bridal skincare routine | বিয়ের আগে ত্বকে জেল্লা আনার ঘরোয়া উপায় : ব্রাইডাল স্কিন কেয়ার গাইড

SHARE:

বিয়ের আগে কনেদের ত্বকের যত্ন শুরু করা উচিত কতদিন আগে থেকে? জানুন ঘরোয়া উপায়ে CMS রুটিন, সঠিক ডায়েট ও প্রাকৃতিক উপাদানে ত্বক গ্লোয়িং রাখার পদ্ধতি।

পার্বতী কাশ্যপ ✪ সাশ্রয় নিউজ ডেস্ক : বিয়ের তারিখ যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতির ব্যস্ততা। মেকআপ আর পোশাক ঠিক থাকলেই তো আর চলবে না, ত্বকের জেল্লা না থাকলে সাজের জৌলুস ফিকে দেখাতে বাধ্য। কিন্তু প্রশ্ন উঠছে, কতদিন আগে থেকেই শুরু করতে হবে এই রূপচর্চা? সালোঁর দামী টরটর নয়, বাড়িতে থেকেই কি পাওয়া যেতে পারে কনেপক্ষের সেই গ্লো? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, হ্যাঁ, যদি সময়মতো শুরু করেন ও ঠিক উপায়ে যত্ন নেন অবশ্যই তা পাওয়া যেতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞ সুরজিৎ গড়াই (Surajit Garai) জানাচ্ছেন, ‘বিয়ের আগে ত্বকের যত্ন নেওয়া শুরু করা উচিত অন্তত এক বছর আগে। যদি ত্বকে বড় কোনও সমস্যা থাকে, যেমন পিগমেন্টেশন, অ্যাকনে বা দাগ-ছোপ, তা হলে পুরোপুরি সারাতে সময় লাগবেই। তবে বাস্তব জীবনে হাতে এত সময় ক’জনেরই বা থাকে! সে ক্ষেত্রে অন্তত তিন থেকে ছয় মাস আগে থেকেই নিয়ম করে ত্বকের পরিচর্যা শুরু করলেই ফল মিলবে।’

বিশেষ কোনও চর্মরোগ না থাকলে অনেকটাই কাজ সেরে নেওয়া যায় বাড়ির মধ্যেই। বাজার চলতি রাসায়নিক পণ্যের বদলে প্রাকৃতিক উপাদানে ত্বকচর্চার পরামর্শ দিচ্ছেন সুরজিৎ। তাঁর মতে, ‘দৈনন্দিন পরিচর্যায় সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত সিএমএস (CMS) রুটিনের।’

অনেকেই পরিচিত ‘সিটিএম’ (CTM) ক্লিনজ়িং, টোনিং ও ময়েশ্চারাইজ়িং রুটিনের সঙ্গে। কিন্তু ‘সিএমএস’ কী?

সুরজিতের ব্যাখ্যা, ‘টোনারের প্রয়োজনীয়তা আমাদের ত্বকে খুব একটা নেই। তার চেয়ে অনেক বেশি উপকারী হল দিনের বেলায় সানস্ক্রিন এবং রাতের বেলায় সিরাম। তাই আমার পরামর্শ, সিএমএস অর্থাৎ ক্লিনজ়িং, ময়েশ্চারাইজ়িং ও সানস্ক্রিন (দিনে) / সিরাম (রাতে)। এই নিয়ম মেনে চললেই ত্বকের ভিতর থেকে গ্লো দেখা দেবে।’ কিন্তু শুধু বাইরের পরিচর্যা যথেষ্ট নয়, ভিতর থেকেও ত্বককে পুষ্টি দেওয়া জরুরি। সে জন্য খাওয়া-দাওয়ার দিকে নজর রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

ত্বক ভাল রাখতে খাদ্যতালিকায় কী কী থাকা জরুরি?

◑ভিটামিন ই ও সি যুক্ত খাবার খেতে হবে: ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। অন্যদিকে ভিটামিন ই ত্বকের তারুণ্য ধরে রাখে। নিয়মিত আমলকী, কমলালেবু, লেবু, বাদাম, সূর্যমুখীর বীজ ইত্যাদি খেতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়।
◑শরীরের প্রতিটি অংশের যত্ন নিন: শুধু মুখ নয়, বিয়ের দিনে আপনি হয়ত ব্যাকলেস, স্লিভলেস পোশাক পরবেন। তাই সারা শরীরের ত্বক মসৃণ রাখার জন্য সপ্তাহে অন্তত দু’বার স্ক্রাব করুন। স্নানের পর ময়েশ্চারাইজ়ার লাগান ও মাঝে মাঝে বডি মাস্ক ব্যবহার করুন।
◑খাদ্যে পর্যাপ্ত প্রোটিন থাকা জরুরি: ত্বকের নিজস্ব প্রোটিন, কোলাজেন ও ইলাস্টিন ঠিক মতো তৈরি হওয়ার জন্য ডায়েটে প্রোটিন থাকা জরুরি। মাছ, ডিম, চিকেন অথবা ডাল, ছোলা, দুধ জাতীয় খাবার নিয়ম করে খান।
◑ভেষজ উপাদানে ত্বকচর্চা করুন:
মার্কেটের হাই কেমিকাল প্রোডাক্ট না ব্যবহার করে ঘরোয়া উপায়ে রূপচর্চায় আস্থা রাখুন। মুলতানি মাটি, কাঁচা হলুদ, কেশর, তুলসীপাতা, গোলাপজল, দুধ বা মধু দিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন। এগুলি স্কিনের পিএইচ ব্যালান্স ঠিক রাখে ও প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়।
◑ আর্দ্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ভিতর থেকে স্কিন হাইড্রেটেড রাখার একমাত্র উপায় প্রচুর জল খাওয়া। সেই সঙ্গে বাইরে থেকে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে আর্দ্রতা ধরে রাখতে হবে। খেয়াল রাখবেন, আপনার ময়েশ্চারাইজ়ার যেন প্যারাবেন-মুক্ত হয়।

চর্মবিশেষজ্ঞের মতে, ‘ত্বক গ্লোয়িং দেখতে হলে প্রথমেই দরকার নিয়মিত পরিচর্যা ও সঠিক খাদ্যাভ্যাস। সময়মতো ঘুম, কম স্ট্রেস, পেশার বাইরে ত্বকের উপর চাপ না দেওয়া, এই কয়েকটি বিষয়কে গুরুত্ব দিলে বিয়ের দিন আপনিও হয়ে উঠতে পারেন পরিণতির মতো ঝলমলে।’ তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন। ঘরোয়া উপাদান ও সঠিক লাইফস্টাইল অনুসরণ করলেই সালোঁর উপর নির্ভর না করেও বিয়ের দিন আপনি হয়ে উঠবেন নজরকাড়া।

ছবি: প্রতীকী
আরও পড়ুন : Nimrat Kour Skin care tips | রূপচর্চা ও ত্বকের যত্ন নিতে কী বললেন নিমরত!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন