শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ গোয়া : সিনেমা তৈরির প্রতিভা কি জন্মগত, নাকি নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন ও অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন মানুষ দক্ষ চলচ্চিত্র নির্মাতা হয়ে উঠতে পারেন? চলচ্চিত্র শিক্ষার জগতে দীর্ঘদিন ধরে আলোচিত এই প্রশ্নই উঠে এল গোয়ায় আয়োজিত ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (International Film Festival of India বা IFFI) মঞ্চে। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি উৎসবের একটি বিশেষ আলোচনাসভায় চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা, অভিনয়ের প্রশিক্ষণ, প্রযুক্তির পরিবর্তন ও নতুন প্রজন্মের নির্মাতাদের পেশাগত প্রস্তুতি নিয়ে মত বিনিময় করলেন দেশ-বিদেশের চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত ব্যক্তিত্ব। আলোচনাসভার বিষয় ছিল ‘দ্য আনটিচেবল ফ্রেম: ক্যান সিনেমা বি টট অর মাস্ট ইট বি ডিসকভার্ড?’ অর্থাৎ সিনেমা কি পাঠ্যক্রমের মাধ্যমে শেখানো সম্ভব, নাকি শিল্পীকে নিজের অভিজ্ঞতা ও অনুসন্ধানের মধ্য দিয়েই চলচ্চিত্রের ভাষা আবিষ্কার করতে হয়? এই প্রশ্নকে কেন্দ্র করে উঠে আসে চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা, সৃজনশীলতার বিকাশ এবং বাস্তব কর্মক্ষেত্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলার নানা দিক।

আলোচনায় অংশ নেন অভিনেত্রী ও পরিচালক অমলা আক্কিনেনি (Amala Akkineni), অভিনেতা ও ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এর প্রতিষ্ঠাতা অনুপম খের (Anupam Kher), সাংস্কৃতিক সাংবাদিক আর্তুর দাবোরস্কি (Artur Zaborski), ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (FTII) প্রাক্তন অধিকর্তা ভূপেন্দ্র কাইথোলা (Bhupendra Kainthola) এবং চিত্রগ্রাহক মনোজ পরমহংস (Manoj Paramahamsa)। আলোচনাটি পরিচালনা করেন বিক্রমজিৎ রায় (Vikramjit Roy), তিনি সনি পিকচার্স ইন্ডিয়া (Sony Pictures India) এবং জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগমের (NFDC) নেতৃত্বের দায়িত্বেও কাজ করেছেন। চলচ্চিত্র নির্মাণ যে কোনও একক ব্যক্তির কাজ না। তা বহু মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল, সেই দিকটি তুলে ধরেন অমলা আক্কিনেনি। তাঁর মতে, চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করার সুযোগ পান। পরিচালনা, অভিনয়, চিত্রগ্রহণ, সম্পাদনা কিংবা শব্দ পরিকল্পনা—প্রতিটি বিভাগের কাজ যে অন্য বিভাগের সঙ্গে গভীরভাবে যুক্ত, তা হাতে-কলমে শেখার সুযোগ তৈরি হয় এই প্রতিষ্ঠানগুলিতে। শুধু নিজের কাজ জানলেই চলচ্চিত্র নির্মাণের সম্পূর্ণ প্রক্রিয়া বোঝা যায় না। অন্যদের দায়িত্ব ও কাজের গুরুত্ব উপলব্ধি করাও একজন চলচ্চিত্রকর্মীর শিক্ষার অংশ।
চলচ্চিত্র শিক্ষার ক্ষেত্রে প্রচলিত ধারণা ভাঙার প্রয়োজনীয়তার কথাও বলেন অমলা। বিশেষ করে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন বিভাগে আরও বেশি মহিলার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে তাঁর মত। মেয়েদের জন্য নির্দিষ্ট কিছু কাজের ক্ষেত্র রয়েছে, এমন পুরনো ধারণা থেকে বেরিয়ে এসে তাঁদের পরিচালনা, চিত্রগ্রহণ-সহ সব বিভাগে পেশাদার প্রশিক্ষণের সুযোগ দেওয়া জরুরি। নতুনদের উদ্দেশে তাঁর বক্তব্য, চলচ্চিত্র