সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : সুস্থ জীবনযাপনকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার লক্ষ্য নিয়ে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ (Fit India Movement)-এর আওতায় এবার মুম্বাইয়ের সমুদ্রতটে আয়োজিত হল বিশেষ সাইক্লোথন। কেন্দ্রীয় যুব কর্মসূচী ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য (Dr. Mansukh Mandaviya) নিজে উপস্থিত থেকে ‘সাইক্লিং বাই দ্য সি’ (Cycling by the Sea) শীর্ষক এই কর্মসূচির সূচনা করেন। ওয়ারলি (Worli) উপকূলীয় সাইকেল ট্র্যাকে আয়োজিত এই ইভেন্টে সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী, তরুণ প্রজন্ম, সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এই সাইক্লোথনের লক্ষ্য ছিল নাগরিকদের মধ্যে ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। কর্মসূচির সূচনায় পতাকা নেড়ে প্রতিযোগীদের যাত্রা শুরু করান ডঃ মাণ্ডব্য এবং পরে নিজেও তাঁদের সঙ্গে সাইকেল চালান। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘সুস্থ নাগরিকই একটি সুস্থ সমাজ গড়ে তোলে, আর সুস্থ সমাজই সমৃদ্ধ দেশের ভিত তৈরি করে।’ তাঁর এই বক্তব্যে সুস্থতার গুরুত্ব নতুন করে উঠে আসে। এই কর্মসূচীতে একাধিক পরিচিত মুখও অংশ নেন। বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ (Jackie Shroff), তাহা শাহ বাদুশা (Taha Shah Badussha) এবং ঐশ্বর্যা রাজ ভাকুনি (Aishwarya Raj Bhakuni)-এর পাশাপাশি অলিম্পিয়ান কুস্তিগীর তথা পুলিশ আধিকারিক নরসিং যাদব (Narsingh Yadav) উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে এবং সাধারণ মানুষের অংশগ্রহণও বাড়ায়। ডঃ মাণ্ডব্য তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-এর ফিট ইন্ডিয়া ভাবনাকে তুলে ধরে বলেন, ‘ফিটনেসকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে এই উদ্যোগ দেশজুড়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করছে।’ তিনি আরও জানান, গত কয়েক বছরে এই আন্দোলনে লক্ষ লক্ষ মানুষের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে, যা দেশে সুস্থ জীবনযাপনের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এই কর্মসূচীতে সাইকেল চালানোর গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হয়। ডঃ মাণ্ডব্য বলেন, ‘সাইকেল শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি পরিবেশবান্ধব ও শক্তি সাশ্রয়ী পরিবহণের একটি কার্যকর উপায়।’ বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার মধ্যেও বিকল্প পরিবহণ ব্যবস্থার দিকে ঝোঁক বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। অনেকেই জানান, এমন উদ্যোগ তাঁদের নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলছে। এক অংশগ্রহণকারীর কথায়, ‘এই ধরনের আয়োজন আমাদের দৈনন্দিন জীবনে ফিটনেসকে গুরুত্ব দিতে সাহায্য করে।’
সরকারি মহলের দাবি, ফিট ইন্ডিয়া সাইক্লোথন শুধু একটি ক্রীড়া অনুষ্ঠান নয়, বরং এটি একটি বৃহত্তর সামাজিক উদ্যোগ, যার মাধ্যমে নাগরিকদের সক্রিয় জীবনযাপনের দিকে উৎসাহিত করা হচ্ছে। নিয়মিত শরীরচর্চা, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক সুস্থতার উপর জোর দিয়ে একটি সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডঃ মাণ্ডব্য আরও বলেন, ‘ফিটনেস জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। আমরা যদি সুস্থ থাকি, তবে আমাদের কাজের ক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ে, যা দেশের সামগ্রিক অগ্রগতিতে সাহায্য করে।’ তাঁর মতে, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্য পূরণ করতে গেলে নাগরিকদের সুস্থ থাকা অত্যন্ত জরুরী। উল্লেখ্য, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সরকার চায় ফিটনেসকে একটি গণআন্দোলনে পরিণত করতে, যেখানে প্রত্যেক নাগরিক সক্রিয়ভাবে অংশ নেবেন। মুম্বইয়ের এই সাইক্লোথন সেই প্রচেষ্টারই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Smriti Mandhana TIME 100, influential sports people 2026 | TIME 100 তালিকায় স্মৃতি মন্ধানা: বিশ্বের প্রভাবশালী ক্রীড়াবিদদের মধ্যে একমাত্র ভারতীয়



