দেবব্রত সরকার ★ সাশ্রয় নিউজ, কলকাতা : বড়দিনের আবহে বই আর সংস্কৃতির মিলনে সল্টলেক (Salt Lake) এফ ই ব্লক যেন আবারও ফিরে পেল তার নিজস্ব সাহিত্যিক পরিচয়। সল্টলেক এফ ই ব্লক রেসিডেন্টস’ অ্যাসোসিয়েশন (Salt Lake FE Block Residents’ Association)-এর উদ্যোগে এফ ই ব্লক সমাজকক্ষ প্রাঙ্গনে আজ বিকেলে শুরু হয়ে গেল ‘বড়দিনের বইমেলা ২০২৫’। শহরের ব্যস্ততার মাঝেও এই বইমেলা যে ধীরে ধীরে এক আলাদা গুরুত্ব ও ঐতিহ্য তৈরি করেছে, তা উদ্বোধনী অনুষ্ঠানেই স্পষ্ট হয়ে উঠল।
এ বছরের বড়দিনের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ভাষাবিদ অধ্যাপক পবিত্র সরকার (Pabitra Sarkar)। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা অর্থনীতিবিদ ড. অসীম দাশগুপ্ত (Asim Dasgupta), আকাশবাণী ও কলকাতা দূরদর্শনের প্রাক্তন অধিকর্তা ভবেশ দাশ (Bhobesh Das), বিদ্যাসাগর পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক অশোক কুমার মিত্র (Ashok Kumar Mitra), ‘নবকল্লোল’ পত্রিকার সম্পাদক রাজিকা মজুমদার (Rajika Majumdar) এবং ‘শুকতারা’ পত্রিকার সম্পাদক রাজর্ষি মজুমদার (Rajarshi Majumdar)। তাঁদের উপস্থিতি বইমেলার সাংস্কৃতিক ও বৌদ্ধিক গুরুত্বকে আরও উজ্জ্বল করে তোলে।
আরও পড়ুন : Muri Shinai De | মুরি শিনাই দে: কর্মব্যস্ত জীবনে জাপানি শান্তির মন্ত্র, কীভাবে বদলাবে আপনার দিন?
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফ ই ব্লক রেসিডেন্টস’ অ্যাসোসিয়েশনের সভাপতি মানস ঘোষ (Manas Ghosh), সম্পাদক রাখী সরকার (Rakhi Sarkar) এবং বইমেলা উপসমিতির আহ্বায়ক স্বপ্নাঞ্জন গোস্বামী (Swapnanjan Goswami)। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক ও ২০১০ সালে এই ব্লকে প্রথমবার বইমেলা আয়োজনের অন্যতম উদ্যোক্তা বাসব বসাক (Basab Basak)। অনুষ্ঠানের এক আন্তরিক মুহূর্ত ছিল অতিথিদের হাতে গাছের চারা তুলে দেওয়া, যা পরিবেশ সচেতনতার বার্তাও বহন করে। এই দায়িত্ব পালন করেন সম্পাদক রাখী সরকার ও দীপালি মুখার্জি (Dipali Mukherjee)। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ‘সুদর্শনা’ -এর (Sudorshona) শিল্পীবৃন্দ, যা পুরো প্রাঙ্গনে উৎসবের আবহ তৈরি করে।
২৪ ডিসেম্বর “কফিহাউসের চারপাশে” মাসিক সাহিত্য পত্রিকা র অক্টোবর-নভেম্বর (রাস যাত্রা) সংখ্যার উদ্ধোধন এক অন্যমাত্রা যোগ করে এই বইমেলা।
যদিও বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair) সল্টলেকের করুণাময়ীস্থিত মেলাপ্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়ে আসছে, তবুও এফ ই ব্লকের এই বড়দিনের বইমেলা ধীরে ধীরে সল্টলেকের নিজস্ব ও স্বতন্ত্র বইমেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, আজ থেকে প্রায় পনেরো বছর আগে, ২০১০ সালে ‘বই পার্বণ’ নামেই এই উদ্যোগের সূচনা হয়েছিল। মাঝখানে কয়েক বছর বিরতি থাকলেও ২০১৫ সালে এফ ই ব্লকের অন্যতম বাসিন্দা ও খ্যাতিমান লেখক কৃষ্ণেন্দু মুখার্জি (Krishnendu Mukhopadhyay), তৎকালীন