Bihar Budget 2026-27, Nitish Kumar Government | ‘জ্ঞান-বিজ্ঞান-আকাঙ্ক্ষা’ -এর রূপরেখায় ৩.৪৭ লক্ষ কোটি টাকার বাজেট বিহারে, ‘বিকশিত বিহার’-এর পথে বড় ঘোষণা নীতীশ সরকারের

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ পাটনা: ‘ন্যায়ের সঙ্গে উন্নয়ন’ -এর নীতিকে সামনে রেখে বিহারের নীতীশ কুমার (Nitish Kumar) সরকার মঙ্গলবার রাজ্য বিধানসভায় ৩.৪৭ লক্ষ কোটি টাকার বিশাল বাজেট পেশ করল। রাজ্যের অর্থমন্ত্রী বিজেন্দ্র প্রসাদ যাদব (Bijendra Prasad Yadav) বাজেট পেশ করার সময় স্পষ্ট ভাষায় জানান, চলতি আর্থিক বছরে সরকারের মূল লক্ষ্য ‘জ্ঞান, বিজ্ঞান ও আকাঙ্ক্ষা’। তাঁর কথায়, এই তিন স্তম্ভকে ভিত্তি করেই ‘বিকশিত বিহার’-এর রূপরেখা তৈরি করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ‘দূরদর্শী নেতৃত্ব’ -এর প্রশংসা করেন। তিনি বলেন, ‘বিকশিত বিহার’ গড়ার ক্ষেত্রে এই দুই নেতৃত্বের ভূমিকা অনস্বীকার্য। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্যের সমন্বিত প্রয়াসেই বিহার ধীরে ধীরে উন্নয়নের নতুন পথে এগোচ্ছে।

আরও পড়ুন : Mann Ki Baat, Narendra Modi | পরিবেশ, ভোটাধিকার ও ভারতীয় সংস্কৃতি : বছরের প্রথম ‘মন কী বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুমুখী বার্তা

চলতি অর্থবর্ষে বিহারের বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগের অর্থবর্ষ ২০২৫-২৬ সালে যেখানে বাজেটের পরিমাণ ছিল ৩.১৭ লক্ষ কোটি টাকা, সেখানে ২০২৬-২৭ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৪৭ লক্ষ কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, রাজ্য সরকার আশা করছে এই অর্থবর্ষে কর থেকে আয় প্রায় ৬৫,৮০০ কোটি টাকায় পৌঁছবে। এই রাজস্ব বৃদ্ধির উপর ভর করেই সামাজিক কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে আরও বেশি অর্থ ব্যয় করা সম্ভব হবে বলে সরকারের দাবি। বাজেটে সামাজিক ন্যায়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ‘ন্যায়ের সঙ্গে উন্নয়ন’ নীতিকে সামনে রেখে সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলির জন্য বরাদ্দ করা হয়েছে ৭,৭২৪ কোটি টাকা। অর্থমন্ত্রীর কথায়, এই অর্থ সমাজের প্রান্তিক মানুষ, দরিদ্র, মহিলা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ব্যয় করা হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা- এই তিন ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিজেন্দ্র প্রসাদ যাদব তাঁর বক্তৃতায় বলেন, ‘এই বাজেট তৈরি করা হয়েছে ইমান, জ্ঞান, বিজ্ঞান, আকাঙ্ক্ষা এবং সম্মানের ওপর জোর দিয়ে।’ তাঁর দাবি, মানুষের বিশ্বাস অর্জন, জ্ঞানভিত্তিক সমাজ গঠন, বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার এবং নাগরিকদের আত্মসম্মান বজায় রাখাই এই বাজেটের মূল উদ্দেশ্য।

বাজেট বক্তৃতায় বিশেষভাবে উল্লেখ করা হয় বহুল আলোচিত মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা (Mukhyamantri Mahila Rozgar Yojana) -এর কথা। গত বছরের নভেম্বর মাসে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করা হয়েছিল, যা শাসক এনডিএ-র (NDA) পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে রাজনৈতিক মহলের একাংশের মত। অর্থমন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় ১.৫৬ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০,০০০ টাকা করে পাঠানো হয়েছে। এখানেই থেমে থাকছে না রাজ্য সরকার। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ‘যেসব মহিলা এই অর্থ ব্যবহার করে ব্যবসা শুরু করেছেন বা স্বনির্ভর হওয়ার পথে এগিয়েছেন, তাঁদের জন্য খুব শিগগিরই অতিরিক্ত ২ লক্ষ টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’ সরকারের দাবি, এই সিদ্ধান্ত মহিলাদের আর্থিক ক্ষমতায়নকে আরও শক্তিশালী করবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে। অন্যদিকে, বাজেট পেশের পর শাসক শিবিরের তরফে দাবি করা হয়েছে, এই আর্থিক পরিকল্পনা শুধু সংখ্যার হিসাব নয়, এই বাজেট বিহারের দীর্ঘস্থায়ী উন্নয়নের একটি রোডম্যাপ। শিক্ষা ক্ষেত্রে স্কুল ও কলেজ পরিকাঠামো উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন বিনিয়োগ এবং যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা বলা হয়েছে বাজেটে। পাশাপাশি, কৃষি ও গ্রামীণ উন্নয়নেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে।

রাজনৈতিক সমালোচকদের মতে, আসন্ন দিনগুলিতে বিহারের অর্থনৈতিক ও সামাজিক চিত্র বদলাতে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে মহিলাদের জন্য ঘোষিত প্রকল্পগুলি এবং সামাজিক কল্যাণে বাড়তি বরাদ্দ শাসকদলের জনসমর্থন আরও মজবুত করতে পারে। তবে বিরোধীদের একাংশ ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, ঘোষণাগুলি বাস্তবে কতটা কার্যকর হবে তা সময়ই বলবে। এই বাজেট অধিবেশনে সরকার পক্ষের বক্তব্য, কেন্দ্রের সহযোগিতায় বিহার শিল্প ও পরিকাঠামো উন্নয়নে নতুন বিনিয়োগ আকর্ষণ করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই রাজ্যে ‘বিকশিত বিহার’-এর স্বপ্ন বাস্তবায়িত করা হবে বলে দাবি করা হয়েছে।
তবে রাজনৈতিক কূটনৈতিকদের মতে, ৩.৪৭ লক্ষ কোটি টাকার এই বাজেট বিহারের আর্থিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ‘জ্ঞান-বিজ্ঞান-আকাঙ্ক্ষা’ -এর পথে হাঁটার এই ঘোষণা বাস্তবে কতটা সফল হয়, সেটাই এখন দেখার।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Tejashwi Yadav injury, Rohini Acharya post | হুইলচেয়ারে বিধানসভায় তেজস্বী, দিদি রোহিণীর ইঙ্গিতপূর্ণ পোস্টে নতুন করে তীব্র হল যাদব পরিবারে দূরত্বের রাজনীতি

Sasraya News
Author: Sasraya News