সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বিশ্বজুড়ে ইন্টারনেট ব্রাউজারের নাম বললেই সবার আগে উঠে আসে গুগল ক্রোম-এর (Google Chrome) নাম। প্রতিদিন প্রায় ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারী এই ব্রাউজার ব্যবহার করেন। গত এক দশকেরও বেশি সময় ধরে এটি হয়ে উঠেছে মানুষের অনলাইন জীবনের অন্যতম সঙ্গী। কিন্তু এবার হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে এমন এক খবর, যা শুনে অনেকেই হতবাক, গুগল ক্রোম নাকি বিক্রি হয়ে যেতে পারে! যদিও বাস্তবে এই জনপ্রিয় ব্রাউজার বিক্রির কোনও ঘোষণা আসেনি, তবুও এক তরুণ ভারতীয় উদ্যোক্তার প্রস্তাবকে কেন্দ্র করে সিলিকন ভ্যালি থেকে শুরু করে প্রযুক্তি দুনিয়ার সর্বত্র তৈরি হয়েছে তুমুল আলোচনা।
এই প্রস্তাব দিয়েছেন মাত্র ৩১ বছরের এক তরুণ, অরবিন্দ শ্রীনিবাস (Aravind Srinivas)। জন্ম চেন্নাইতে হলেও উচ্চশিক্ষার জন্য তিনি আইআইটি মাদ্রাজ (IIT Madras) থেকে পাশ করে সানফ্রান্সিসকোতে পাড়ি দেন। সেখানেই ২০২২ সালে গড়ে তোলেন নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা পারপ্লেক্সিটি (Perplexity)। বর্তমানে কোম্পানিটির ভ্যালুয়েশন দাঁড়িয়েছে প্রায় ১,৮০০ কোটি ডলার। এর পেছনে রয়েছে বড় বড় সংস্থার বিনিয়োগ। এনভিডিয়া (NVIDIA), অ্যামাজন সহ (Amazon) একাধিক টেক জায়ান্ট ইতিমধ্যেই বিনিয়োগ করেছে সেখানে। পারপ্লেক্সিটির প্ল্যাটফর্মে প্রতি মাসে প্রায় ৮০০ কোটি হিট হচ্ছে, যা বিশ্বব্যাপী এআই ব্যবহারের ক্ষেত্রে এর জনপ্রিয়তাকে প্রমাণ করে দিচ্ছে। এই সাফল্যের উপর ভর করেই অরবিন্দ শ্রীনিবাস এবার আরও এক ধাপ এগিয়ে দিলেন এক চমকপ্রদ প্রস্তাব। তিনি সরাসরি গুগলের সিইও সুন্দর পিচাইকে (Sundar Pichai) প্রস্তাব দিয়েছেন, ৩,৪০০ কোটি ডলারে তিনি গুগল ক্রোম কিনে নিতে চান। অর্থাৎ, নিজের কোম্পানির বর্তমান ভ্যালুয়েশনের প্রায় দ্বিগুণ অর্থ খরচ করতে প্রস্তুত এই ভারতীয় উদ্যোক্তা।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সত্যিই কি গুগল তাদের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্টের একটি বিক্রি করে দেবে? প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগল ক্রোম বিক্রির প্রশ্নই আসে না। কারণ এটি শুধু একটি ব্রাউজার নয়, তা গুগলের বিশাল ইকোসিস্টেমের একটি কেন্দ্রীয় স্তম্ভ। বিজ্ঞাপন থেকে শুরু করে গুগলের অন্যান্য পরিষেবার সঙ্গেও ক্রোম অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ফলে এটি বিক্রি করার সম্ভাবনা কার্যত শূন্য। তবে গুগল যদি বিক্রি না-ও করে, তবুও শ্রীনিবাসের এই সাহসী প্রস্তাব নিয়ে আলোচনার ঝড় উঠেছে সিলিকন ভ্যালিতে। প্রযুক্তি দুনিয়ার একাংশ মনে করছে, এই পদক্ষেপ ভবিষ্যতের টেক উদ্যোক্তাদের কাছে এক নতুন অনুপ্রেরণা। মাত্র তিন বছরের মধ্যে একটি এআই কোম্পানিকে এত উচ্চতায় নিয়ে যাওয়ার পর গুগলকে সরাসরি চ্যালেঞ্জ করার মতো সাহসী প্রস্তাব নিঃসন্দেহে এক নতুন ইতিহাস তৈরি করেছে।
অরবিন্দ শ্রীনিবাসকে ঘিরে ইতিমধ্যেই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে বিশ্বব্যাপী। অনেকেই বলছেন, ‘এই বয়সে এত বড় পদক্ষেপ নেওয়া মানেই তিনি প্রযুক্তি শিল্পে নতুন কিছু করতে এসেছেন। হয়ত তিনি গুগল ক্রোম কিনতে পারবেন না, কিন্তু তার দুঃসাহস অন্যদের জন্য পথ দেখাবে।’ উল্লেখ্য, এখানে আরও একটি বিশেষ দিক উঠে এসেছে, ভারতের প্রযুক্তি নেতৃত্ব। সুন্দর পিচাই, অরবিন্দ শ্রীনিবাস, সত্য নাদেলা (Satya Nadella), পরাগ আগরওয়াল (Parag Agrawal) একজনের পর একজন ভারতীয় মেধাবী আজ বিশ্বের বড় টেক কোম্পানির নেতৃত্ব দিচ্ছেন। ফলে এই ঘটনা নিছক গুজব হোক বা বাস্তব সম্ভাবনা, ভারতীয় মস্তিষ্ক ও প্রতিভা প্রযুক্তি দুনিয়ার শীর্ষে জায়গা করে নিচ্ছে, সেটি আরও একবার স্পষ্ট হল।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, যদিও গুগল কখনও তাদের ক্রোম ব্রাউজার বিক্রি করবে না, তবুও শ্রীনিবাসের প্রস্তাব একটি প্রতীকী পদক্ষেপ। এটি দেখিয়ে দিচ্ছে যে নতুন প্রজন্মের উদ্যোক্তারা আর গুগল বা মাইক্রোসফটের মতো জায়ান্টকে ভয় পান না। তারা বিশ্বজুড়ে প্রতিযোগিতার ময়দানে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেও প্রস্তুত।প্রসঙ্গত, গুগল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি। তবে এক ভারতীয় উদ্যোক্তার প্রস্তাব গোটা বিশ্বকে চমকে দিয়েছে, সেটাই বড় কথা। অনেকেই মনে করছেন, ভবিষ্যতের প্রযুক্তি দুনিয়ায় ভারতীয়দের দাপট আরও বাড়তে চলেছে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Pavel Durov | Telegram : সন্তানের সংখ্যা শতাধিক, এক লক্ষ কোটিরও বেশি সম্পত্তির মালিক, ব্যতিক্রমী ধনকুবের পাভেল দুরভ