সম্পাদক কল্যাণ মুখার্জি (Kalyan Mukherjee), পৃত্থীজিৎ রায় (Prithwijit Roy) এবং বাসব বসাক প্রমুখের উদ্যোগে নতুন উদ্যমে বইমেলা আবার শুরু হয়। পরে ‘বই পার্বণ’-এর নাম বদলে রাখা হয় ‘বড়দিনের বইমেলা’, যা বড়দিনের উৎসবের সঙ্গে সাহিত্যকে একসূত্রে বেঁধে দেয়। উল্লেখ্য, এ বছর বইমেলায় মোট প্রায় ১৮টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দে’জ (Desh), দ্য হিন্দু (The Hindu), আজকাল (Aajkaal), একুশ শতক (Ekush Shatak), সংসদ (Sangsad), পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ (Paschim Banga Bigyan Mancha), ‘কফি হাউসের চারপাশে’ (Coffee Houser Charpashe) প্রভৃতি। বইয়ের পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে রকমারি খাবারের পসরা সাজানো একটি ফুড কোর্ট, যা মেলাকে পারিবারিক আনন্দের জায়গায় পরিণত করেছে।
বড়দিনের বইমেলা কেবল বই কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিদিনই থাকছে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের লক্ষ্য, সব বয়সের পাঠক ও দর্শকদের বইমেলামুখী করা। সেই উদ্দেশ্যে ২৫ ডিসেম্বর শিশুদের আকর্ষণের জন্য থাকছে বিশেষ ম্যাজিক শো। ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা, যেখানে শতবর্ষের আলোয় ঋত্বিক ঘটক (Ritwik Ghatak) ও সলিল চৌধুরী (Salil Chowdhury)-এর সৃষ্টিশীলতা নিয়ে আলোচনা করবেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় (Sanjay Mukhopadhyay)। একই সঙ্গে সলিল চৌধুরীর গান পরিবেশন করবেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী কঙ্কন ভট্টাচার্য (Kankan Bhattacharjee)। সেই দিনই প্রদর্শিত হবে ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র ‘ফিয়ার’ (Fear)। বস্তুত, ২৮ ডিসেম্বর দ্য হিন্দু গ্রুপের (The Hindu Group) ব্যবস্থাপনায় থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আলোচনা। এই আলোচনায় অংশ নেবেন ‘ফ্রন্টলাইন’ (Frontline)-এর সাংবাদিক সুহৃদ শঙ্কর চট্টোপাধ্যায় (Suhrid Shankar Chattopadhyay), ‘স্পোর্টসস্টার’ (Sportstar)-এর সাংবাদিক অমিতাভ দাস শর্মা (Amitabh Das Sharma) এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. পল্লব ভট্টাচার্য (Dr. Pallab Bhattacharya)। সমসাময়িক এই বিষয় নিয়ে আলোচনা বইমেলার পরিসরকে আরও আধুনিক ও প্রাসঙ্গিক করে তুলছে।
সল্টলেক এফ ই ব্লক প্রাঙ্গনে এই বড়দিনের বইমেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন মেলা খোলা থাকছে দুপুর আড়াইটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। বড়দিনের আনন্দ, বইয়ের গন্ধ আর চিন্তন-মননের মিলনে এই বইমেলা যে সল্টলেকবাসীর শীতের উৎসবে এক বিশেষ মাত্রা যোগ করছে, তা বলাই বাহুল্য।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Koel Mallick Shooting Accident, Mitin Movie Release Update | শুটিং সেটে দুর্ঘটনায় কোয়েল মল্লিক, মিতিন একটি খুনের সন্ধানে বড়দিনে মুক্তি




