তনুজা বন্দ্যোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★কলকাতা : বলিউডের সুপারস্টার ধর্মেন্দ্র (Dharmendra) মানেই এক অন্য রকম আবেগ। হিন্দি সিনেমার ‘হি-ম্যান’ বলে খ্যাত এই তারকার সাফল্যের পথটা কিন্তু একেবারেই সহজ ছিল না। পঞ্জাবের লুধিয়ানার সাহনেওয়াল গ্রামের এক সাধারণ স্কুলশিক্ষকের ছেলে থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিক হয়ে ওঠার যাত্রাপথ যেন সিনেমার মতোই নাটকীয়। আর সেই গল্পের শুরু হয়েছিল মাত্র ৫১ টাকা পারিশ্রমিক থেকে। ধর্মেন্দ্রর বাবা ছিলেন স্কুলশিক্ষক। ছোটবেলায় পড়াশোনার প্রতি তাঁর তেমন ঝোঁক ছিল না। সারাদিনই নিজেকে ভাসিয়ে রাখতেন সিনেমার জগতে, বিশেষ করে দিলীপ কুমার -এর (Dilip Kumar) অভিনয়ে। তাঁকে অনুসরণ করে একদিন অভিনেতা হওয়ার স্বপ্নই বুকে লালন করতেন। যদিও বাবা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, তবে তাঁর মা চাইতেন ছেলে অভিনয়ের জগতে নিজের জায়গা করে নিক। মায়ের উৎসাহ আর সমর্থনই ধর্মেন্দ্রকে সাহস জুগিয়েছিল।

মায়ের অনুমতি নিয়েই ধর্মেন্দ্র ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্টে অংশগ্রহণ করেন এবং সেখানে জয়ী হন। এটাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই জয় তাঁর হাতে তুলে দেয় মুম্বই শহরের দরজা। শুরু হয় নতুন লড়াই। প্রথমেই সুযোগ পান ‘দিল ভি তেরা, হম ভি তেরে’ ছবিতে। আর সেই ছবিতেই তাঁর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫১ টাকা।এই প্রসঙ্গেই এক রিয়্যালিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে ধর্মেন্দ্র বলেন, “শুটিং চলাকালীন তিনজন প্রযোজক ছিলেন। তিনটে কেবিন ছিল। আমাকে মাঝের কেবিনে বসানো হয়েছিল। তারপর প্রত্যেক প্রযোজক এসে আমার পকেটে ১৭ টাকা করে গুঁজে দিয়েছিলেন। সেই প্রথম ৫১ টাকা পারিশ্রমিক হাতে পাই আমি।” সেখান থেকেই শুরু হয় তাঁর উত্থান। ধীরে ধীরে বলিউডে একে একে কাজ আসতে থাকে। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে তিনি হয়ে ওঠেন দর্শকের হৃদয়ের হি-ম্যান। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘সত্যকাম’, ‘ফুল অউর পাথর’-এর মতো একের পর এক ছবিতে তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেন। দর্শকও তাঁকে আপন করে নেয় একেবারে ঘরের ছেলের মতো।

সেই ধর্মেন্দ্রর সম্পত্তির পরিমাণ ৪৫০ কোটি টাকা। মাত্র ৫১ টাকা হাতে পাওয়া সেই ছেলেটাই আজ টাকার পাহাড়ের উপর বসে। তবে ধর্মেন্দ্রর কাছে সাফল্য মানে শুধু টাকার অঙ্ক নয়, মানে দর্শকের ভালোবাসা আর সম্মান। ধর্মেন্দ্র শুধু নিজের কেরিয়ার গড়েননি, তাঁর পুরো পরিবারকেই সিনেমার জগতে যুক্ত করেছেন। তাঁর দুই পুত্র সানি দেওল (Sunny Deol) ও ববি দেওল (Bobby Deol) বলিউডে সফল অভিনেতা। দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী (Hema Malini) বলিউডের কিংবদন্তি নায়িকা, যিনি এখনও দর্শকের কাছে ‘ড্রিম গার্ল’। ধর্মেন্দ্র-হেমার জ্যেষ্ঠ কন্যা এষা দেওল (Esha Deol)ও চলচ্চিত্র জগতে নিজের জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে, ধর্মেন্দ্রর সাফল্যের গল্প শুধু একজন অভিনেতার নয়, এক সংগ্রামী ছেলের গল্পও। মাত্র ৫১ টাকা হাতে নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, আজ তিনি সেই যাত্রাকে পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায়। তাঁর গল্প প্রমাণ করে, স্বপ্ন যদি দৃঢ় হয় আর সঙ্গে থাকে আত্মবিশ্বাস, তবে কোনও কিছুই অসম্ভব নয়। আজও তিনি বলিউডের দর্শকের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর বিনয়ী স্বভাব, হাসিখুশি মন আর দৃঢ় ব্যক্তিত্ব তাঁকে আলাদা করে তুলেছে। তাই ধর্মেন্দ্র শুধু সিনেমার হিরো নন, জীবনের মঞ্চেও তিনি এক সত্যিকারের হিরো।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Dharmendra Hema Malini Marriage | ‘এবার বিয়ে করতেই হবে…!’ হেমা মালিনী কীভাবে ধর্মেন্দ্রকে বিয়ের সিদ্ধান্তে রাজি করালেন?