নির্মাণে আগ্রহ থাকলেই চলবে না, সেই আগ্রহকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন কঠোর পরিশ্রম, দায়বদ্ধতা এবং প্রত্যাশার চেয়ে বেশি চেষ্টা করার মানসিকতা। নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আনুষ্ঠানিক প্রশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করেন অনুপম খের। জাতীয় নাট্য বিদ্যালয়ে (National School of Drama) পড়ার সময়ের কথা স্মরণ করে তিনি জানান, ওই প্রতিষ্ঠানে পাওয়া শিক্ষা তাঁর অভিনয়জীবনের ভিত তৈরি করেছে। তাঁর কথায়, ‘আমি যদি জাতীয় নাট্য বিদ্যালয়ে না যেতাম, তা হলে আজ এখানে বসে থাকতে পারতাম না।’ নিজের প্রথম ছবি ‘সারাংশ’ (Saaransh)-এর প্রসঙ্গ টেনে তিনি জানান, ছবিতে মাত্র ২৮ বছর বয়সে তাঁকে ৬৫ বছর বয়সি এক ব্যক্তির চরিত্রে অভিনয় করতে হয়েছিল। এমন কঠিন চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করার পিছনে নাট্য বিদ্যালয়ের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
একজন অভিনেতার দক্ষতা গড়ে ওঠার ক্ষেত্রে তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেন অনুপম। যেমন : পর্যবেক্ষণ, কল্পনাশক্তি এবং আবেগের স্মৃতি। মানুষের প্রতিদিনের জীবন, চারপাশের ঘটনা, সম্পর্কের টানাপোড়েন ও ব্যক্তিগত অভিজ্ঞতা একজন শিল্পীর মনে নানা স্মৃতি তৈরি করে। চরিত্র নির্মাণের সময় সেই অভিজ্ঞতাগুলিই অভিনয়ের উপাদান হয়ে উঠতে পারে। তাঁর মতে, অভিনয় শুধু সংলাপ মুখস্থ করে ক্যামেরার সামনে দাঁড়ানোর বিষয় নয়। চরিত্রের পরিস্থিতি বুঝে তার আবেগকে নিজের মধ্যে ধারণ করতে হয়। ভারতীয় অভিনয়শাস্ত্রের নবরসের ধারণার কথাও আলোচনায় উঠে আসে। একটি চরিত্র বা দৃশ্যের প্রয়োজনে কখনও আনন্দ, কখনও বিষাদ, কখনও ভয়, কখনও ক্রোধ কিংবা অন্য কোনও আবেগ প্রকাশ করতে হয়। একজন অভিনেতাকে এই অনুভূতিগুলি চিনতে, অনুশীলন করতে ও পরিস্থিতি অনুযায়ী প্রকাশ করতে শিখতে হয়। চলচ্চিত্র শিক্ষার প্রতিষ্ঠানগুলি সেই অনুশীলনের পরিবেশ তৈরি করতে পারে বলে মনে করেন অনুপম। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাকেও অভিনয়ের শিক্ষার অংশ হিসেবে দেখার পরামর্শ দেন তিনি। তাঁর বক্তব্য, ‘প্রতিটি অভিজ্ঞতা মানুষকে কিছু না কিছু শেখায়। একজন মানুষ হিসেবে যা কিছু শেখা হয়, তা অভিনয়ের কাজে লাগতে পারে।’
একই সঙ্গে নিজের দক্ষতা নিয়ে আত্মতুষ্ট হয়ে পড়ার বিপদ সম্পর্কেও সতর্ক করেন এই অভিনেতা। তাঁর মতে, কোনও শিল্পী একবার সাফল্য পেলেই শেখার প্রক্রিয়া শেষ হয়ে যায় না। তা পরিচিতি ও প্রশংসা অনেক সময় নতুন কিছু শেখার আগ্রহ কমিয়ে দিতে পারে। অভিনয়ের মান ধরে রাখতে হলে প্রতিনিয়ত নিজের কাজের মূল্যায়ন করতে হবে এবং দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যেতে হবে। আন্তর্জাতিক চলচ্চিত্র শিক্ষার প্রসঙ্গ তুলে ধরেন পোল্যান্ডের সাংস্কৃতিক সাংবাদিক ও চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত আর্তুর দাবোরস্কি। তাঁর মতে, চলচ্চিত্র নির্মাণ শেখার জন্য শুধু শ্রেণিকক্ষের পাঠ যথেষ্ট নয়। নিয়মিত ছবি দেখা, বিভিন্ন দেশের চলচ্চিত্রের ভাষা বোঝা, নির্মাণশৈলীর পার্থক্য উপলব্ধি করা এবং নিজের কাজের মধ্য দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো প্রয়োজন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলি তরুণ নির্মাতাদের সামনে সেই সুযোগ এনে দেয়। ভিন্ন দেশ, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার ছবি দেখার পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের সঙ্গে যোগাযোগ তৈরির ক্ষেত্রও তৈরি হয় এই উৎসবগুলিতে।
