জয়ী বিশ্বাস ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বলিউডে ফের মিলল পুরনো জুটি। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, নাগ অশ্বিন পরিচালিত সাই-ফাই প্রজেক্ট ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) -এর সিকুয়েলে আর থাকছেন না দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ঠিক সেই সময়েই অভিনেত্রীর হঠাৎ সামাজিক মাধ্যম একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন কৌতূহল। কারণ সেই পোস্টেই প্রকাশ পেল শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত পরবর্তী ছবি ‘কিং’ (King) -এ দীপিকার নাম।

শনিবার রাতেই ইনস্টাগ্রামে (Instagram) একটি ছবি শেয়ার করেন দীপিকা। তাতে দেখা যায়, দুটি হাত শক্ত করে একে অপরকে আঁকড়ে আছে। প্রথম দর্শনে বোঝা না গেলেও নজর কেড়েছে একটি পরিচিত আভাস, ওই হাতের একটির মালিক স্বয়ং শাহরুখ খান। এক ঝলকে বোঝা যায়, ১৮ বছর আগের সেই হাতধরা যাত্রার স্মৃতিই যেন নতুন করে ফিরিয়ে আনলেন নায়িকা।

দীপিকা ক্যাপশনে লিখেছেন, “প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ (Om Shanti Om) -এর সময় ওঁর থেকে প্রথম শেখা শিক্ষা ছিল এই, একটি সিনেমা তৈরির অভিজ্ঞতা এবং যাঁদের সঙ্গে সেটি তৈরি হচ্ছে, তা সব সময় সাফল্যের থেকেও বড়।” তাঁর এই মন্তব্যের ভেতরে ইঙ্গিত লুকিয়ে আছে বলেই ধরে নিচ্ছেন অনুরাগীরা। কেউ কেউ মনে করছেন, ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে বাদ পড়ার পর নির্মাতাদের উদ্দেশেই এ বার্তাটি দিয়েছেন নায়িকা। এখানেই শেষ নয়। দীপিকা আরও লিখেছেন, “এই শিক্ষার সঙ্গে আমি একমত। আর সেই কথাই মাথায় রেখে প্রতিটি সিদ্ধান্ত নেই। তাহলে কি ষষ্ঠ ছবির জন্য আমরা আবার এক হচ্ছি?” এরপরই হ্যাশট্যাগে যোগ করেছেন ‘কিং’ (#King) ও ‘ডে ওয়ান’ (#DayOne)। ফলে অনুরাগীদের আর বুঝতে বাকি নেই, ‘কিং’ ছবিতে ফের শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এমন খবর প্রকাশ্যে আসতেই বলিউড মহল সরগরম। কেউ বলছেন, শাহরুখ–দীপিকার জুটি মানেই বক্স অফিসে ঝড়। এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ (Chennai Express), ‘হ্যাপি নিউ ইয়ার’ (Happy New Year), ‘পাঠান’ (Pathaan) -সহ একাধিক হিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এবার ‘কিং’ কি সেই তালিকায় নতুন পালক যোগ করবে, সেটাই দেখার।

অন্যদিকে, দীপিকার পোস্টে স্বামী রণবীর সিংহ (Ranveer Singh) -এরও প্রতিক্রিয়া মিলেছে। মজার ছলে তিনি মন্তব্য করেছেন, “হ্যান্ডসাম হ্যান্ডস!” যা দেখে নেটিজেনদের অনেকেই হাসির ইমোজি দিয়েছেন। তবে ভক্তরা বেশ নিশ্চিত, এটি শুধুমাত্র ব্যক্তিগত মন্তব্য নয়, দীপিকার সিদ্ধান্তকে সমর্থনেরই একটি রূপ।ফ্যানপেজগুলোতে এখন প্রশ্ন উঠছে, নাগ অশ্বিনের মহাকাব্যিক সাই-ফাই ছেড়ে শাহরুখের নতুন ছবিতে নামার পেছনে আসল কারণ কী? কেউ কেউ মনে করছেন, চরিত্রের গভীরতায় সন্তুষ্ট না হয়েই সম্ভবত সরে দাঁড়িয়েছেন তিনি। অন্য অংশের দাবি, ব্যক্তিগত ব্যস্ততার কারণেই ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে দূরে গেলেন নায়িকা। তবে যাই হোক, শাহরুখের সঙ্গে নতুন যাত্রায় তাঁর নাম ঘোষণার মুহূর্তেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দীপিকা।

ফ্যানদের প্রতিক্রিয়াও লক্ষণীয়। একজন লিখেছেন, “শাহরুখ-দীপিকা একসঙ্গে মানেই নস্ট্যালজিয়া। ১৮ বছর পর আবার সেই হাতধরা দেখার অপেক্ষায়।” আরেকজনের মন্তব্য, “দীপিকার পোস্ট নিঃসন্দেহে ‘কল্কি’-র টিমের উদ্দেশে পরোক্ষ বার্তা।” আবার, চলচ্চিত্র বিশেষজ্ঞরাও বলছেন, এই ঘোষণা শুধুমাত্র কাস্টিং আপডেট নয়, বরং ইন্ডাস্ট্রির ভেতরে বড়সড় এক মেসেজ। যেখানে জনপ্রিয় নায়িকা নিজেই জানিয়ে দিলেন, প্রকল্প বাছাইয়ে তিনি আজও সম্পর্ক ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেন। সব মিলিয়ে একদিকে যেমন দীপিকার ‘কল্কি’ ছেড়ে বেরিয়ে আসা নিয়ে প্রশ্ন বাড়ছে, অন্যদিকে শাহরুখের সঙ্গে নতুন ছবি ‘কিং’ -এর হাত ধরে শুরু হয়ে গেল অন্য এক উত্তেজনা। এখন শুধু অপেক্ষা, কবে বড়পর্দায় আবার এই জুটিকে দেখা যাবে।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Shah Rukh Khan Deepika Padukone first meeting | শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ, দীপিকার সাদা সালোয়ারের আড়ালের অজানা রহস্য




