সোমনাথ আচার্য, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : অক্টোবর মাস মানেই উৎসবের হাওয়া। শারদীয়া দুর্গাপূজা শেষ হতেই আসে কোজাগরী লক্ষ্মীপূজা। আর তার পরেই পালিত হয় ধনতেরাস (Dhanteras), যা দীপাবলির সূচনা হিসেবে ধরা হয়। ধনতেরাসের দিন মা লক্ষ্মী, ভগবান কুবের ও ধন্বন্তরিকে পূজা করার বিশেষ প্রথা রয়েছে। অনেকেই ইতিমধ্যেই জানতে চাইছেন, এই বছর ধনতেরাস ১৮ না ১৯ অক্টোবর, কোন দিনে পড়ছে? পঞ্জিকা অনুযায়ী, ২০২৫ সালের ধনতেরাস পড়ছে ১৮ অক্টোবর, শনিবার। এই দিন দুপুর ১২টা ১৮ মিনিটে শুরু হবে কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি। তিথি চলবে পরের দিন অর্থাৎ ১৯ অক্টোবর দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত। অর্থাৎ ১৮ অক্টোবরই মূলত ধনতেরাস পূজা পালিত হবে।
ধনতেরাসকে ধনত্রয়োদশী বা ধন্বন্তরি জয়ন্তীও বলা হয়। আয়ুর্বেদের জনক ধন্বন্তরির এই দিনেই সমুদ্র মন্থন থেকে আবির্ভাব হয়েছিল বলে উল্লেখ। তাই স্বাস্থ্য, সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধনতেরাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবারের ধনতেরাসের আরেকটি বিশেষ দিক হল ব্রহ্ম যোগ ও উত্তরা ফাল্গুনী নক্ষত্রের সমাহার। দৃক পঞ্জিকা অনুসারে, ১৮ অক্টোবর সকালে ব্রহ্ম যোগ শুরু হবে এবং রাত ১টা ৪৮ মিনিট পর্যন্ত চলবে। একইসঙ্গে সকাল থেকে বিকেল ৩টা ৪১ মিনিট পর্যন্ত থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এরপর যুক্ত হবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বিশেষ সংমিশ্রণ পূজা এবং ক্রয়ের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী বলে ধরা হয়।

পঞ্জিকা বিশেষজ্ঞ পণ্ডিতদের মতে, ধনতেরাসের দিন সন্ধের প্রদোষকালে পূজা করা বিশেষ ফলপ্রসূ হয়। এ বছর ধনতেরাসে শুভ পূজার সময় থাকবে সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। এই সময়ে ভগবান গণেশ, দেবী লক্ষ্মী ও কুবেরের আরাধনা করলে ঘরে অক্ষয় সমৃদ্ধি বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে, ধনতেরাস মানেই কেনাকাটার দিন। বিশ্বাস করা হয়, এই দিনে সোনা, রুপো, গয়না, নতুন যানবাহন বা সম্পত্তি কেনা শুভ। বাজারে ইতিমধ্যেই ধাতব দ্রব্য, বাসনপত্র ও গয়নার দোকানে ভিড় বাড়ছে। ব্যবসায়ীরা মনে করছেন, ধনতেরাস ঘিরে বিক্রি গত কয়েক বছরের তুলনায় আরও বেশি হবে। জ্যোতিষ মতে, ধনতেরাসের বিভিন্ন শুভ সময়ের মধ্যে রয়েছে:
>ব্রহ্ম মুহূর্ত : ভোর ৪টা ৪৩ মিনিট থেকে ৫টা ৩৩ মিনিট।
>অভিজিৎ মুহূর্ত : সকাল ১১টা ৪৩ থেকে দুপুর ১২টা ২৯ পর্যন্ত।
>প্রদোষ কাল : সন্ধ্যা ৫টা ৪৮ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট।
>বৃষভ কাল: সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৯টা ১১ মিনিট।
পঞ্জিকা বিশারদদের মতে, “যে পরিবার ধনতেরাসে প্রদোষ কালে লক্ষ্মী-কুবেরের পূজা করে, সেখানে সারা বছর ধন-সম্পদের বৃদ্ধি হয় বলে বিশ্বাস করা হয়। তাছাড়া এদিন নতুন কেনাকাটা করলে তা দীর্ঘস্থায়ী ও শুভফলদায়ক হয়।” প্রসঙ্গত, কালীপুজোর আগে ধনতেরাসকে ঘিরে উচ্ছ্বাস তাই আলাদা। কলকাতা ও মুম্বই সহ দেশের বড় বড় শহরে দোকানপাটে ইতিমধ্যেই বিশেষ অফার শুরু হয়ে গিয়েছে। অনলাইন শপিং পোর্টালগুলিতেও ধনতেরাস উপলক্ষে আলাদা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, উৎসবের মরশুমে ধনতেরাস অন্যতম বড় কেনাকাটার দিন। সোনা ও রুপোর বাজারে এই দিনেই লেনদেনের রেকর্ড তৈরি হয়। ফলে ধনতেরাস কেবল ধর্মীয় নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও এক বিশেষ তাৎপর্য বহন করে। সব মিলিয়ে, ধনতেরাস ২০২৫ পড়ছে ১৮ অক্টোবর শনিবার, আর পূজার সঠিক সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। এই দিনই ঘরে ঘরে মঙ্গল, ধন ও সুস্থতার জন্য মা লক্ষ্মী, ভগবান কুবের ও ধন্বন্তরির পূজা করা হবে। আর একে ঘিরে দেশের বাজারে বইবে উৎসবের আমেজ।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : Kojagari Lakshmi Puja 2025 | ৬ না ৭ অক্টোবর এ বছর কোজাগরী লক্ষ্মীপুজোর পঞ্জিকা মতে স্পষ্ট দিনক্ষণ