ওয়ারশ ফিল্ম স্কুলের (Warsaw Film School) শিক্ষাপদ্ধতির উদাহরণ দিয়ে দাবোরস্কি জানান, সেখানে শিক্ষার্থীদের এমন পরিবেশে ছবি তৈরির সুযোগ দেওয়া হয়, যেখানে তাঁরা নতুন পদ্ধতি পরীক্ষা করতে পারেন এবং ভুল থেকে শিক্ষা নিতে পারেন। পেশাদার চলচ্চিত্রের শুটিংয়ে সময়, অর্থ ও অন্যান্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা থাকে। ফলে সেখানে নতুনদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ অনেক কম। শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় বাস্তব শুটিংয়ের ভুলের আর্থিক ও পেশাগত প্রভাবও অনেক বেশি হতে পারে। তাই নিরাপদ ও নিয়ন্ত্রিত শিক্ষার পরিবেশে ভুল করার সুযোগ থাকা জরুরি। কিন্তু চলচ্চিত্র শিক্ষা কেবল ক্যামেরা চালানো, আলো ব্যবহার কিংবা সম্পাদনার কৌশল শেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় বলে মনে তিনি করেন। একজন নতুন নির্মাতাকে প্রযোজকের সামনে নিজের প্রকল্প তুলে ধরা, অর্থ সংগ্রহের পদ্ধতি বোঝা এবং চলচ্চিত্র শিল্পের পেশাগত কাঠামোর সঙ্গে পরিচিত হতে হবে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে যোগাযোগ রাখাও এই প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। ইউরোপের চলচ্চিত্র উৎসবগুলিতে কোন ধরনের ছবি গুরুত্ব পায়, সে প্রসঙ্গে দাবোরস্কির বক্তব্য, নির্মাতাদের এমন বিষয় নিয়ে কাজ করা উচিত, যা তাঁদের ভাবায়, অস্বস্তিতে ফেলে কিংবা নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। সামাজিক ও মানবিক সমস্যাকে গভীরভাবে তুলে ধরা ছবির প্রতি আন্তর্জাতিক উৎসবগুলির আগ্রহ আছে।
চলচ্চিত্রে সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার সম্পর্ক ব্যাখ্যা করেন এফটিআইআইয়ের প্রাক্তন অধিকর্তা ভূপেন্দ্র কাইথোলা। তাঁর বক্তব্য, ‘শিল্পকে খুঁজে পাওয়া যায়, কিন্তু শিল্পের কারিগরি দিক শেখাতে হয়।’ অর্থাৎ সৃজনশীল ভাবনা একজন শিল্পীর নিজস্ব অনুসন্ধান থেকে জন্ম নিতে পারে, কিন্তু সেই ভাবনাকে পর্দায় রূপ দেওয়ার জন্য প্রয়োজন নির্দিষ্ট দক্ষতা, শৃঙ্খলা ও পদ্ধতিগত শিক্ষা। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কল্পনাশক্তির পাশাপাশি পরিকল্পনা, সময়ের ব্যবহার এবং পেশাগত নিয়ম মেনে চলার গুরুত্ব রয়েছে। এফটিআইআইয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি জানান, অনেক শিক্ষার্থী পরিবারের প্রচলিত পেশা বেছে নেওয়ার প্রত্যাশা অতিক্রম করে চলচ্চিত্র শিক্ষার পথে আসেন। তাঁদের সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করা সরকারি চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব। শিক্ষার্থীরা যাতে নিজেদের সৃজনশীল ভাবনা নিয়ে কাজ করতে পারেন এবং দক্ষ পেশাদার হিসেবে গড়ে উঠতে পারেন, তার জন্য প্রয়োজন যথাযথ পরিকাঠামো ও প্রশিক্ষণ।
