সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক সমীকরণ জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এই আবহেই দ্বিতীয় দফায় আরও ১১২টি আসনে প্রার্থী ঘোষণা করে বড় পদক্ষেপ নিল বিজেপি (BJP)। প্রথম তালিকার পর এই নতুন তালিকা রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে সরাসরি তারকা ও হেভিওয়েট প্রার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলেছে। দলীয় সূত্রে খবর, এই তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে প্রথম তালিকায় একটি পরিবর্তনও আনা হয়েছে। হাওড়ার শ্যামপুর কেন্দ্রে নতুন করে প্রার্থী করা হয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee)। এই পরিবর্তন থেকেই বোঝা যাচ্ছে, বিজেপি প্রতিটি আসনে জয়ের সম্ভাবনা বিচার করে কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে।
এই তালিকার অন্যতম আকর্ষণ সোনারপুর দক্ষিণ কেন্দ্র। এখানে বিজেপির প্রার্থী হিসেবে রূপা গঙ্গোপাধ্যায়লে (Rupa Ganguly) দেখা যাবে, রুপা গঙ্গোপাধ্যায় লড়বেন লাভলি মৈত্র-এর (Lovely Maitra) বিরুদ্ধে। রাজনৈতিক মহলের মতে, ‘এটি হতে চলেছে অন্যতম হাই-প্রোফাইল লড়াই, যেখানে দুই শক্তিশালী মুখের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।’ উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া কেন্দ্রেও জমে উঠেছে লড়াই। বিজেপির প্রার্থী হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh), তিনি লড়বেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya)-এর বিরুদ্ধে। এই কেন্দ্রের লড়াইকে ‘যুব বনাম অভিজ্ঞতা’র সংঘর্ষ বলেই ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রেও চমকপ্রদ প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এখানে প্রার্থী করা হয়েছে আইনজীবী কৌস্তভ বাগচীকে (Kaustav Bagchi)। তাঁর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন টলিউড পরিচালক তথা তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। এই লড়াই ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তবে এখনও কিছু রহস্য বজায় রেখেছে বিজেপি। পানিহাটি কেন্দ্রের প্রার্থীর নাম দ্বিতীয় তালিকাতেও ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, ‘আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুন কাণ্ডে নিহত চিকিৎসকের মাকে প্রার্থী করা হতে পারে।’ যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে এই সম্ভাবনা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
উত্তরবঙ্গেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) মাথাভাঙা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, টালিগঞ্জে বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী (Papia Adhikari), তিনি লড়বেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) -এর বিরুদ্ধে। এই কেন্দ্রেও কড়া লড়াইয়ের ইঙ্গিত মিলছে। কলকাতার যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শর্বরী মুখোপাধ্যায়কে (Sharbari Mukherjee)। এখানে তৃণমূলের বিদায়ী বিধায়ক দেবব্রত মজুমদার (Debabrata Majumdar) -এর পাশাপাশি সিপিএমের হয়ে লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। ফলে এই কেন্দ্রটি ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী হতে চলেছে।
এন্টালি কেন্দ্রে বিজেপির মুখ প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। বিধাননগরে প্রার্থী হয়েছেন চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় (Shardindu Mukherjee), তিনি মুখোমুখি হবেন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) -এর। রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari) প্রার্থী করেছে বিজেপি, তাঁর প্রতিদ্বন্দ্বী অদিতি মুন্সি (Aditi Munshi)। এছাড়াও কলকাতার একাধিক কেন্দ্রে নজরকাড়া প্রার্থী দিয়েছে বিজেপি। বেহালা পশ্চিমে দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ (Indranil Khan) লড়বেন রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) -এর বিরুদ্ধে। বেহালা পূর্বে সুনীল মহারাজ (Sunil Maharaj) প্রার্থী হয়েছেন। কাশীপুর বেলগাছিয়ায় রিতেশ তিওয়ারি (Ritesh Tiwari)-র প্রতিদ্বন্দ্বী অতীন ঘোষ (Atin Ghosh)। মানিকতলায় বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্য সহ-সভাপতি তাপস রায় (Tapas Roy)। তাঁকে লড়তে হবে প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে (Shreya Pandey) -এর বিরুদ্ধে। অন্যদিকে, বালিগঞ্জ কেন্দ্রে বিজেপির জাতীয় পরিষদ সদস্য শতরূপা (Shatarupa) মুখোমুখি হবেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay) -এর। উল্লেখ্য যে, দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট যে বিজেপি এ বার কোনও ঝুঁকি নিতে চাইছে না। অভিজ্ঞ রাজনীতিক, তারকা মুখ এবং তরুণ প্রার্থীদের মিশ্রণে দল একটি ব্যালান্সড তালিকা তৈরি করেছে। এখনও ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা বাকি, যা আগামী দিনে রাজনৈতিক সমীকরণ আরও বদলে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘এই তালিকা শুধু প্রার্থী ঘোষণা নয়, বরং একটি স্পষ্ট বার্তা, বিজেপি এ বার বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে লড়াইয়ে নেমেছে।’ এখন দেখার, এই কৌশল ভোটের বাক্সে কতটা সফল হয়।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : West Bengal gas pipeline delay, Samik Bhattacharya Statement | ক্লিন এনার্জির পথে একমাত্র বাধা কী পশ্চিমবঙ্গ? গ্যাস পাইপলাইন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি বিজেপির




