভমান গিলের নেতৃত্ব ভারতীয় ক্রিকেটকে কতটা সফলতার পথে নিয়ে যেতে পারে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : WTC | India vs West Indies 1st Test | জাদেজা-সিরাজের আগুন বোলিংয়ে ইনিংস ও ১৪০ রানে জয় ভারতের