চিত্রগ্রাহক ও ‘সিনেমা ফ্যাক্টরি অ্যাকাডেমি’-এর প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মনোজ পরমহংস বাস্তব চলচ্চিত্র নির্মাণের সীমাবদ্ধতার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর মতে, পেশাদার শুটিংয়ের সময় নির্দিষ্ট বাজেট, সময়সীমা এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনার মধ্যে কাজ করতে হয়। ফলে নতুনদের পক্ষে সেখানে স্বাধীনভাবে পরীক্ষা-নিরীক্ষা চালানো বা ভুল করে শেখার সুযোগ সীমিত। চলচ্চিত্র বিদ্যালয় এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে শিক্ষার্থীরা ক্যামেরা, আলো, শব্দ এবং অন্যান্য কারিগরি বিষয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র প্রকল্প পরিচালনার বাস্তব দিকগুলি শিখতে পারেন। একটি ছবির কাজ শেষ করতে শুধু পরিচালকের দক্ষতা যথেষ্ট নয়। বিভিন্ন বিভাগের কর্মীদের মধ্যে সমন্বয়, সময় ও কর্মী ব্যবস্থাপনা এবং যৌথভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও প্রয়োজন। মনোজের মতে, চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলি শিক্ষার্থীদের এই দলগত কাজের অভ্যাস তৈরি করতে সাহায্য করে। ফলে পেশাদার ক্ষেত্রে প্রবেশের আগে তাঁরা কাজের বাস্তব চাহিদা সম্পর্কে ধারণা পান।
আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) -এর ক্রমবর্ধমান ব্যবহার। চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন পর্যায়ে এই প্রযুক্তি কীভাবে কাজের ধরন বদলে দিচ্ছে, তা নিয়ে মত প্রকাশ করেন বক্তারা। মনোজ পরমহংস জানান, পুনরাবৃত্তিমূলক কাজ কমানো, প্রাথমিক স্টোরিবোর্ড তৈরি এবং প্রোডাকশন প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলার ক্ষেত্রে এআই ব্যবহারের প্রবণতা বাড়ছে। ভিজ্যুয়াল নির্মাণেও প্রযুক্তির পরিবর্তন ঘটেছে। শুটিং শেষ হওয়ার পরেও দৃশ্যের পটভূমি পরিবর্তন কিংবা ছবির পরিবেশে নতুন উপাদান যোগ করার সুযোগ তৈরি হয়েছে। তবে প্রযুক্তির উন্নতি মানুষের সৃজনশীলতার বিকল্প হতে পারে কি না? সেই প্রশ্নে মানবিক অনুভূতির গুরুত্ব তুলে ধরেন অনুপম খের। তাঁর মতে, এআইয়ের সাহায্যে ভার্চুয়াল অবতার তৈরি করা বা কৃত্রিমভাবে অভিনয়ের দৃশ্য নির্মাণ করা সম্ভব হলেও একজন মানুষের অভিজ্ঞতা, আবেগ ও অন্তরের অনুভূতির সম্পূর্ণ প্রতিরূপ তৈরি করা সহজ নয়। প্রযুক্তি দৃশ্য তৈরি করতে পারে, কিন্তু অভিনয়ের মধ্যে শিল্পী যে ব্যক্তিগত অনুভূতি ও মানবিক গভীরতা নিয়ে আসেন, সেটিই শিল্পের নিজস্ব শক্তি।
আলোচনায় বক্তাদের বক্তব্যে উঠে আসে, চলচ্চিত্র শিক্ষা ও ব্যক্তিগত সৃজনশীল অনুসন্ধানকে পরস্পরের বিপরীত হিসেবে দেখার সুযোগ নেই। একজন নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গি যেমন জরুরি, তেমনই প্রয়োজন কারিগরি জ্ঞান, নিয়মিত অনুশীলন, দলগত কাজের অভিজ্ঞতা ও শিল্পের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখা এবং একই সঙ্গে মানুষের জীবন, সমাজ ও আবেগের সঙ্গে সংযোগ বজায় রাখাও আগামী দিনের চলচ্চিত্রকর্মীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। উল্লেখ্য, ২০২৬ সালের ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, প্রযোজক, প্রযুক্তিবিদ ও সিনেমাপ্রেমীদের মিলনক্ষেত্র এই উৎসব। ছবির প্রদর্শনের পাশাপাশি মাস্টারক্লাস, প্যানেল আলোচনা এবং মত বিনিময়ের আয়োজনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ তৈরি করছে ইফ্ফি। এবারের চলচ্চিত্র শিক্ষা বিষয়ক আলোচনাও সেই বৃহত্তর আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Govinda Sunita Ahuja Relationship | ভাঙনের গুঞ্জনের মাঝেও সুনীতাকে ঘিরেই গোবিন্দার আবেগ, দাম্পত্য নিয়ে কী বললেন অভিনেতা?


