কৌশিক রায়, সাশ্রয় নিউজে ★ কলকাতা : টেলিভিশনের জনপ্রিয় মুখ গৌরব মণ্ডল (Gaurav Mondal) জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন। বৃন্দাবনে (Vrindavan), প্রেম ও আধ্যাত্মিকতার শহরে এবার তিনি হলেন কন্যাসন্তানের বাবা। স্ত্রী চিন্তামণি ডায়না (Chintamani Daina) একজন রাশিয়ান (Russian) নৃত্যশিল্পী, সম্প্রতি তাঁদের প্রথম সন্তানকে জন্ম দিয়েছেন। এই খুশির খবর গৌরব নিজেই শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। মাত্র কয়েক মাস আগেই, জানুয়ারির এক স্নিগ্ধ দিনে বৃন্দাবনের পবিত্র পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন এই জুটি। সেই ছবিগুলি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসা ও শুভেচ্ছায় ভরে ওঠে তাঁদের ইনবক্স। তারপর মাত্র দু’মাসের মাথায় গৌরব-চিন্তামণি জানিয়ে দেন, তাঁদের পরিবারে নতুন সদস্য আসছে। গৌরব এক পোস্টে লেখেন, “জীবন বারবার নতুন পথ দেখায়। চিন্তামণিকে পাওয়া আমার পরম প্রাপ্তি। এবার আমাদের ছোট্ট পরির আগমন আমাদের জীবন এক অন্য রঙে রাঙিয়ে দিল।”
টেলিভিশন পর্দায় ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে কৃষ্ণ রূপে তাঁর অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। তারপর ‘নয়নতারা’ ধারাবাহিকে অভিনয় করে আবারও প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু এই ধারাবাহিকের পর ধীরে ধীরে ছোটপর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। আলো ঝলমলে স্টুডিও-র বদলে আশ্রয় নেন বৃন্দাবনের নির্জন ঘর, নীরব মন্দির, ও আত্মোপলব্ধির পথে।একসময়ে গৌরবের সঙ্গে টলিউড অভিনেত্রী জেসমিন রায় (Jasmine Roy)-এর সম্পর্ক নিয়ে চর্চা চলত মিডিয়া জুড়ে। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও খানিকটা ছায়া নেমে আসে। সেই সময়ই নিজের ভিতরে গভীর পরিবর্তন অনুভব করেন অভিনেতা। শহর ছেড়ে শান্তির খোঁজে পাড়ি দেন বৃন্দাবনে। আর সেখানেই জীবনের মোড় ঘুরিয়ে দেন চিন্তামণি।
চিন্তামণি ডায়না রাশিয়ার এক প্রথিতযশা ভারতনাট্যম ও ওডিশি নৃত্যশিল্পী, যিনি দীর্ঘদিন ধরেই ভারতীয় সংস্কৃতির প্রেমে মগ্ন। বৃন্দাবনে এক অনুষ্ঠানে গৌরবের সঙ্গে তাঁর প্রথম আলাপ হয়। আলাপ ধীরে ধীরে গড়ায় বন্ধুত্বে ও তারপর প্রেমে। দু’জনেই নিজেদের সম্পর্ক কখনও আড়ালে রাখেননি। গৌরবের প্রোফাইলে চিন্তামণির সঙ্গে তোলা ছবি ও ভিডিও বারবার উঠে এসেছে, কখনও তীর্থে, কখনও ঘরোয়া আড্ডায়।সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরব বলেন, “চিন্তামণি শুধু আমার স্ত্রী নয়, আমার পথ দেখানো এক আলো। আমি জীবনের যে অধ্যায়ে হারিয়ে ফেলেছিলাম নিজেকে, সেখান থেকে ও আমায় টেনে তুলেছে। বাবা হওয়াটা আমার কাছে ঈশ্বরপ্রাপ্তি।”
উল্লেখ্য যে, টেলিভিশনের দুনিয়া থেকে সরে এসে বহুদিন ধরে গৌরব আধ্যাত্মিক পথ অনুসরণ করছেন। তাঁকে বৃন্দাবনের বিভিন্ন আশ্রমে, সাধুসন্তদের সঙ্গে সান্নিধ্যে দেখা গেছে বারবার। এখন তাঁরা সেখানেই একটি শান্ত, নিরালা জীবন যাপন করছেন। তাঁদের এই দাম্পত্যজীবনের মুহূর্তগুলি কখনও ধ্যানরত অবস্থায়, কখনও ঘরের ছাদে বসে আকাশ দেখার ফাঁকে, ধরা পড়ে তাঁদের সমাজমাধ্যমে।তাঁর ভক্তরা যদিও অপেক্ষা করছেন, কবে আবার অভিনয়ে ফিরবেন গৌরব। তবে এখন তিনি ব্যস্ত নবজাতক কন্যার পরিচর্যায়। সূত্রের খবর, গৌরব এখন পুরোদমে পরিবারকেন্দ্রিক জীবন বেছে নিয়েছেন, মেয়ের নামকরণ তাঁরা এখনও করেননি। তবে একটি বিশেষ আচার অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা চলছে বৃন্দাবনেরই এক বিখ্যাত আশ্রমে। সেই মেয়ের আগমনে খুশির জোয়ার গৌরবের জীবনে। টলিপাড়ার বহু সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। “গৌরব এমন একজন মানুষ, যিনি সর্বদাই অন্তরের টানে কাজ করেন। ওর জীবনের এই নতুন অধ্যায়ের জন্য খুব আনন্দ হচ্ছে,” বলেছেন অভিনেত্রী ও গৌরবের প্রাক্তন সহ-অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)।
প্রসঙ্গত, একটা সময় যিনি ভক্তের ভগবান রূপে ছোট পর্দায় দর্শকদের মন জয় করেছিলেন, এখন তিনি বাস্তব জীবনের ‘পিতা’ রূপে এক নতুন যাত্রা শুরু করলেন। আলো ছড়ানো ক্যামেরার ফ্ল্যাশ থেকে দূরে, এখন তাঁর জীবনের কেন্দ্রবিন্দু হল এক ছোট্ট কন্যাসন্তান, তিনি হয়ত একদিন বাবার মতোই নিজের পথ বেছে নেবেন আলোর পথে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Amir Khan | বিচ্ছেদের পরে ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম, জীবনের অন্ধকার অধ্যায় শেয়ার করলেন আমির খান



