সৌভিক দাস ★ সাশ্রয় নিউজ ডেস্ক : ছুটির দিনে মাংসের ঝোল ভাত ছাড়া অনেক বাঙালিই দুপুরের লাঞ্চ কল্পনা করতে পারেন না। মুরগির (Chicken) ঝোল বা মটন (Mutton) ঝোল যে কোনও একটিই বাঙালি হেঁশেলের নিয়মিত সঙ্গী। তবে প্রতিবারই একই রেসিপি বানালে খাবারে চলে আসে একঘেয়েমি। তাই এবার একটু ভিন্ন স্বাদ আনতে পারেন উইকএন্ডের টেবিলে। বিশেষ করে যখন অতিথি আসেন বা বাড়ির ছোট-বড় সবার জন্য কিছু নতুন রান্না করতে হয়, তখন ফিউশন রেসিপি একেবারেই মানানসই। বাংলার ঐতিহ্যবাহী মশলার সঙ্গে যদি মিশে যায় ইতালিয়ান (Italian) টুইস্ট, তবে সেই চিকেন কারি হয়ে উঠতে পারে লাঞ্চ টেবিলের আসল আকর্ষণ। এই বিশেষ ফিউশন রেসিপিতে আমরা ব্যবহার করব বাঙালি মশলার ঝাঁঝ আর ইতালির টম্যাটো-ভিত্তিক হালকা গ্রেভির স্বাদ। ফলে একদিকে পাওয়া যাবে ঘরোয়া চিকেন ঝোলের মতো ভাতের সঙ্গে মানানসই ঝোল, আবার অন্যদিকে পাস্তা বা ব্রেডের সঙ্গে খাওয়ার মতো এক আলাদা টক-মিষ্টি ক্রিমি টেক্সচার।

প্রয়োজনীয় উপকরণ
মুরগির ছোট টুকরো ২ কেজি
>রসুনবাটা ৭-৮ কোয়া
>আদাবাটা ১ টেবিল চামচ
>কাঁচালঙ্কা বাটা ৫টি
>কোঁচোনো পেঁয়াজ ১টি
>সয়া সস (Soy Sauce) ১ টেবিল চামচ
>টম্যাটো পিউরি (Tomato Puree) ২ টেবিল চামচ
>মুরগির স্টক (Chicken Stock) অথবা জল ১ কাপ
>কর্নফ্লাওয়ার (Cornflour) ১ টেবিল চামচ
>তেল ১ কাপ
>নুন স্বাদ মতন
আরও পড়ুন : How to make mustard paste | সর্ষে বাটার সঠিক কৌশল: পাতুরি ও সর্ষে-ইলিশ রান্নার সময় কোন ভুল এড়াবেন?
প্রস্তুত প্রণালী
প্রথমেই মুরগির টুকরোগুলো ভালভাবে ধুয়ে নিতে হবে। এবার একটি বড় বাটিতে মুরগির মাংস নিয়ে তাতে দিন সামান্য নুন, ২ চা চামচ তেল, ২ চা চামচ কর্নফ্লাওয়ার ও অর্ধেকটা রসুন-আদা-লঙ্কার পেষা মশলা। ভালোভাবে মাখিয়ে প্রায় আধঘণ্টা রেখে দিন। এতে মাংস নরম হবে এবং মশলার স্বাদ ভালভাবে ঢুকে যাবে। এরপর একটি কড়াইতে তেল গরম করে নিন। ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো মাঝারি আঁচে ভেজে নিন যতক্ষণ না হালকা বাদামি রং আসছে। এরপর ভাজা মাংস আলাদা করে তুলে রাখুন। এবার সেই একই কড়াইতে বাকি তেল গরম করে কুচোনো পেঁয়াজ ভাজতে শুরু করুন। পেঁয়াজ হালকা সোনালি হয়ে এলে বাকি রসুনবাটা, আদাবাটা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে মিনিট দু’য়েক নেড়েচেড়ে ভাজুন। এরপর টম্যাটো পিউরি যোগ করে ভালভাবে কষান। এবার মাংসগুলো ফের কড়াইতে দিয়ে দিন। সঙ্গে দিন সামান্য নুন, বাকি সয়া সস ও এক কাপ জল অথবা মুরগির স্টক। কষতে কষতে ফুটতে দিন। এদিকে একটি ছোট বাটিতে অল্প জলে বাকি কর্নফ্লাওয়ার গুলে নিন। ফুটন্ত ঝোলে সেটি দিয়ে ভালোভাবে নেড়ে দিন। এতে ঝোল হবে একটু ঘন ও মসৃণ।আরও ২ মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিন। ব্যস! তৈরি হয়ে গেল একেবারে নতুন ঢঙের ফিউশন চিকেন ঝোল। গরম গরম ভাত, নান বা গার্লিক ব্রেডের (Garlic Bread) সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে অনন্য।

কিছু টিপস
১. চাইলে শেষে সামান্য চিজ (Cheese) ছড়িয়ে দিলেও ঝোলের মধ্যে আসবে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের ফ্লেভার।
২. কর্নফ্লাওয়ার না থাকলে হালকা দুধ দিয়েও ঝোল ঘন করা যায়, এতে ঝোলের টেক্সচার হয় আরও ক্রিমি।
৩. খুব ঝাল পছন্দ না করলে কাঁচালঙ্কার পরিমাণ কমিয়ে দিন ও তার বদলে শুকনো ওরেগানো (Oregano) বা বেসিল (Basil) ছিটিয়ে দিলে মিলবে আসল ইতালিয়ান ফ্লেভার।
এই উইকএন্ডে যদি সত্যিই পরিবারকে চমকে দিতে চান, তবে একবার এই ইটালিয়ান ফিউশন চিকেন ঝোল ট্রাই করতেই পারেন। শুধু ভাত নয়, চাইলে পাস্তা, স্প্যাগেটি কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করা যায় এই ডিশ। আপনার লাঞ্চ টেবিল একেবারে আলাদা স্বাদের অভিজ্ঞতা দেবে।




