পারিজাত গঙ্গোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, নতুন দিল্লি : চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara) ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিনের নির্ভরযোগ্য ব্যাটার। গত রবিবার পূজারা আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করার পর গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা আবেগে ভেসেছিলেন। কিন্তু তাঁর অবসরের ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্কে জড়াল আইসল্যান্ড ক্রিকেট বোর্ড (Iceland Cricket Board)। তাঁদের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
আইসল্যান্ড ক্রিকেট বোর্ড বরাবরই নিজেদের অফিশিয়াল সোশ্যাল হ্যান্ডেলে নানা মজাদার, ব্যঙ্গাত্মক মন্তব্য করে থাকে। তবে এবার তাদের কৌতুক ভক্তদের চোখে কেবল কটাক্ষ হিসেবেই ধরা দিয়েছে। পুজারার অবসর ঘোষণার পরে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের এক পোস্টে লেখে, “আমরা চেতেশ্বর পুজারার অবসর নিয়ে কোনও মন্তব্য করব না। কারণ, আমরা ভেবেছিলাম উনি আগেই অবসর নিয়েছেন।” ঠিক এই বাক্য নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) ফাইনালের পর থেকে আর ভারতীয় দলে সুযোগ পাননি পুজারা। সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজে (India vs England Series) তাঁকে ধারাভাষ্যকার হিসেবে দেখা যায়। সম্ভবত সেটিই কৌতুক করার উদ্দেশ্যে ব্যবহার করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। কিন্তু ক্রিকেটবিশ্বের একাংশ এই রসিকতাকে কোনও ভাবেই ভালভাবে নেয়নি। সমালোচকদের একাংশ সরাসরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের মতো একটি ছোট দল, যারা আন্তর্জাতিক ক্রিকেটে আসার সুযোগই পায়নি, তাদের কোনও অধিকার নেই চেতেশ্বর পুজারাকে কটাক্ষ করার। কেউ মন্তব্য করেছেন, “পুজারার একার রান সংখ্যাই আইসল্যান্ড ক্রিকেটারদের সম্মিলিত কেরিয়ারের বল খেলার থেকেও বেশি।” আবার কারও মতে, এই বিদ্রুপ কেবল ঈর্ষার প্রকাশ। কিছু ভক্ত তো আরও এক ধাপ এগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (ICC) এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও এখনও পর্যন্ত আইসিসি এই পোস্ট নিয়ে কোনও মন্তব্য করেনি।

অন্য দিকে, চেতেশ্বর পুজারা তাঁর অবসর নিয়ে প্রকাশ্যে বলেছেন, “অবসর নেওয়া একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার মনে হয়েছে এটাই সঠিক সময়। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে এখন তরুণরা উঠে আসছে। আমি প্রথমে ভেবেছিলাম আর এক মরসুম রঞ্জি ট্রফি খেলব। কিন্তু পরে স্থির করি, নতুন প্রজন্মের সুযোগ পাওয়া উচিত।” উল্লেখ্য যে, নিজের দীর্ঘ কেরিয়ার নিয়ে আবেগঘন প্রতিক্রিয়াও জানিয়েছেন পুজারা। তাঁর কথায়, “ভারতীয় দলে আমি দুর্দান্ত সময় কাটিয়েছি। এত বছর দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে গর্বিত। দু’বার বড় চোটের পরেও খেলা চালিয়ে যেতে পেরেছি, এটা আমার কাছে বড় সাফল্য। কোনও দিন ভাবিনি যে এমনভাবে বিদায় নিতে হবে।”

অবসরের সিদ্ধান্ত যে হঠাৎ করে নেননি, সেটিও স্পষ্ট করেছেন পুজারা। “গত এক সপ্তাহ ধরে আমি বিষয়টি নিয়ে ভেবেছি। আগে খুব একটা গুরুত্ব দিইনি। কিন্তু মনে হয়েছে এটাই সঠিক সময়। আজকের এই সিদ্ধান্ত আমার এবং আমার পরিবারের কাছে গর্বের।”
বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে তাঁর যাত্রা শুরু হয়ে গিয়েছে। ভবিষ্যতেও সম্ভবত ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবেই বেশি করে দেখা যাবে তাঁকে। তবে বিদ্রুপের জেরে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড যতই বিতর্কের কেন্দ্রে থাকুক, ক্রিকেটবিশ্বের চোখে চেতেশ্বর পুজারা আজও সেই দৃঢ় মানসিকতার প্রতীক, যিনি টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম স্তম্ভ হয়ে বহু জয় এনে দিয়েছেন।পুজারার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবসর এলেও সম্মান ও ভালবাসায় কোনও খামতি হবে না। তাঁর ব্যাটের দৃঢ়তা, ধৈর্য এবং ক্রিকেটীয় মনোভাব চিরকাল ভারতীয় ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে থাকবে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sourav Ganguly on Rohit and Kohli | এক দিনের ক্রিকেট থেকে কি সত্যিই সরে যাবেন রোহিত-কোহলি? কী জানালেন সৌরভ?




